ক্যানভাসে লিখেছিলেন জয় বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
চট্টগ্রামের আনোয়ারায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আয়োজিত আন্তর্জাতিক আর্টক্যাম্পে নিজের অাঁকা ছবির সামনে শিল্পী ধীরাজ চৌধুরী। ছবিটি ৬ ডিসেম্বর তোলা l প্রথম আলো
চট্টগ্রামের আনোয়ারায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আয়োজিত আন্তর্জাতিক আর্টক্যাম্পে নিজের অাঁকা ছবির সামনে শিল্পী ধীরাজ চৌধুরী। ছবিটি ৬ ডিসেম্বর তোলা l প্রথম আলো
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে ছবি এঁকে জনমত তৈরি করেছিলেন ভারতীয় শিল্পী ধীরাজ চৌধুরী। তাঁর এই অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননাও। বাংলাদেশের অকৃত্রিম এই বন্ধু ৫ ডিসেম্বর চট্টগ্রাম এসেছিলেন আন্তর্জাতিক আর্টক্যাম্পে যোগ দিতে। আর্টক্যাম্পে ছবি আঁকার ব্যস্ততার একফাঁকে কথাও বলেন প্রথম আলোর সঙ্গে। আলাপচারিতায় উঠে আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশভাগ ও তাঁর নিজের শিল্প দর্শনের বহু কথা

কোঁকড়ানো পাকা চুল-দাড়ি আর শক্তসমর্থ শরীর দেখে বোঝার উপায় নেই বয়স ৮০ বছর পেরিয়েছে। সে প্রসঙ্গ উঠতেই বলেন, ‘আসলে আমি যাদের পড়াই, তাদের সবার বয়স ১৯ থেকে ২৫ বছর। তাই ওই বয়সী ছাত্রছাত্রীদের সংস্পর্শে থেকে বয়স বাড়েনি।’

আলাপের শুরুতেই ওঠে বাংলাদেশ প্রসঙ্গ। ধীরাজ বলেন, ১৯৩৬ সালের ৬ এপ্রিল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম তাঁর। লেখাপড়া করেছেন ঈশ্বরদীর অন্নদা হাইস্কুল ও চট্টগ্রামের প্রবর্তক সংঘ বিদ্যালয়ে। চট্টগ্রামের বেশ কিছু স্মৃতি এখনো মনে আছে তাঁর। বিশেষ করে ষোলশহর আর পাহাড়ঘেরা প্রবর্তকের কথা ভুলতে পারেন না। সে সময় একবার বন্য হয়েছিল চট্টগ্রামে। বন্যার্ত মানুষদের চিড়া, দুধ আর শুকনো খাবারও দিয়েছেন।

দেশভাগের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘পাকিস্তান স্বাধীন হওয়ার পর এই দেশেই ছিলাম আমি। ১৯৪৭ সালে পাকিস্তানের পতাকাও উড়িয়েছি। তখন অষ্টম শ্রেণির ছাত্র ছিলাম। সেটা অদ্ভুত এক সময় ছিল। একদিকে দেশ স্বাধীন হওয়ার আনন্দ, অন্যদিকে মানুষকে দেশ ছাড়তে হচ্ছে। একদিকে উল্লাস, অন্যদিকে দাঙ্গায় পীড়িত মানুষের হাহাকার।’
পাকাপাকিভাবে ভারতে গিয়ে ভর্তি হন দার্জিলিং গভর্নমেন্ট কলেজে। বিষয় ছিল বিজ্ঞান। কিন্তু যখন ভাবলেন, নিজের ভাবনা প্রকাশের সত্যিকারের একটা জায়গা দরকার, তখন শিল্পচর্চার দিকেই ঝুঁকল মন। পাশাপাশি কলেজের অধ্যক্ষ কে ডি ঘোষও তাঁকে চারুকলায় পড়তে উদ্বুদ্ধ করেন।
এ পর্যন্ত দেশে–বিদেশে ৮০টির মতো প্রদর্শনীতে হয়েছে তাঁর। পেয়েছেন ভারতের ললিতকলা পুরস্কার। ১৯৭৯ সালে বিখ্যাত শিল্পী সালভাদর দালির সঙ্গে যৌথভাবে প্রদর্শনীও হয় তাঁর। বর্তমানে ভারতের অগ্রগণ্য এই শিল্পীর কাছে তবু ১৯৭১ সালের তিনটি প্রদর্শনীর গুরুত্ব অনেক বেশি।
কেন জানতে চাইলে সে কথা সবিস্তারে ব্যাখ্যাও করেন। তিনি বলেন, দিল্লি আর্ট কলেজের শিক্ষক থাকার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। দেশের হয়ে লড়াই করতে চেয়েছিলেন তিনি। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন তিনিসহ দিল্লির বেশ কয়েকজন বাঙালি। কিছু একটা করতে চান এ দেশের মুক্তিকামী মানুষের জন্য, সে কথা প্রধানমন্ত্রীকে জানাতে তিনিও সাহায্যের হাত বাড়ালেন। ধীরাজের উদ্যোগে দিল্লিতে আয়োজিত হলো বাংলাদেশ নিয়ে সেমিনার। সেমিনারের হলে প্রাঙ্গণে বড় একটি ম্যুরাল আঁকলেন তিনি। ম্যুরালের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এভাবেই শুরু বাংলাদেশ নিয়ে ভারতীয় এই শিল্পীর রংতুলির লড়াই।
ভারতের বিভিন্ন পত্রিকা মারফত বাংলাদেশে সংঘটিত নির্মম গণহত্যার খবর পেতেন তখন। সংবাদের ছবি আর দিনের শৈশব-কৈশোরে দেখা বাংলাদেশ সব মিলে মিশে এক হয়ে গেল। তিনি যেন ঘোরগ্রস্তের মতো বাংলাদেশ নিয়ে ছবি আঁকতে লাগলেন একের পর এক। দিল্লির কণিকা আর্ট সেন্টারে আয়োজিত হলো এসব ছবি নিয়ে তাঁর একক প্রদর্শনী। সেই প্রদর্শনীর মুখবন্ধ লিখলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে। সেই মুখবন্ধের কয়েকটা লাইন এমন—বাংলাদেশের এই রক্তপাতের সময় শিল্পীদের সংবেদনশীল হৃদয় ও মন সাড়া না দিয়ে কি পারে?
পরে দিল্লির অনেক শিল্পীকেও সঙ্গে নেন তিনি। বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ধীরাজ চৌধুরী ও অন্য শিল্পীদের প্রদর্শনী কলকাতা ও মুম্বাইতেও অনুষ্ঠিত হয়। সংগৃহীত টাকা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছিলেন তাঁরা।
কেমন ছিল সেই সময়কার আঁকা ছবিগুলো। ধীরাজ বলেন, বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের বিষয় উঠে এসেছিল তাঁর ছবিতে। ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষাও। ক্যানভাসে বড় বড় হরফে ‘জয় বাংলাও’ লিখেছিলেন তিনি। জুড়ে দিয়েছিলেন জীবনানন্দ দাশের ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’, নজরুলের ‘আমি সেই দিন হব শান্ত’সহ অনেক কবিতার পঙ্ক্তি। সে সময়কার বিভিন্ন পত্রিকায় ফলাও করে ছাপা হয়েছিল এই প্রদর্শনীর খবর। গড়ে উঠেছিল জনমত।
শিল্পী জয়নুল আবেদিন, কামরুল হাসান আর পাবলো পিকাসো তাঁকে সব সময় প্রেরণা জুগিয়েছেন। ভারতে দুর্ভিক্ষের সময় জয়নুল আবেদিন আঁকলেন দুর্ভিক্ষ সিরিজের ছবি। আর পিকাসো স্পেনের গৃহযুদ্ধের সময় এঁকেছিলেন ‘গুয়ের্নিকা’। ধীরাজ মনে করেন, শিল্পীরা এভাবেই প্রতিবাদ করে যাবেন। যেমন তিনি করেছিলেন বাংলাদেশের যুদ্ধের সময়।
ধীরাজ বলেন, পৃথিবীটা হিংসা-হানাহানিতে ভরা। এই হিংসার বিরুদ্ধে শান্তির পক্ষে ছবি এঁকে নিজের প্রতিবাদ জারি রেখেছেন তিনি। বাংলাদেশের যুদ্ধও একটা নিছকই যুদ্ধ ছিল না। সেটাও ছিল একদল শান্তিকামী মানুষের মাতৃভূমিতে শান্তি প্রতিষ্ঠা করার লড়াই।