ক্যাডেট রস

আমাদের হাউস মাস্টার একদিন সানিকে ডেকে পাঠালেন৷ বললেন, ‘সানি, তুমি আবার দুপুরের পড়ার টাইমে ফাঁকি দিয়ে টেবিল টেনিস খেলতে গিয়েছিলে?’ সানি বলল, ‘না, স্যার। বিশ্বাস করেন, আমি সত্যি বলছি, আমি প্রেপ টাইম ফাঁকি দিয়ে টেবিল টেনিস খেলতে যাইনি।’ স্যার বললেন, ‘উঁহু, আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বস্ত সূত্রেই খবর পেয়েছি। এ জন্য তোমাকে শাস্তি পেতেই হবে।’ সানি পকেট থেকে ক্রিকেট বল বের করে বলল, ‘আমি সত্যিই টেবিল টেনিস খেলতে যাইনি, স্যার। এই দেখুন প্রমাণ হিসেবে আমার পকেটে ক্রিকেট বলও আছে!’
একদিন এক স্যার ক্লাসরুমে এসেই চোখ কুঁচকে ফ্লোরের দিকে তাকালেন। সেই স্যার একটু বেশিই শুচিবায়ুগ্রস্ত ছিলেন; ময়লা দেখলেই রেগে যেতেন। বললেন, ‘ক্যাডেটস, বলো তো আমরা কীভাবে আমাদের ক্লাসরুমটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি?
জায়েদ দাঁড়িয়ে বলল, ‘স্যার, আমরা যদি ক্লাস না করে নিজেদের রুমে শুয়ে থাকি, তাহলেই পরিষ্কার থাকবে!’
সাতসকালে পিটি প্যারেডের জন্য ঘুম থেকে উঠতে উঠতে সাব্বির বলল, ‘আমার যদি পুনর্জন্ম হয়, তাহলে ক্যাডেট কলেজের গার্ড হয়ে জন্মাতেও আপত্তি নেই, তবুও ক্যাডেট হয়ে জন্মাতে চাইব না।’ শাহরিয়ার চোখ কচলাতে কচলাতে বলল, ‘আর আমি যদি ফিরে আসি, তাহলে তোশক হিসেবে জন্মাতে চাইব।’ সাব্বির জুতার ফিতা বাঁধতে বাঁধতে বলল, ‘তোশক? কেন?’ শাহরিয়ার বলল, ‘হ্যাঁ রে দোস্ত! তাহলে গোটা ক্যাডেটজীবন বিছানায় শুয়ে কাটিয়ে দিতে পারব!’

ক্যাডেট কলেজ থেকে এইচএসসি প্রথম বর্ষের ছাত্রদের সাত দিনের এক শিক্ষাসফরে নিয়ে যাওয়া হয়। আমাদের সময় আমরা চট্টগ্রাম-রাঙামটি-কক্সবাজার গিয়েছিলাম। সঙ্গে ছিলেন দুই স্যার। যাওয়ার পথে কেউ কোনো উল্টাপাল্টা কিছু করলেই এক স্যার চিৎকার করে বলছিলেন, ‘কেউ বিশৃঙ্খলা করলে তাকে আমাদের সঙ্গে রাখব না। এক্ষুনি ক্যাডেট কলেজে ফেরত পাঠিয়ে দেব।’ একবার এক পেট্রলপাম্পে তেল নেওয়ার জন্য গাড়ি থামতেই তিনি চিৎকার করে উঠলেন, ‘কেউ জরুরি দরকার ছাড়া গাড়ি থেকে নামলে তাকে আমাদের সঙ্গে রাখব না৷ এক্ষুনি ক্যাডেট কলেজে ফেরত পাঠিয়ে দেব৷’ তাঁর অমন হুমকি চলছিলই। দুদিন পরের এক সকালে আমরা কক্সবাজারে সমুদ্রের পানিতে নেমে লাফালাফি করছিলাম৷ হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, ‘কেউ পানিতে ডুবে গেলে তাকে আমাদের সঙ্গে রাখব না৷ এক্ষুনি কলেজে ফেরত পাঠিয়ে দেব৷’
হঠাৎ ভূমিকম্প হয়েছে ভেবে দোতলা থেকে লাফ দিল ক্যাডেট আবীর। দূর থেকে হাউস টিউটর স্যার সেটা দেখে তাকে ডেকে পাঠালেন, ‘এই ছেলে, তুমি এ রকম ইনডিসিপ্লিন কাজ করলে কেন? জানো, এ জন্য আমি তোমার মা–বাবাকে ডেকে জরিমানা করতে পারি?’ আবীর বলল, ‘জানি স্যার। কিন্তু আমি ইচ্ছে করে এ কাজ করিনি। ভূমিকম্প হয়েছে ভেবে এটা করেছি। ভূমিকম্পে বিল্ডিংটা যদি ভেঙে পড়ত!’ স্যার বললেন, ‘তাতে তোমার কী? বিল্ডিংটা তো আর তোমার না, এটা সরকারি সম্পত্তি!’
কার্টুন ও কমিকস কোর্স
২২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে উন্মাদ ম্যাগাজিন ও ঢাকা কমিকসের যৌথ উদ্যোগে কার্টুন ও কমিকস আঁকাআঁকির কর্মশালা। আগ্রহীরা ফোন করুন ০১৮৫৯০৯৮৭৭৭ নম্বরে।