ক্যাটস অ্যান্ড ডগস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়া, কাইন্ডলি আমার ছাতাটা একটু ধরবেন? রিকশা থেকে নেমেই আমার উদ্দেশে এমন অনুরোধ করে বসল অচেনা এক সুন্দরী মেয়ে। ব্যাংকের কাজ সেরে সেই কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি টিএসসিতে। বৃষ্টি থামার নাম নেই। একেবারে ক্যাটস অ্যান্ড ডগস পর্যায়ের বৃষ্টি। ক্লাসে যেতে না পেরে, এমনিতেই মেজাজ হয়ে আছে তিরিক্ষি। তার মধ্যে যদি আসে ছাতা নিয়ে গন্তব্যে যাওয়ার বদলে ধরে রাখার রিকোয়েস্ট; তখন কার না মেজাজ খারাপ হয় বলুন? আমার বিরক্তিটা বুঝতে না দিয়ে বললাম, ওহ! শিওর। ভেজা ছাতাখানা আমার হাতে দিয়ে তিনি আপন মনে ধীরে-সুস্থে রিকশা ভাড়া চুকালেন। যেন আমি তার কত দিনের চেনা! ছাতা ধরে রাখাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। কাজ শেষে আমার দিকে তাকিয়ে বিনয়ের সঙ্গে বললেন—ধন্যবাদ ভাইয়া। —না ঠিক আছে। আমি তার আচরণে যতটা না খুশি হয়েছি তার চেয়ে বেশি আনন্দিত হয়েছি এতক্ষণ পরে একটি রিকশা পেয়ে। এই কলাভবন যাবেন? রিকশাচালকের ঝটপট উত্তর, না। আমি নিমেষেই চুপসে গেলাম।ধ্যাৎ রবিঠাকুরের কথা না শোনায় আজ এ দশায় পড়তে হলো। তিনি তো আগেই বলেছেন, ‘ওগো তোরা আজ যাসনে ঘরের বাহিরে’। বেশ কিছু সময় পর আবারও সে আমার পাশে। ছাতা ফুটিয়ে রওনা দেবে, ঠিক এ সময় তার চোখ পড়ল আমার চোখে। দুজনে চোখাচখি। চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার কানে বেজে উঠল—ভাইয়া আপনি এখনো যাননি? আমি তার দিকে ঘুরে দেখি, কথাটা আমাকেই বলেছেন।—কীভাবে যাই বলুন? ছাতা নিয়ে বের হতে ভুলে গেছি। আর এমনি দুর্ভাগ্য যে একটা রিকশাও পাচ্ছি না। —তা বৃষ্টির যা অবস্থা, শিগগিরই থামবে বলে মনে হচ্ছে না। কোথায় যাবেন আপনি?—কলাভবন।—আমিও তো সেখানেই যাব। চলুন একসঙ্গে যাই।—না থাক, বলার জন্য ধন্যবাদ। আপনি চলে যান, আমি আরেকটু দেখি। কয়েকবার না করেও কাজ হলো না। নাছোড়বান্দা আমাকে নিয়েই রওনা হলেন। একটি ছাতা দুটি মানুষ। আমি যথাসম্ভব চেষ্টা করছি ছাতার বাইরে বাইরে থাকতে, পাছে তিনি ভিজে যান কি না। মুহূর্তের মধ্যে প্রাকৃতিক বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে নামল কথার বৃষ্টি। কলাভবন যেতে যেতে দুজনে দুজনার জ্ঞাতিগোষ্ঠীর খোঁজখবর নিয়ে ফেললাম। হাসতে হাসতে আমাকে বলছে, ছোটবেলা এমন বৃষ্টিকে আমরা কি বলতাম জানেন? কী বলতে। ক্যাটস অ্যান্ড ডগ না বলে বলতাম কুত্তা বিলাই বৃষ্টি! হা.হা..হা...।যখন পৌঁছলাম দেখি দুজনেই মোটামুটি ভেজা। তাহলে ছাতার ভূমিকাটা কী ছিল খোদা জানে।ও আমার থেকে দুই বছরের জুনিয়র। তবে কথা শুনে মনে হয়েছে আমিই ওর জুুনিয়র। তার কথার মধ্যে একটা জাদুকরী শক্তি আছে, যা আমার মধ্যে ক্রিয়া করেছে অতিমাত্রায়। হয়তো সে আমার বেলায় মাত্রাটা বাড়িয়ে দিয়েছে অথবা আমি দুর্বল শ্রেণীর শ্রোতা, যার পক্ষে এমন কথার তীব্রতা সহ্য করা অসম্ভব। আমি লাজ-শরমের মাথা খেয়ে ওর মুুঠোফোন নম্বরটা চেয়ে বসলাম। ভেবেছিলাম, ও হয়তো এত অল্প সময়ের পরিচয়ে নম্বরটা দিতে চাইবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে নম্বরটা দিয়ে দিল। রাতেই ফোন করলাম। কথা হলো দীর্ঘ সময়। যতই কথা বলি, ততই মনে হয় ও যেন এক বিস্ময় বালিকা। দিন যায়। ওর প্রতি আমার দুর্বলতা যায় বেড়ে। বিকেলে গিয়ে ওর হলের সামনে দাঁড়িয়ে থাকি। ক্লাসের ফাঁকে একটু দেখার জন্য মিনতি করি। এভাবে আমাদের মধ্যে কেমন কেমন একটা সম্পর্ক দাঁড়িয়ে যায়। কেমন কেমন এ জন্য যে ও না আমার বন্ধু, না অন্য কিছু। আবার ওসব থেকে কম কিছুও নয়। ওর কিছু কিছু কথা আমার অসম্ভব ভালো লাগত। ও স্বপ্ন দেখত, একসময় আমাদের দেশ সম্পূর্ণ বদলে যাবে। আমাকে একবার বলল, আকিব ভাইয়া, আমাদের গ্রামের মেয়েদের নিয়ে একটা সংগঠন করব। আমাদের কাজ হবে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ করা। আচ্ছা আমরা তো জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপরও কাজ করতে পারি, তাই না? আমি বললাম, হ্যাঁ পারো। তার আগে দেখো তোমার স্বামী কেমন হয়। ও বেচারা হয়তো বলবে, আমি মিনিমাম সাতটা বাচ্চার বাপ না হয়ে ছাড়ছি না। তখন? আমার কথা শুনে ও একগাল হেসে দিল।ঈদের ছুটি হয়ে গেছে। আমরা বাড়িতে চলে গেলাম। ওকে আমিই বাস স্টপেজ পর্যন্ত পৌঁছে দিয়েছি। ছুটি শেষে আবার প্রিয় ক্যাম্পাসে ফিরে আসা। কী সমস্যা জানি না, ঈদের কয়েক দিন পর থেকে ও আমার ফোন ধরছে না। অভিমান আর রাগে আমি আগুন হয়ে আছি। মনে মনে কল্পনা করছি, ও এলে কীভাবে শাসন করব, আমার মনের কথাটা কেমনে বলব ইত্যাদি। ভালো যখন বেসেছি, আর দেরি করে লাভ কী? ভার্সিটি খোলার পনের দিন পরে হলে ফিরে আমাকে ফোন দিয়ে দেখা করল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আকিব ভাইয়া, আমার বিয়ে হয়ে গেছে। আমার কোনো কথা বলা হলো না। শাসন করা, ভালোবাসার কথা সবই থেকে গেল আমার ভেতরে। শুধু ভাবলাম, আমার বুকের ভেতরে একটা ক্যাটস অ্যান্ড ডগ বৃষ্টি দরকার। যে বৃষ্টি মনের সব দুঃখ-কষ্ট ভাসিয়ে নিয়ে যাবে দূর সমুদ্রে।জাহাঙ্গীর আলম স্যার এ এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।