ক্যাডেট রস

* প্যারেডে ফাঁকি দেওয়ার জন্য এক ক্যাডেট অসুস্থতার ভান করল, ‘স্যার, আমি সবকিছু তিনটা দেখতে পাচ্ছি! আমি যে প্যারেডের সারিতে দাঁড়ালাম, সেটাও তিনটা করে দেখছি!’
ক্যাপ্টেন বলল, ‘সমস্যা নেই। তিনটা সারির মধ্যে তুমি শুধু মাঝখানের সারিটা ফলো করে পা ফেলবে।’
পরক্ষণে প্যারেড শুরু হতেই সেই ক্যাডেট ভুল সারিতে প্যারেড শুরু করল। ক্যাপ্টেন খেপে গিয়ে বলল, ‘কী ব্যাপার? তুমি মাঝখানের সারিতে পা ফেলোনি?’
ফাঁকিবাজ ক্যাডেটের জবাব, ‘চেষ্টা করেছি। কিন্তু কোন পা যে ফেলব, বুঝতে পারছিলাম না। পা-ও তো তিনটা করে দেখছি!’
* তিতুমীর হাউসের হাউস টিউটর জামান স্যার ক্রিকেট তেমন একটা বোঝেন না। স্যার সেদিন হালকা অসুস্থ ছিলেন। তবু তাঁর হাউসের খেলা বলে মাঠের দিকেই যাচ্ছিলেন। সঙ্গে জুনিয়র এক শিক্ষক। মাঠে পৌঁছাতে পারেননি তখনো, হঠাৎ মাইকে আওয়াজ ভেসে এল, ‘সাজঘরে চলে গেলেন তিতুমীর হাউসের ব্যাটসম্যান রকি।’
স্যার বলে উঠলেন, ‘গাধাটা সাজতে যাওয়ার আর সময় পেল না!’

* মাঝে মাঝে মনে হতো ক্যাডেট কলেজের নাপিতেরা মনে হয় চুল কাটার একটা স্টাইলই জানেন—বাটিছাঁট। সে যা-ই হোক, একদিন নাপিতের কাছে গিয়ে হাতে ৫০ টাকা ঘুষ ধরিয়ে দিল সদ্য সিনিয়র হওয়া ক্যাডেট বেলাল। বলল, ‘ভাই, আমার চুলটা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে দিন তো।’
নাপিত চুল কাটতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল বেলাল। হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখল, চুলের অবস্থা যাচ্ছেতাই। প্রায় কিছুই নেই মাথায়! রেগেমেগে বেলাল চেঁচিয়ে উঠল, ‘আরে! আমি না বললাম রোনালদোর স্টাইল করে দিতে। আপনি এটা কী করেছেন!’
নাপিত বললেন, ‘ভাই, ওই রোনালদো তো আর আমাদের এখানে চুল কাটায় না। কাটাইলে তার চুলের স্টাইলও এমনই হইত!’
* কলেজ স্টাফ সার্জেন্ট আতিউর দুষ্টু প্রকৃতির ক্যাডেট জহিরকে বললেন, ‘তোর চেহারাটা যখনই দেখি, তখনই ভীষণ মেজাজ খারাপ হয়!’
জহির বলল, ‘স্টাফ, সবাই বলে আমার চেহারার সঙ্গে নাকি আপনার চেহারার অনেক মিল। সে ক্ষেত্রে এমনটা হওয়ারই কথা!’
* কলেজের প্রথম দিন গাইড ক্যাডেট আমাকে অনেক কিছু শেখাচ্ছিলেন, চেনাচ্ছিলেন। একসময় বললেন, ‘এই যে, এই রাস্তাটা দেখছ, এটা গেছে ডাইনিংয়ের দিকে।’
আমি মনে মনে বললাম, ‘তাই নাকি, রাস্তার কি খিদা লাগছে যে সে ডাইনিংয়ে গেছে?’
গাইড ক্যাডেট আবার বললেন, ‘আর এ রাস্তাটা গেছে হাসপাতালের দিকে।’
আমি এবার মনে মনে বললাম, ‘আহা রে, রাস্তাটার মনে হয় অসুখ হইছে! নইলে সে হাসপাতালের দিকে যাবে কেন?’
গাইড আবার বললেন, ‘আর এ রাস্তাটা গেছে মাঠের দিকে।’
আমি ভাবলাম, ‘এই দুপুরে মাঠে গেছে? খেলার সময় খেলতে পারে না?’
গাইড হঠাৎ ধমকে উঠলেন, ‘অ্যাই, আমার কথা মন দিয়ে শুনছ না কেন তুমি! যাহোক, আর ওই রাস্তাটা গেছে কলেজ থেকে বের হওয়ার গেটের দিকে।’
আমি বললাম, ‘রাস্তাটাকে কি কেউ ধমকেছে?’