ক্যাটালিনা আইল্যান্ডে...
ক্যাটালিনা আইল্যান্ডে যেতে ডিঙাতে হয় কৃত্রিম এক জলাধার। জাহাজের আদলে তৈরি বিশাল দরজা পেরোলেই অভ্যর্থনা কক্ষ। ৮ এপ্রিল গুলশান ১-এর ৭ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িতে এই রেস্তোরাঁর উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে সাহিত্যিক সৈয়দ শামসুল হক বলেন, ‘পৃথিবীর বহু দেশ ঘুরেছি। এই রেস্তোরাঁটির পরিবেশ সত্যিই বিশ্বমানের।’ রেস্তোরাঁর ভেতরেই বিশাল জায়গাজুড়ে আছে কিডস জোন। শুক্রবার দিনটিকে কিডস ডে হিসেবে রেখেছে কর্তৃপক্ষ। এদিন শিশুদের জন্য খাবার ও বিনোদনে থাকছে বিশেষ ব্যবস্থা।‘যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কিছুটা দূরেই আছে ভারি সুন্দর একটি দ্বীপ। নাম ক্যাটালিনা আইল্যান্ড। রসনা বিলাসেও তারা বিখ্যাত। সেখানকার রেস্তোরাঁগুলো ঘুরে দেখেছি। স্বল্প পরিসরে সে রকমই একটা পরিবেশ তৈরির চেষ্টা করেছি আমরা।’ বলছিলেন ক্যাটালিনা আইল্যান্ডের স্বত্বাধিকারীদের একজন নিমা রহমান। রেস্তোরাঁটির অনেকগুলো বিশেষত্বের একটা হলো খেতে আসা যে কেউ নিজেই তাঁর পছন্দের মাছটি জলাধার থেকে জীবন্ত তুলে এনে খাওয়ার জন্য ফরমায়েশ দিতে পারেন। এখানে সকালের খাবারে থাকছে তেহারি, পরোটা, ডাল, ভাজি, ডিম ও সুজির সঙ্গে থাকছে স্যান্ডউইচ টোস্ট, জ্যাম-জেলি, চা, কফিসহ আরও অনেক কিছু। দুপুরের খাবারে সামুদ্রিক খাবার। এর মধ্যে লবস্টার, কিংপ্রন, ক্র্যাব, স্কুইড ছাড়াও থাকছে আরও বেশকিছু আয়োজন। আছে বারবি কিউ। উপমহাদেশীয় খাবারেরও আছে বিশাল আয়োজন। নিরামিষভোজীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। সালাদ বারে পাবেন সব ধরনের সালাদ। আইসক্রিম পারলারে আছে মজাদার ফ্লেভারের সব আইসক্রিম। খাওয়া শেষে ডাবও মিলবে গ্রিন কোকোনাট কর্নারে। রেস্তোরাঁটির আরেকজন স্বত্বাধিকারী তুহিন বড়ুয়া বলেন, ‘আমরা খুব কাছের কয়েকজন মানুষ মিলে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছি। সর্বোচ্চ চেষ্টা করেছি রেস্টুরেন্টটিতে আলাদা মাত্রা দিতে।’ এখানে চাইলে কেউ পার্টি দিতে পারবেন। রেস্তোরাঁটি চালু থাকছে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত। সিদ্ধার্থ মজুমদার