ক্যানভাসজুড়ে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানভাসজুড়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেপাপুতুল। মাটি থেকে দিগন্ত রেখার দিকে যাত্রা করেছে যেন। মনে হচ্ছে দেশ-কাল, মাটি ছেড়ে পুতুলগুলো হারিয়ে যাচ্ছে সুদূরে। এমন ছবি আঁকছিলেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক নাসিমা আক্তার। গতকাল ডেইলি স্টার আয়োজিত ‘ছবির হাট’ আর্টক্যাম্পের শেষ দিনে ক্যানভাসে তুলির শেষ আঁচড় বসাচ্ছিলেন তিনি। বললেন, ‘চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী পুতুল খেলেই বড় হয়েছি। কিন্তু এখন এগুলো হারিয়ে যাচ্ছে। এভাবেই বিলীন হতে চলেছে আমাদের ঐতিহ্য।’ডেইলি স্টার-এর অদম্য চট্টগ্রাম উৎসবকে সামনে রেখে হয়েছে দুদিনের এই আর্ট ক্যাম্প। উদ্দ্যেশ্য শিল্পীর তুলিতে চট্টগ্রামকে তুলে ধরা। উদ্দেশ্য সফলই হয়েছে বলা যায়। চারুকলার প্রাঙ্গণে ইজেলের সামনে বসে শিল্পীরা চট্টগ্রামের সংকট, সম্ভাবনা ও স্বপ্নের চালচিত্রই যেন নির্মাণ করলেন।চারুকলার গ্যালারির ফটকের সামনে ছবি আঁকছিলেন বেশ কয়েকজন শিল্পী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আহমেদ বললেন, ‘ইদানিং চট্টগ্রামেও দূষণ বাড়ছে। তাই ছবিতে যে ফিগার এঁকেছি তার মুখে গ্যাসমাস্ক বসিয়ে দিয়েছি।’ শিল্পী কানাই লাল মজুমদার—সাম্পান, মাটির পুতুলসহ চট্টগ্রামের বিভিন্ন লোকজ উপকরণ ব্যবহার করেছেন তাঁর ছবিতে। বললেন ‘আজ (বুধবার) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কাজ করব। যেভাবেই হোক আজই ছবি শেষ করতে হবে।’ শিল্পী তানজিলা টুশি নারীর চিরন্তন বঞ্চনাকে ছবির বিষয় হিসেবে বেছে নিয়েছেন। ক্যানভাসে বিশাল আকৃতির একটি ঠোঁটের ওপর নেমে আসা লিপস্টিকের ছবি আঁকছিলেন তিনি। বললেন, ‘ছোটবেলায় মেয়েদের লিপস্টিক ধরিয়ে দেওয়া হয়। মেয়েদের মেয়ে বানানোর উদ্দেশ্যেই এটা করা হয়।’সাদা ক্যানভাসের এক প্রান্তে ভাঁজপড়া কাপড় অন্য প্রান্তে গুচ্ছ গুচ্ছ বাঁকানো পলাশ ফুল। এমন ছবি আঁকছিলেন শিল্পী আরিফুজ্জামান। চট্টগ্রাম বন্দর দিয়ে নিজের চিন্তাকে রপ্তানি করতে চান শিল্পী রিপন সাহা। ক্যানভাসের একপ্রান্তে নীল জলরাশির ওপর ভাসছে কাগজের নৌকা। নিচে বস্তায় নিজের প্রতিকৃতি। রিপন বলেন, ‘আমার চোখে এটাই চট্টগ্রাম। বন্দর দিয়ে নিজের চিন্তাকে আমি রপ্তানি করার কথা ভাবছি।’ উল্লেখ্য, গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুদিনের আর্ট ক্যাম্পে চট্টগ্রামের প্রায় ৬০ জন শিল্পী অংশ নেন।