ক্যানভাসে তারুণ্যের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যুট-টাই পরিহিত দুটি ফিগার মুখোমুখি বসে আছে। একটি স্থূলকায়, অন্যটি ছোটখাটো। দুজনেরই মুখের জায়গায় দুটি চতুষ্কোণ ক্ষেত্র। বড়জন ছোটজনের মাথায় ফানেলের মাধ্যমে ঢালছেন নীল তরল। তাঁদের পাশেই তির-ধনুক হাতে গ্রিক প্রেমের দেবতা ‘শিশু কিউপিড’ বাতাসে ভাসমান।পেছনের আধখোলা দরজার ওপাশে দাঁড়ানো একজন নারী। তরুণ শিল্পী জিহান করিম এভাবেই করপোরেট জগতের ভেতরকার চেহারা তুলে ধরেছেন ক্যানভাসে। জিহান করিমের মতোই তাঁর সতীর্থরা ক্যানভাসে সমাজের অসংগতি ও ব্যক্তির ভেতরকার দ্বন্দ্ব তুলে ধরেছেন, শিল্পরসে জারিত করেছেন দর্শকদের।৫ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের শিল্পকর্ম নিয়ে শুরু হওয়া ‘চিত্ররথ’ শিরোনামে প্রদর্শনী নানা দিক থেকেই ব্যতিক্রম। প্রদর্শনীতে অংশ নেওয়া ২২ জন তরুণ শিল্পীর ৬৬টি কাজে নিজস্ব শিল্প-ভাবনার প্রতিফলন দেখা গেছে।প্রতিষ্ঠিত শিল্পীদের অনুকরণের পথে হাঁটেননি তরুণ শিল্পীরা। সমকালীন শিল্পভাবনায় উদ্বুদ্ধ হয়েই কাজ করেছেন তাঁরা। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম, ভাস্কর্য, টেরাকোটায় তার স্বাক্ষর ছিল। সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা থেকে শুরু করে করপোরেট জগৎ, নারীর একান্ত অনুভূতি, যন্ত্রণা ও নিসর্গকে বিষয় করে কাজ করেছেন তাঁরা। শিল্পী শর্মিলা সরকারের ট্যাপেস্ট্রির মাধ্যমে আঁকা ‘সেভ দ্য বিউটি’ নজর কেড়েছে দর্শকের। ভালো লেগেছে শিল্পী মেহেরুন আক্তার ও ফারহ্া নাজের শিল্পকর্ম। আজ এই প্রদর্শনীর শেষ দিন। চলবে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত।প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জসীম উদ্দীন, শিল্পী জাহেদ আলী চৌধুরী, নাসিমা আক্তার প্রমুখ।