মেরিন ফিশারিজে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক
ক্যাডেটদের হাতেই মৎস্যসম্পদ রক্ষার ভার
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, বাংলাদেশ ইতিমধ্যে অতিরিক্ত সমুদ্রসীমা অর্জন করেছে। তাই বঙ্গোপসাগরের মূল্যবান মৎস্যসম্পদ আহরণ ও সংরক্ষণ, বাজারজাতকরণ, জীববৈচিত্র্য রক্ষা আর পরিবেশদূষণরোধে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে।
তিনি ১০ মার্চ বেলা ১১টায় চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ৩৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এর আগে প্যারেড পরিদর্শন শেষে মন্ত্রী নটিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ারিং ও মেরিন ফিশারিজের কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাবুন নাহার মাকসুদা, যুগ্ম সচিব আলী নূর, একাডেমির অধ্যক্ষ মাসুক হাসান আহমেদ, মেরিন নটিক্যাল বিভাগের প্রধান এস এম রায়হান রইফ, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সরজিৎ কুমার মল্ল ও মেরিন ফিশারিজ বিভাগের প্রধান মো. মাহবুব আলম।
মন্ত্রী বলেন, সমুদ্রগামী মৎস্য জাহাজের জন্য দক্ষ জনশক্তি গড়তে একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এটিকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্র ও সমুদ্রসম্পদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানরূপে গড়ে তুলতে সরকার ২০১১ সালে ৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করে। তা ছাড়া একাডেমির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য গত ৫ জানুয়ারি একনেক সভায় আরও ৫২ কোটি ২৪ লাখ টাকা অনুমোদন হয়েছে।