ক্যাডেট রস

প্রথম দিন প্যারেড গ্রাউন্ড থেকে ফেরার পর এক গ্রুপের ক্যাডেট জামান আরেক গ্রুপের ক্যাডেট জায়েদকে জিজ্ঞেস করল, ‘আজ প্যারেড ট্রেনিংয়ে গিয়ে কী শিখলি?’
জায়েদ গলার স্বর নামিয়ে বলল, ‘শিখলাম, কীভাবে ঠোঁট না নাড়িয়ে পাশের জনের সঙ্গে গল্প করতে হয়।’
আমাদের ক্যাডেট কলেজে নতুন এক অ্যাডজুট্যান্ট জয়েন করলেন। আমাদের কাছে কেমন আচরণ আশা করেন, সেটা স্পষ্ট করে জানাতে আমাদের সঙ্গে কথা বলতে চাইলেন তিনি। সবাইকে ডেকে পাঠালেন অডিটোরিয়ামে। বললেন, ‘আমি যা বলি, সহজ করে বলি। তোমাদের তা অক্ষরে অক্ষরে মানতে হবে। আমি জানি, তোমরা মনে করছ, আমি যা বলছি, তোমরা সেটা বুঝতে পারছ। কিন্তু আমি ঠিক নিশ্চিত নই, আমি যা বলছি, তা যে তোমরা বুঝতে পারছ না, সেটা তোমরা আদৌ বোঝো কি না!’

কলেজ অ্যাডজুট্যান্ট বললেন, ‘তোমার কি এখনো প্যারেডে নেতৃত্ব দিতে দ্বিধা হয়?’
ক্যাডেট জাফরের গলা কাঁপতে শুরু করল, ‘জি স্যার... না স্যার… কই, না তো স্যার!
: তোমার প্যারেড অনেক ইমপ্রুভ করেছে, মাত্র সাতটা ভুল ছিল।
: ধন্যবাদ, স্যার।
: প্রথম রাউন্ডের কথা বললাম, এবার যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে।
কলেজের ক্যাপ্টেনদের বলা হয় প্রিফেক্ট। একদিন কলেজ প্রিফেক্ট হেঁটে যাচ্ছিলেন, সে সময় এক জুনিয়র ক্যাডেট ঠিক সেই পথ ধরেই যাচ্ছিল। কলেজ প্রিফেক্ট তাকে থামালেন, ‘অ্যাই, তুমি কলেজ প্রিফেক্ট নাকি?’
: জি না, ভাইয়া।
: তাহলে এমন নির্বোধের মতো হেঁটে যাচ্ছ কেন?