ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

জহির স্যার সদ্যই মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ট্রান্সফার হয়ে আমাদের ক্যাডেট কলেজে এসেছেন। প্রথম ক্লাসে সংক্ষেপে পরিচয়পর্ব শেষ করে স্যার বোর্ডের দিকে তাকিয়ে ক্লাস নেওয়া শুরু করলেন। প্রায় ২০ মিনিট পর হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, ‘এই, তোমরা চিল্লাচিল্লি বন্ধ করবা? আর এক মিনিট এভাবে চিল্লাচিল্লি করলে আমি কালা হয়ে যাব।’ ক্লাস ক্যাপ্টেন তানিম চোখ মুছতে মুছতে জবাব দিল, ‘স্যার, আমরা তো ১৫ মিনিট আগেই চুপ হয়ে গেছি।’ স্যার উল্টো ঘুরে দেখেন, সবাই ডেস্কে মাথা রেখে ঘুমাচ্ছে। হতভম্ব স্যার সেদিনই ডাক্তার দেখালেন। কে জানে, হয়তো তাঁরই কোনো মানসিক রোগ তৈরি হয়েছে। ছেলেরা ঘুমাচ্ছে, অথচ তাঁর কান কিনা শুনল তারা সারাক্ষণ চিল্লাচিল্লি করছে! তাঁর চিকিৎসা দরকার। এর অনেক দিন পর আমি আর তানিম মিলে প্ল্যান করলাম, চল, একদিন গিয়ে স্যারকে গিয়ে বলি, স্যার, আপনার আসলে কোনো সমস্যা ছিল না। এই প্ল্যানটি অবশ্য সেদিনেরটার মতো এখনো বাস্তবায়ন হয়ে ওঠেনি। সরি স্যার।

আঁকা: শিখা
আঁকা: শিখা

আমাদের ক্যাডেট কলেজে তখন ভয়াবহ টাইপের কড়া একজন মেজর অ্যাডজুট্যান্ট হিসেবে জয়েন করেছেন। তখন পান থেকে চুনের পানি ড্রপ করলেই ক্যাডেটদের পিঠের মানচিত্র বদলে যেতে শুরু করত! ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেল যে তাঁর রুমে কোনো ক্যাডেট ডাক পেলেই তাঁর রুমমেটরা তেলটেল নিয়ে অপেক্ষা করত; পিঠে তেল মালিশ করলে কিছুটা তো আরাম হবে। এই গল্পটা সেই তৈলযুগের। এক শরতের রৌদ্রোজ্জ্বল বিকেলে রেজার ডাক পড়ল অ্যাডজুট্যান্ট স্যারের অফিস রুমে। বেচারার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। তার কাছের বন্ধু সায়ীদ বিদায় জানাতে এল। রেজা করুণভাবে জিজ্ঞেস করল, ‘দোস্ত, অ্যাডজুট্যান্টের অফিস থেকে কেউ কি মার না খেয়ে ফিরে এসেছিল?’ ‘হ্যাঁ দোস্ত।’ রেজা খানিকটা আশ্বস্ত হলো, ‘কে দোস্ত?’ সায়ীদ মিন মিন করে বলল, ‘অ্যাডজুট্যান্ট স্যার নিজেই।’

আঁকা: শিখা
আঁকা: শিখা

ওই সময়ের আরেকটা গল্প, আমি আমার হাউসের পক্ষ থেকে আন্তহাউস ১০০ মিটার স্প্রিন্টে নির্বাচিত হয়ে অংশ নিয়ে পর পর দুবার ছয়জনের মধ্যে ৬ নম্বর হলাম। আমার হাউসের ক্রীড়া অধিনায়ক হাসান ভাই আমাকে ডেকে বললেন, ‘তুমি কবে আরেকটু দ্রুত দৌড়াতে পারবা?’ আমি চুপ করে আছি দেখে তাঁর পাশে দাঁড়ানো সহ-অধিনায়ক জামান ভাই বললেন, ‘যেদিন ওর পেছনে বেত হাতে অ্যাডজুট্যান্ট স্যার দৌড়াবেন।’

আঁকা: শিখা
আঁকা: শিখা

আন্তহাউস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো, হাউস মাস্টার জয়নাল স্যার শুরুর দিকে ছুটিতে ছিলেন। এসেই ক্রিকেট টিমকে তাঁর অফিসে ডেকে পাঠালেন। ‘তো কী অবস্থা তোমাদের?’ কৌশিক বলল, ‘খুব ভালো অবস্থা স্যার। এখন পর্যন্ত আমরা কোনো ম্যাচ হারিনি, এমনকি ড্রও করিনি।’ ‘বাহ্! কনগ্র্যাচুলেশন। তা কয়টা ম্যাচ হলো?’ ‘স্যার, কালকেরটা খেললেই একটা হবে।’