ক্যানভাসে বহমান সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানভাসে ধরা হয়েছে বহমান সময়ের ভাষা, বিচিত্র রূপে। আপন মনে গড়ে তোলা স্বপ্নপুরির শৈল্পিক রূপ মন কেড়ে নেয়। ২৬-৩০ নভেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারিতে হয়ে গেল দলীয় চিত্রপ্রদর্শনী ‘সময়ের প্রতিফলন’। ব্যতিক্রমধর্মী উপাদান কাগজের বাক্স ও টোঙা চিত্রে শিল্পীরা ধরতে চেয়েছেন সময়ের সুর। প্রদর্শনীতে ওসমান পাশা, মোহাম্মদ আরিফ, সুনীল কুমার, সুদীপ্ত মল্লিক ও উত্তম কুমার তালুকদারের ৩০টি ছবি স্থান পায়। শিল্পী ওসমান পাশা মোড়কে মুদ্রিত বিষয়গুলো অবিচ্ছেদ্য রেখে নতুন ব্যঞ্জনা তৈরি করেছেন চিত্রে। সুনীল কুমার ছোট-বড় আকার দিয়ে গড়ে তুলেছেন কখনো মানুষের অবয়ব, কখনো তৈজসপত্র। ছবির মাধ্যম হিসেবে মোড়কের ব্যবহার প্রসঙ্গে সুনীল কুমার বলেন, ‘সাধারণ কাগজের বাক্সে ছবি আঁকা এই প্রথম। সময়স্বল্পতা ও কম খরচের জন্য ভিন্ন মাধ্যমটি বেছে নিয়েছি।’জমিনের পুরোটাজুড়ে সরু ও ভারী রেখা ব্যবহার করে মোহাম্মদ আরিফ একধরনের কাঠামো তৈরি করেছেন, উলম্ব ও দিগন্ত রেখা, সীমিত রঙের ব্যবহার তাঁর ছবিকে ভিন্ন মাত্রা দিয়েছে। এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘শিল্পের ব্যাকরণ যেমন রং, আলো-ছায়া, পঠনের মাধ্যমে জীবনের বিভিন্ন অবয়ব তুলে ধরতে চেয়েছি।’সুদীপ্ত মল্লিক চিরায়ত প্রাকৃতিক গড়নে সিদ্ধহস্ত দীপ্ত ভাস্কর্যের আঙ্গিক বেছে নিয়েছেন। উত্তম কুমার তালুকদার মানুষ ও ঘোড়া শিল্পের বিষয় হিসেবে ব্যবহার করেছেন যেখানে রেখাও গুরুত্ব পেয়েছে। ওসমান পাশা তাঁর ছবি প্রসঙ্গে বলেন, ‘বিভিন্ন মোড়কের স্বভাবগত উপাদানগুলো প্রতীকী হিসেবে ব্যবহার করে আমি সময়কে তুলে ধরতে চেয়েছি, যেখানে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছা যায় না।’ প্রদর্শনী দেখে মন্তব্য করলেন শিল্পী মনসুর উল করিম। বললেন—‘পাঁচজন শিল্পী তাঁদের স্ব-স্ব বৈশিষ্ট্য নিয়ে ছবি এঁকেছেন, যা একটি প্রদর্শনীর গুণগতমান ও বৈশিষ্ট্য বজায় রেখেছে।’ মহসিন কলেজের ছাত্র বিনয় মজুমদার বলেন, ‘ছবিগুলোর উপাদান হিসেবে পরিত্যক্ত মোড়কের ব্যবহার চমকপ্রদ।’ বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ফাহমিদা জামান জানান, ছবির বিষয়, রঙের ব্যবহার এবং শিল্পীর চিন্তার গভীরতা তাঁকে বেশ টেনেছে।