ক্যাডেট রস

ক্যাডেট কলেজের সবচেয়ে বড় শাস্তি হলো কলেজ আউট হয়ে যাওয়া! আমার বন্ধু রকিবকে যখনি বলতাম, ‘দোস্ত, আজ প্রিন্সিপালের বাসার ডাব চুরি করে খাব।’ তখনই সে সতর্ক করে দিত, ‘ধরা পড়লে কলেজ আউট হয়ে যাবি কিন্তু!’ আবার যেদিন বলতাম, ‘আজ একটু কলেজের বাইরে পালিয়ে বেড়াব।’ রকিব তখনো ভয় ধরিয়ে দিত, ‘ধরা পড়লে কলেজ আউট হয়ে যাবি, দোস্ত!’ আমি একদিন রেগেমেগে বললাম, ‘তুই সব সময় এত ভয় দেখাস ক্যান, আর কোনো দিন আজাইরা ভয় দেখালে খুন করে ফেলব!’ ও তখনো বলল, ‘দোস্ত, ধরা পড়লে কলেজ আউট হয়ে যাবি কিন্তু!’
ক্যাডেট কলেজে সুজনের প্রথম দিন। হাউস অধিনায়ক নিজের এলাকার ছেলে হিসেবে সেদিনই তাকে রুমে ডেকে পাঠালেন।
হাউস অধিনায়ক: আমি একটি ব্যাপারে খুবই গুরুত্ব দিই, তা হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। তুমি নিশ্চয়ই আমার রুমে ঢোকার আগে পাপোশে জুতা মুছে ঢুকেছ?
সুজন: অবশ্যই, ভাইয়া।
হাউস অধিনায়ক: আর হ্যাঁ, আমি আরেকটি ব্যাপারে আরও বেশি কড়া, তা হলো সততা। দরজার বাইরে কোনো পাপোশ নেই। ইডিয়ট!
আমাদের হাউসে নতুন হাউস মাস্টার এলেন। খুবই নাকি কড়া, কাউকে একবিন্দু ছাড় দেন না। আসার প্রথম সপ্তাহেই একদিন খেপে গেলেন তিনি। রেগেমেগে অফিস রুম থেকে বেরিয়েই এক ছেলেকে পাকড়াও করলেন। বারান্দায় ওই ছেলেকে দেখে চিৎকার করে বললেন, ‘এই ছেলে, তুমি দুপুরে ঘুমের সময় খালি গায়ে রুমের বাইরে ঘুরছ কেন? যাও, রুমে গিয়ে ঘুমাও!’
সে আমতা আমতা করতে লাগল, ‘স্যার...’
: না, কোনো কথা নয়! যাও, এক্ষুনি গিয়ে ঘুমাও!
স্যারের চিৎকার শুনে আশপাশের দু–একজন ক্যাডেট রুম থেকে বেরিয়ে এল। ছেলেটি ভয়ে ভয়ে স্টোর রুমে ঢোকার পর স্যার বললেন, ‘এই সময়ে কক্ষনো কোনো ক্যাডেট রুমের বাইরে ঘুরঘুর করবে না! যা হোক, ওই ছেলেটা কোন ব্যাচের ক্যাডেট?’
ক্যাডেটদের একজন বলল, ‘স্যার, ও আমাদের এখানে রঙের কাজ করতে এসেছিল!’