ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাডেট রস
ক্যাডেট রস

আমাদের এক স্যার ক্যাডেটদের কোথাও দাঁড়িয়ে থাকতে দেখলেই রেগে যেতেন। তাঁর মতে, ক্যাডেটদের অবশ্যই সব সময় কিছু না কিছু করা উচিত! তিনি একদিন দেখলেন, একদল ক্যাডেট মাঠে ফুটবল খেলছে। শুধু একজন মাঠের এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তিনি রেগেমেগে তার দিকে গিয়ে বললেন, ‘কী হলো? তুমি একা দাঁড়িয়ে আছ কেন? যাও, ওদের সঙ্গে খেলো।’ ও বলল, ‘স্যার, আমার বোধ হয় এখানে দাঁড়িয়ে থাকাটাই ভালো।’ স্যার জানতে চাইলেন, ‘কেন?’
‘কারণ, আমি গোলরক্ষক।’

ক্যাডেট রস
ক্যাডেট রস

ক্যাডেট কলেজের এক টার্ম পরীক্ষার হলে এক স্যার খুব কড়া গার্ড দিচ্ছেন। পুরো হলে হাঁটাহাঁটি করছেন, যেন ছাত্ররা দেখাদেখি করতে না পারে। জাহিদ ও আদনানের এতে খুবই সমস্যা হচ্ছিল। কী করা যায়, কী করা যায় ভাবতে ভাবতে জাহিদের মাথায় একটা আইডিয়া এল। সে স্যারকে ডেকে ফিসফিস করে কিছু একটা বলল। স্যার সেটা শুনেই সোজা সিটে গিয়ে বসে পড়লেন। আর উঠলেনই না! পরীক্ষা শেষে আমরা জাহিদকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলাম, ‘স্যারকে তুই কী বলেছিলি?’
‘তেমন কিছু না, জাস্ট বললাম, স্যার, আপনার প্যান্টের পেছন দিকটা ফাটা!’

ক্যাডেট রস
ক্যাডেট রস

রেগেমেগে প্যারেডের মাঠ থেকে রুমে ফিরল আমার রুমমেট শাহরিয়ার। আমি বললাম, ‘কী হলো দোস্ত? আজ এত চটে আছিস কেন?’ শাহরিয়ার বলল, ‘আর বলিস না। প্রতিদিন প্যারেড গ্রাউন্ডে যে জুনিয়রের ওপর রাগ ঝাড়ি, সে আজ প্যারেডে আসেনি। মেজাজটাই খারাপ হয়ে আছে!’
আন্ত ক্যাডেট কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় দুই ক্যাডেট কলেজের দুই পুরোনো বন্ধুর দেখা। কলেজের ছাদে আড্ডা দিচ্ছে দুজনে। কথা হচ্ছে, কার জুনিয়ররা সিনিয়রদের কথা শুনে কতটা বেশি সাহসী, এই নিয়ে। প্রমাণ দেখানোর জন্য রংপুর ক্যাডেট কলেজের শাকির তার সঙ্গে আসা এক জুনিয়র ক্যাডেটকে বলল, ‘যাও তো, ওই ডাবগাছ থেকে একটা ডাব পেড়ে আনো!’ জুনিয়র ক্যাডেটটি সঙ্গে সঙ্গেই গিয়ে একটা ডাব পেড়ে আনল! তারপর শাকির গর্ব করে বলল, ‘দেখলি, কত সাহস?’ সিলেট ক্যাডেট কলেজের মুবিনও তার কলেজের এক জুনিয়রকে ডেকে বলল, ‘যাও তো, ওই ডাবগাছ থেকে একটা ডাব পেড়ে আনো!’ ছেলেটি গাছের দিকে তাকাল একবার, অদূরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা প্রহরীদের রুমের দিকে তাকাল একবার, তারপর বলল, ‘মাথা ঠিক আছে? পারলে নিজে যান!’ মুবিন বলল, ‘দেখলি, কত সাহস?’