ক্যাডেট রস

প্যারেড অধিনায়ক জোর গলায় হাঁক দিলেন, ‘ক্যাডেট, সাবধান হবে, সাবধান।’ আমরা পা তুলে আবার মাটিতে ফেলে সশব্দে সাবধান পজিশনে দাঁড়ালাম। এ অবস্থায় কিছুতেই নড়াচড়া করার নিয়ম নেই। কেউ নড়লেচড়লেই শাস্তি দেওয়া হচ্ছে। হঠাৎ আড়চোখে চেয়ে দেখি, আমার পা বেয়ে একটা পিঁপড়া উঠে যাচ্ছে। অথচ আমি সরতেও সাহস পাচ্ছি না। অধিনায়কের নির্দেশ ভাঙার নিয়ম নেই!
পিঁপড়ার ভয়ে কাতর হয়ে তাই ভাবছি, এটা কেমনতর সাবধান হওয়া যে সামান্য একটা পিঁপড়ার হাত থেকেও সাবধান হওয়া গেল না।
কিছুক্ষণ পর অধিনায়ক যখন ঘোষণা দিলেন, ‘ক্যাডেট, আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও।’ তখন আবার পেছনে হাত নিয়ে পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হলো। রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকার নাম ‘আরামে দাঁড়ানো’ কেন, সেটা কিছুতেই বুঝলাম না। অধিনায়কের নির্দেশমতো আরামে দাঁড়াতে হলে তো আমার এক দৌড়ে পাশের গাছতলাটায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ার কথা। কিন্তু পারিনি!
ক্যাডেট কলেজের বিখ্যাত শাস্তিগুলোর একটি হলো, দ্রুত ডিগবাজি বা ফ্রন্ট রোল দেওয়া। কোনো ছোটখাটো অপরাধ করলেই সিনিয়ররা চিৎকার করে উঠতেন, ‘স্টার্ট ফ্রন্ট রোল...স্টার্ট...স্টার্ট...।’ আমি নিজেও এই শাস্তি অনেকবার পেয়েছি।
দ্রুত ডিগবাজি না খেলে কষ্ট কম হতো বলেই শাস্তিদাতা আবার চিৎকার করতেন, ‘স্টার্ট ফ্রন্ট রোল...ফাস্ট, ফাস্ট।’ আমি শুনতাম আর ভাবতাম, ‘ফ্রন্ট রোল’কে তাঁরা মনে হয় ‘চিকেন রোল’ কিংবা ‘বিফ রোলের’ মতোই আরেকটা ফাস্টফুড মনে করেন! তবে খুবই বিস্বাদ বলে নিজেরা না খেয়ে আমাদের দিয়ে দেন!
সেদিন কৃষিশিক্ষা ক্লাস নিচ্ছিলেন আমাদের জামাল স্যার। বলছিলেন, ‘...তাহলে তোমরা এতক্ষণ জানলে, কখন আম চাষ করতে হয়, কখন আমের কুঁড়ি গজায়, কখন আমে পোকা হয় আর কখন আম তার আকৃতি ধারণ করে।’
সবাই বলল, ‘জি স্যার।’
স্যার বললেন, ‘এবার তোমরা বলো, আম পাড়তে হয় কখন?’
সবাই একটু কনফিউজড হলেও সাব্বির অনায়াসে বলে দিল, ‘স্যার, যখন নাইটডিউটি মাস্টার আর গার্ডরা ঘুমিয়ে পড়ে, তার ঠিক ১০-১৫ মিনিট পর থেকে এক ঘণ্টার মধ্যে।’
একদিন শাহরিয়ার শেষ দিকে হলেও ঠিক সময়ে পিটির মাঠে দৌড়ে আসতে লাগল। ওই দিনের দায়িত্বরত স্টাফ তাকে অন্যান্য সময়ের তুলনায় তাড়াতাড়ি আসতে দেখে খুব খুশি হয়ে গেলেন, ‘বাহ্, শাহরিয়ারের ডিসিপ্লিনে তো বেশ উন্নতি হয়েছে। এটা কী করে সম্ভব হলো?’
শাহরিয়ার বলল, ‘স্টাফ, একটু দাঁড়ান। রুম থেকে পুরো ড্রেসআপটা সেরে এসে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। রুমমেটটা যে কী! ভুল করে আমার আলমারির চাবি নিয়ে চলে এসেছে।’