ক্যাডেট রস

আর কিছুক্ষণ পরই ছেড়ে দেবে পিকনিকগামী বাস। এক ক্যাডেট তখনো বাসে ওঠেনি। অ্যাডজুট্যান্টের নির্দেশে তাকে ফেলেই বাস ছেড়ে দিল। অলস ক্যাডেট দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে এক স্টাফকে জিজ্ঞেস করল, ‘পিকনিকের বাসটিতে কোথা থেকে উঠব, স্টাফ?’
স্টাফ বললেন, ‘তুমি কত জোরে দৌড়াতে পারবে সেটার ওপর নির্ভর করছে। বাস ছেড়েছে পাঁচ মিনিট হয়।’
তুমি নাকি তোমার জুনিয়র ক্যাডেটের দিকে ঘড়ি ছুড়ে মেরেছ?
: ওর গায়ে লাগেনি তো, স্যার!
: ও, আচ্ছা। ঘড়িটা হয়তো স্লো চলে, তাই না? ফাস্ট চললে কী হতো বুঝতে পারছ?

রুমে চিৎকার–চেঁচামেচি হচ্ছে। সিনিয়রের কানে যেতেই ওই রুমে গিয়ে জুনিয়রকে ধমক দিয়ে বললেন, ‘কী ব্যাপার, তোমার রুমে এত চিল্লাচিল্লি হচ্ছে, তোমার কোনো দায়িত্ব নেই?’
জুনিয়রের জবাব, ‘কে বলল নেই? এই যে আমার দুই কানে তুলা গুঁজে রেখেছি।’
আমি প্রায়ই ছুটির পর ক্যাডেট কলেজে যাওয়ার সময় কিছু না কিছু বাসায় ফেলেই স্টেশনে চলে যেতাম। সেবার আমার বাবা আমাকে স্টেশনে নিয়ে এলেন ট্রেন আসার প্রায় দুই ঘণ্টা আগে। দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বাবাকে বললাম, ‘কী দরকার ছিল এত আগে আসার?’
বাবা বললেন, ‘কী কী জিনিস বাসায় ফেলে এসেছ, সেটা মনে পড়লে আনার জন্য হাতে পর্যাপ্ত টাইম রাখলাম।’ সেবার ট্রেনে ওঠার সময় মনে পড়ল, টিকিটটা বাসায় ফেলে এসেছি।
ডাইনিংয়ের দায়িত্বে তখন হাসান স্যার। তিনি ঘুরে ঘুরে ক্যাডেটদের কাছে রান্না কেমন হয়েছে, খাবার কম পড়েছে কি না জানতে চাইলেন। সেদিন ডিনারে দিয়েছিল পাঙাশ মাছ। স্যার ঘুরতে ঘুরতে চলে গেলেন মাঝের দিকের একটা টেবিলে। টেবিল লিডার শামীম ভাইকে জিজ্ঞেস করলেন, ‘খাবার কেমন হয়েছে?’ শামীম ভাই বললেন, ‘স্যার, মাছে অনেক গন্ধ!’ উত্তর শুনে স্যার কাছে গিয়ে বললেন, ‘এটা দেশি না, বিদেশি পাঙাশ। অনেক দূর থেকে আসে।’