
ক্যাডেটদের নিয়ে কলেজবাস বাইরে যাচ্ছে। সঙ্গে স্টাফ আছেন। হঠাৎ এক ক্যাডেট দাঁড়িয়ে বলন, ‘স্টাফ নামবে নামবে।’ স্টাফ বললেন, ‘কী হয়েছে, কে নামবে?’ জনৈক ক্যাডেট বলল, ‘স্টাফ, মেঘ করেছে, বৃষ্টি নামবে।’

ক্যাডেট লাইফের শুরুর দিকেই শাহরিয়ার খ্যাতি পেয়ে গিয়েছিল লেট লতিফ হিসেবে। কিন্তু হঠাৎ একদিন দেখি, সেই লেট লতিফই দৌড়ে যাচ্ছে ক্লাসরুমের দিকে। আমি তো অবাক! শাহরিয়ার প্যারেড, পিটি, খেলার মাঠ কিংবা ডাইনিং হলে লেটে গেলেও পড়ার বিষয়ে মনে হয় খুবই সিরিয়াস। সামনের দিকের সবচেয়ে ভালো সিটটাই দখল করতে চায় সে।
ক্লাসে ঢুকে দেখি শাহরিয়ারের মুখে বিশ্বজয়ের অকৃত্রিম এক হাসি। সে ক্লাসের সবচেয়ে পেছনের সারির কোনার দিকের সিটটা দখল করে ফেলেছে! আমার মনটাই খারাপ হয়ে গেল।
বরাবরের মতোই সেদিন ডাইনিং হল থেকে প্যারেড গ্রাউন্ডে যাওয়ার সময় স্টাফরা সব ক্যাডেটকে লাইন ধরে যেতে অর্ডার দিচ্ছিলেন। আমিও সবার সঙ্গেই লাইন ধরে হাঁটছিলাম আর কী একটা বিষয় নিয়ে যেন গভীরভাবে ভাবছিলাম।
হঠাৎ এক স্টাফ চিৎকার করে উঠলেন, কাউসার, তুমি লাইনে নেই কেন? হোয়াই?
কিছু ভাবার সময় না নিয়েই জবাব দিয়ে বসলাম, আমি তো লাইনেই ছিলাম, অন্যরা আমাকে রেখে বেলাইনে চলে গেলে আমি কী করতে পারি?