ক্যাডেট রস

১.
: তোমাদের আরও বেশি সুশৃঙ্খল হতে হবে। কারণ, শৃঙ্খলাই উন্নতির চাবি।
: আর উন্নতির তালাটা কী, স্যার?
: হুমম, উন্নতির তালা...তালা...তালা...ক্যাডেটদের এত প্রশ্ন করা উচিত নয়। তাদের সব কিছু জানা উচিত।
: কীভাবে সব কিছু জানব, স্যার?
: প্রশ্ন করে।
২.
: সব সময় এমনভাবে জুতা পলিশ করবে, যেন ওতে নিজের চেহারা দেখা যায়। এই রুমন, তোমার জুতায় চেহারা দেখা যাচ্ছে না কেন?
: কারণ, আমার রুমে আয়না আছে, আমি ওতেই নিজের চেহারা দেখতে পারি।
৩.
: ছুটিতে বাড়ি গিয়ে ভুলে যেয়ো না যে তোমরা ক্যাডেট। বাড়িতে গিয়েও কিন্তু কলেজের মতোই আচরণ করবে।
: তাহলে কি কলেজে এসে বাড়ির মতো আচরণ করব?
: অসম্ভব, এক জায়গায় এসে আরেক জায়গার মতো আচরণ করবে কেন?
৪.
: মনে রেখো ক্যাডেটরা, কখনো সহজে উত্তেজিত হবে না। রেগে গেলে তো, হেরে গেলে!
: স্যার, একটা প্রশ্ন ছিল...
: এই ছেলে, তোমার সমস্যা কী? কথার মাঝখানে কথা বলো কেন? ঘাড় ধরে প্যারেড গ্রাউন্ড থেকে বের করে দেব। স্টাফ, ওকে ১০০ বার বুক ডন দেয়ান।
৫.
: আজ তোমাদের হাউস চ্যাম্পিয়ন হয়েছে, তোমরা অনেক মজা করবে। তবে মনে রেখো, চিৎকার করা যাবে না, হই-হুল্লোড় করা যাবে না। লাফালাফি, নাচানাচি বা দৌড়াদৌড়ি করা যাবে না। পানি বা রং ছোড়াছুড়ি করা যাবে না। যাও, নিজ নিজ রুমে যাও, আর মজা করো। আমি যেন কোনো আওয়াজ না পাই।
: জি, স্যার।
৬.
: এই ক্যাডেট, ঠিকমতো দৌড়াচ্ছ না কেন?
: স্টাফ, আমার জ্বর।
: জ্বর তো কী হয়েছে? এ রকম জ্বর নিয়ে আমি ১০ মাইল দৌড়েছি।
: সঙ্গে প্রচণ্ড পা ব্যথা।
: পা ব্যথা তো কী হয়েছে? এ রকম পা ব্যথা নিয়ে আমি সারা দিন পাহাড়ে উঠেছি।
: স্টাফ, ব্যথায় মরে যাচ্ছি।
: মরে যাচ্ছ তো কী হয়েছে? এ রকম মরে যাওয়ার পর আমি কত কত বন-জঙ্গল পাড়ি দিয়েছি। দৌড়াও, দৌড়াও।