ক্যাডেট রস

‘এই কাউসার, এই চিঠিটা আমার রুমমেটকে দিয়ে আসো তো।’ বললেন রুবেল ভাই।
গেলাম রুবেল ভাইয়ের রুমমেট বিশাল রাগী ক্যাডেট হাসান ভাইয়ার কাছে। বললাম, ‘ভাই, চিঠি।’ হাসান ভাইয়ের ঘুম ভেঙে গেল। রেগে–মেগে জিজ্ঞেস করলেন, ‘কোন ছাগলের চিঠি?’
: ভাই, আপনার।
: কোন গাধা লিখেছে?
: ভাই, আপনার বাবা!
একদিন দুপুরে হাউস মাস্টার রাখাল স্যার কয়েকজন ক্যাডেটকে কমন রুমে পেয়ে পুরোনো গল্প বলে হাসানোর চেষ্টা করছিলেন। গল্প হাসির না হলেও স্যার বলছেন বলে সবাই হো হো করে হাসছিল। শুধু হাসছিলেন না ক্যাডেট রিপন ভাই। স্যার বললেন, ‘কী ব্যাপার রিপন, তুমি হাসছ না কেন? মন খারাপ?’ রিপন ভাই আস্তে করে বললেন, ‘আমার অত হাসাহাসি না করলেও চলবে। এইচএসসি শেষ, কালই আমরা কলেজ ছেড়ে দিচ্ছি।’

ক্যাডেট কলেজে নতুন নৈশপ্রহরী নিয়োগে মৌখিক পরীক্ষা চলছে। অ্যাডজুট্যান্ট স্যার বললেন, ‘ক্যাডেট কলেজে বাইরের চোরের উপদ্রব নেই, বরং কলেজে যেসব ক্যাডেট আছে, তাদেরকে কন্ট্রোল করাই কঠিন! এদের অনেকেই রাতে কলেজ পালাতে চায়। ভেবে দেখো, তুমি তাদের কন্ট্রোল করতে পারবে তো?’ চাকরিপ্রার্থী ভদ্রলোক জবাব দিলেন, ‘পারব না মানে, অবশ্যই পারব, বেশি তেড়িবেড়ি করলে ঘাড় ধরে বের করে দেব।’
প্যারেড গ্রাউন্ডে ১০ মিনিট দেরি করে এসেছে দেখে ক্যাডেট সাব্বিরকে ডাক দিলেন সার্জেন্ট। বললেন, ‘তোমার এখানে আরও ১০ মিনিট আগে আসা উচিত ছিল।’ সাব্বির চোখ কচলাতে কচলাতে বলল, ‘কেন, স্টাফ? ১০ মিনিট আগে কিছু হয়েছিল নাকি?’