ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

ক্যাডেট কলেজ তোমার কেমন লাগে?
যখন বন্ধ থাকে, তখন খুব ভালো লাগে, আঙ্কেল!
ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পরপরই প্রতিটি নবীন ক্যাডেটের সঙ্গে একজন করে সিনিয়র ক্যাডেটকে গাইড হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়। গাইডদের কাজ হলো, তার ফলোয়ারকে ক্যাডেট কলেজের সব নিয়ম এবং জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। প্রথম কিছুদিন ফলোয়ার কোনো ভুল করলে সবাই তার গাইডকেই দায়ী করে। ফলোয়ার ভালো করলে প্রশংসাও জোটে গাইডেরই। একদিন হাউস মাস্টার স্যার আমাকে এবং আমার গাইডকে ডেকে পাঠালেন। পাশে বসা অন্য হাউস টিউটরদের বললেন, এই ছেলেটা তার গাইডের সব গুণই পাচ্ছে! বুঝতে পারলাম, আমার গাইডের বুকটা গর্বে ফুলে উঠল। গাইড জিজ্ঞেস করলেন, ‘কোন গুণটার কথা বলছেন স্যার?’ স্যার বললেন, ‘ওই তো, সে–ও তোমার মতোই অপদার্থ হচ্ছে!’

আঁকা: শিখা
আঁকা: শিখা

ছুটির দিনে আমাদের রুমে পাঁচ বন্ধু জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। কখন যে সেটা চিৎকার–চেঁচামেচির পর্যায়ে চলে গিয়েছিল, টের পাইনি। হঠাৎ ডিউটি ক্যাডেট এসে বলল, ‘ভাইয়া, আপনাদের পাঁচজনকে হাউস মাস্টার স্যার অফিসের সামনে গিয়ে দাঁড়াতে বলেছেন।’ আমরা গিয়ে দরজার বাঁ পাশে সারি বেঁধে দাঁড়ালাম। আজ কপালে শনি আছে সেটা আর বলে দিতে হবে না! কারণ, প্রথমজন ঢুকতেই স্যার তাকে গুনে গুনে দুই হাতে চারটা বেতের বাড়ি দিলেন। আসাদ নামের বন্ধুটিকে স্যার চারটা মারার পর আরও চারটা বেশি মারলেন! আসাদ কাঁদো কাঁদো গলায় বলল, ‘স্যার, আমাকে বেশি মারলেন!’ স্যারের জবাব, ‘তোমাকেও চারটাই মারতাম, কিন্তু তোমার চিৎকার শুনে বাইরে যে ছিল, সে দৌড়ে পালিয়ে গেছে, এখন ওকে খোঁজার সময় নাই। মিটিংয়ে যেতে হবে। তাই তোমাকে ওরগুলোও মেরে দিলাম!’
ক্যাডেট কলেজের দুই শিক্ষক কথা বলছিলেন—
: পৃথিবীটা কী দুর্দান্ত গতিতেই না এগিয়ে চলছে! মাত্র কয়েক ঘণ্টায় এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায়! রকেট চলে যাচ্ছে মহাশূন্যে, সময়কে জয় করে, ই–মেইল চলে যাচ্ছে হাজার হাজার মাইল দূরের প্রাপকের কাছে কয়েক সেকেন্ডেই...!
: অথচ দেখুন, ক্যাডেটরা সেই ত্রিশ বছর আগের ক্যাডেটদের মতোই আছে! হাউস থেকে প্রস্তুত হয়ে প্যারেড গ্রাউন্ডে যেতে এখনো এরা ১০ মিনিট সময়ই নিচ্ছে!

এক ম্যাডাম ক্লাস সেভেনের ক্যাডেটদের ট্যালেন্ট শোয়ের নাটক বিভাগটা দেখছিলেন। অনুশীলনের সময় তাঁর নির্দেশনা, ‘আরও প্রাণ ঢেলে অভিনয় করো। মৃত্যুর দৃশ্যটিকে জীবন্ত করে তোলো।’

সিলেট ক্যাডেট কলেজে আমাদের সময়ে ইতিহাস পড়াতেন যে স্যার, তিনি একদিন ক্লাসে জিজ্ঞেস করলেন, ‘বল তো, পানিপথের যুদ্ধ কেন হয়েছিল?’ শাকিল দাঁড়িয়ে বলল, ‘তখনকার স্থলপথ মনে হয় যুদ্ধ করার উপযুক্ত ছিল না, স্যার!’