চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যানটিনের বর্ধিত ভাড়ার বোঝা চাপছে শিক্ষার্থীদের ওপর। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গত বছর থেকে দরপত্রের মাধ্যমে ক্যানটিন ইজারা দেওয়ায় আগের চেয়ে ভাড়া বেড়েছে চার গুণ। ক্যানটিনের ভাড়া বাড়ায় বেড়েছে খাবারের দাম। ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
চুয়েটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে তেমন কোনো খাবারের দোকান না থাকায় বেশির ভাগ শিক্ষার্থীকে তিনটি ক্যানটিনের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু ক্যানটিনের খাবারের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।
পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইনতিসার রহমান অভিযোগ করেন, ‘ক্যাম্পাসে ক্যানটিনের খাবারের দাম বাইরের হোটেল-রেস্তোরাঁর সমান, কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। ক্যানটিনের ভাড়া বাড়ায় এর মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।’
ক্যাম্পাসের তিনটি ক্যানটিনের পরিচালকেরা খাবারের চড়া দামের জন্য ক্যানটিনের অতিরিক্ত ভাড়াকেই দায়ী করছেন। ক্যানটিন দুইয়ের পরিচালক সাইফুল ইসলাম বলেন, আগে ক্যানটিনের ভাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করে দিত। কিন্তু গত বছর থেকে দরপত্র আহ্বানের মাধ্যমে ইজারা দেওয়া হচ্ছে। এতে যেসব আবেদনকারী সর্বোচ্চ ভাড়া দিতে সক্ষম, তাদেরই ইজারা দেওয়া হয়েছে। ফলে ক্যানটিনের ভাড়া আকস্মিকভাবে বেড়ে গেছে। আগে ক্যানটিনগুলোর মাসিক ভাড়া ছিল দুই থেকে তিন হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে আট থেকে ১২ হাজার টাকা। সঙ্গে রয়েছে গ্যাস ও বিদ্যুৎ খরচ। বর্ধিত ভাড়ার কারণে নিজেদের মুনাফার কথা ভেবে বাধ্য হয়েই খাবারের দাম বৃদ্ধি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সরেজমিনে দেখা গেছে, ক্যানটিন-১–এ ছোট আকারের শিঙাড়া চার টাকা, চা ছয় টাকা, ছোট আকারের পরোটা চার টাকা, ডিম ভাজি ১৫ টাকা, মুরগি ও গরু প্রতি প্লেট ৬০ টাকা, সবজি ১৫ টাকা ও ভাত প্রতি প্লেট ১০ টাকায় বিক্রি হচ্ছে।
শিক্ষার্থীদের মতে, ক্যানটিনের খাবারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাড় দেওয়া হয়। এখানে উল্টো বাইরের হোটেলের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে দাম বেশি রাখা হচ্ছে।
এ ব্যাপারে চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘যেহেতু উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে ক্যানটিন ইজারা দেওয়া হয়েছে, তাই ভাড়া আগের চেয়ে বেড়েছে। তবে বাইরের হোটেলের চেয়ে বিশ্ববিদ্যালয় ক্যানটিনে খাবারের দাম অবশ্যই কম হতে হবে। আমরা দ্রুত যাচাই করে পদক্ষেপ নেব।’