ক্যাডেট কলেজ রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্টস শিক্ষক জামান স্যার হঠাৎ ঘোষণা দিলেন, পরবর্তী পরীক্ষায় আর্ট অ্যান্ড ক্রাফটসের সিলেবাস জলরঙে গ্রামের দৃশ্য আঁকা। গ্রামের দৃশ্য মানে মেঠোপথ, মাথার ওপর নীল আকাশ, ধানখেত, মাঠে গরু ঘাস খাচ্ছে। মনে রাখবে, যে যত বেশি উপাদান দিতে পারবে, তত বেশি নম্বর।আমার মুখ শুকিয়ে গেল। আর্ট আমি একদমই পারি না। ঘর আঁকতে গেলে স্কেল দিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ আর সামান্তরিক এঁকে জোড়া লাগিয়ে দিই। সেখানে গরু আঁকা অসম্ভব। আমার রুমমেট এহসান ভালো ছবি আঁকে। এহসানকে ব্যাপারটা জানাতেই ও বলল, ‘শোন, আমি শক্ত কাগজে গরু এঁকে দেব। তুই কাঁচি দিয়ে কেটে পরীক্ষার হলে নিয়ে যাবি। খাতার ওপর রেখে পেনসিল দিয়ে ঘোরালেই গরু হয়ে যাবে।’ এহসানের আইডিয়াটা পচ্ছন্দ হলো।পরীক্ষার হলে খাতার ওপর কাগজে কাটা শক্ত গরু রেখে মনের আনন্দে শেপ দিচ্ছি। এর মধ্যে পরীক্ষার ইনভিজিলেটর দত্ত স্যার দেখে ফেললেন। আমি মাফটাফ চেয়ে সে যাত্রায় বেঁচে গেলাম। গরুর বাকি অংশ নিজের মনের মতো করে আঁকলাম। রং করলাম।খাতা দেওয়ার সময় জামান স্যার বললেন, ‘তোমাদের মধ্যে কেউ একজন গ্রামের মাঠে উট এঁকেছ, উট এল কোথা থেকে...’দশম শ্রেণীর কথা। টেস্ট পরীক্ষা চলছে। জীববিজ্ঞান পরীক্ষা। প্রশ্ন এসেছে ব্যাঙের পৌষ্টিকতন্ত্র আঁকো। আমার মাথায় হাত। অলটারনেট প্রশ্ন মানুষের হূৎপিণ্ডের ক্রসসেকশন আঁকো। দুটোর একটাও আমি পারি না। অবশেষে ব্যাঙের পৌষ্টিকতন্ত্র আঁকায় হাত দিলাম। এবং এঁকে ফেললাম। খাতা দেওয়ার পর দেখি বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন। নিচে লেখা, মিট মি... আমি ভয়ে ভয়ে স্যারের কাছে গেলাম। তিনি বললেন, ‘এটা কী এঁকেছ, বুঝিয়ে দাও।’আমি বললাম, স্যার, ব্যাঙের পৌষ্টিকতন্ত্র। স্যার তখন রেগে বললেন, ‘ব্যাঙ যদি জানত তার ভেতরে এত কুচ্ছিত একটা প্রাণী বাস করে, তবে নিজেই ভয় পেত। যাও, ভাগো...’আর্ট নিয়ে সবচেয়ে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হয় ইতিহাসের শিক্ষক হেদায়েতুন নবী স্যারের কাছে। স্যার বিখ্যাত আর্টিস্ট রফিকুন নবীর ছোট ভাই। পরীক্ষায় প্রশ্ন এসেছে, তিতুমীরের বিদ্রোহ সম্পর্কে লিখো। যা জানি মোটামুটি তা লিখলাম। কিন্তু আর কিছু লেখার পাচ্ছিলাম না। স্যারের দৃষ্টিআকর্ষণের জন্য তিতুমীরের একটা ছবি আঁকলাম। তিতুমীরের মোচটা কাকতালীয়ভাবে স্যারের মোচের সঙ্গে মিলে গেল। খাতা দেওয়ার পর স্যার হুংকার ছেড়ে বলেছিলেন, ‘এত বড় সাহস, আমাকে টিজ...’ যদিও পরে কিছু বলেননি। শুধু বলেছিলেন, ‘এটা যে তিতুমীরের ছবি, নিচে লিখে না দিলে বুঝতামই না। আমি তো ভাবলাম কার্টুন এঁকেছ...’দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইতে সার্লিজ মেথডের একটা চিত্র আছে। একবার ওই ছবি পরীক্ষায় আঁকার পর ফিজিক্সের মফিজ স্যার বলেছিলেন, ‘এটা কী বাবা, দেশলাই বক্স, না গরুর গাড়ি...’আর একবার ছবিতে রং করছি। সবুজ তুলি এবং নীল তুলি পাশাপাশি। আকাশের রং করতে গিয়ে ভুলে সবুজ তুলি ব্যবহার করে ফেলেছি। স্যার এসে বললেন, ‘আগে জানতাম আকাশের রং নীল, এখন তো দেখি, ডিজিটাল যুগের ছেলেমেয়েদের আকাশ সবুজও হয়। হা হা।’