ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান


: প্যারেড গ্রাউন্ডে যা ইচ্ছা তা-ই করবে? প্যারেড গ্রাউন্ড ইচ্ছা পূরণের জায়গা নাকি? তোমার কাজকর্ম দেখে ইচ্ছা করছে, ঘাড় ধরে পেটাতে পেটাতে গ্রাউন্ড থেকে বের করে দিই তোমাকে।
: স্যার, আপনি না মাত্রই বললেন, প্যারেড গ্রাউন্ডটা ইচ্ছা পূরণের জায়গা না!

সিলেট ক্যাডেট কলেজের গণিত শিক্ষক ক্যাডেটদের ফাঁকিবাজিতে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। ক্লাসে অনেককে ফাঁকি দিতে দেখে একদিন বললেন, ‘আমার কাছে ফাঁকি দিয়ে পার পাবে না, তোমাদের বয়সে আমি তোমাদের কারও চেয়ে কম ফাঁকি দিইনি।’ পেছন থেকে এক ক্যাডেট নিজের মাথাটা একটু আড়াল করে প্রায় ফিসফিসিয়ে জবাব দিল, ‘স্যার, কেবল আগে না, এখনো আপনিই এই ক্লাসের সবচেয়ে বড় ফাঁকিবাজ। আমরা সবাই যখন অঙ্ক করি, তখন আপনিই কেবল টেবিলে হাত রেখে বসে থাকেন!’

আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান


ক্যাডেট কলেজ থেকে একবার আমরা পিকনিকে গেলাম মাধবকুণ্ডে। সবার পরনে খাকি পোশাক। একই রকম পোশাক পরা একদল কিশোর একসঙ্গে হেঁটে বেড়াচ্ছি। ঝরনা দেখতে আসা অনেকেই ঝরনার চেয়ে আমাদের দিকেই বেশি সময় ধরে তাকিয়ে ছিল। ঠিক পাশ দিয়ে যেতে যেতে আমাদের কাছাকাছি বয়সের একটি ছেলেকে তার বাবা বলছিল, ‘ওদের দেখো, তোমাকেও আগামী বছর থেকে ওদের মতো হতে হবে কিন্তু।’ ছেলেটি চটপট জবাব দিল, ‘কিন্তু বাবা, আমি কীভাবে ওদের মতো হব? ওরা তো কপি পেস্ট করে করে বানানো!’

আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান


ক্যাডেটদের কাছে অনেক কিছুই রাখা নিষেধ। কারও কাছে তেমন কিছু পেলেই সেগুলো জব্দ করে কলেজের অ্যাডজুট্যান্টের কাছে গিয়ে বিচার দিয়ে বসতেন আমাদের এক হাউস টিউটর। বলতেন, ‘ক্যাডেটদের ডিসিপ্লিনের অবস্থাটা দেখেছেন! কোথা থেকে এই জিনিস জোগাড় করার সাহস পেল? টাকাই বা পেল কোথায়?’ একদিন বিকেলে আমাদের এক বন্ধু শাকিলের হাতে ছোট্ট একটা কৌটা দেখে স্যার তার দিকে ছুটে গেলেন প্রায়। যে করেই হোক, তাকে ধরতে হবে। শাকিলও জিনিসটা যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করতে লাগল। ব্যস, আর যায় কোথায়? কৌটাটা প্রায় ছোঁ মেরে হস্তগত করে হাঁটা দিলেন হাউস টিউটর স্যার। শাকিল তাঁকে খুব বোঝানোর চেষ্টা করল। কিন্তু স্যার তাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে কৌটাটা নিয়ে সোজা অ্যাডজুট্যান্টের রুমে চলে গেলেন।
আমরা ভয়ে ভয়ে শাকিলের কাছে গেলাম, ‘কৌটাটায় কী ছিল দোস্ত?’ সে বলল, ‘আর বলিস না। কিছুদিন ধরে পেটটা খুব খারাপ যাচ্ছে। ডাক্তার আমাকে ওই কৌটায় করে ইউরিন টেস্টের জন্য স্যাম্পল নিয়ে যেতে বলেছিলেন! সেটা নিয়েই হাসপাতালে যাচ্ছিলাম!’