ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সাল। জানুয়ারি মাস। আমার মেজো মামার ক্যানসার ধরা পড়ল। বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বুকে, পেটে প্রচণ্ড ব্যথা করত, দিনে দিনে শরীরের ওজন কমে যাচ্ছিল আশঙ্কাজনকভাবে। তিনি এসব উপসর্গকে অ্যাসিডিটির প্রকোপ বলে মনে করতেন। মরণব্যাধি যে তাঁর শরীরে বাসা বেঁধেছে একবারের জন্যও বুঝতে পারেননি তিনি। 
একসময় ঢাকায় চিকিৎসককে দেখালেন তিনি। চিকিৎসকেরা তাঁর প্রকৃত শারীরিক সমস্যা বুঝতে পারলেন। অতঃপর অপারেশন করার সিদ্ধান্ত নিলেন। তাঁকে অবশ্য জানানো হলো তাঁর আলসার অপারেশন হবে। অপারেশন থিয়েটারে গিয়ে চিকিৎসকেরা হতাশ হলেন। মামার ক্যানসার শরীরের অনেক ভেতর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এখন আর চিকিৎসকদের কিছু করার নেই। মামাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। একসময় তিনি নিজেও সত্যটা জানতে পারলেন। শুরু হলো তাঁর মৃত্যুর জন্য অপেক্ষা। দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে লাগলেন তিনি। যখন তাঁর ব্যথা শুরু হতো জগৎ সংসার ভুলে যেতেন তিনি। নিজের মাথার চুল, বিছানার চাদর যেন ছিঁড়ে ফেলতে চাইতেন। তাঁর চিৎকারে ভারী হয়ে যেত আশপাশের পরিবেশ। মাঝেমধ্যে ব্যথা সহ্য করতে না পেরে তিনি আমার ছোট মামাকে বলতেন, ‘তুই আমারে মেরে ফেল। তোর পায়ে পড়ি। আমি তোকে দশ হাজার টাকা দেব।’ সম্ভাবত তাঁর কাছে তখন ১০ হাজার টাকাই ছিল।
প্রতিদিন তাঁকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হতো। ইনজেকশন দেওয়ার পর কিছুটা ঝিমুনি আসত তাঁর। এলাকার এক চিকিৎসক প্রায়ই তাঁকে দেখতে আসতেন। আর আমাদের বলতেন, ‘দোয়া করি আমাকে যেন আর পরের সপ্তাহে আসতে না হয়। আল্লাহ উনাকে চিরতরে মুক্তি দিক।’ আমরাও ভাবছি কবে মৃত্যু এসে মামার সব কষ্টের অবসান করবে। কিন্তু মৃত্যু আসতে দেরি করে। তাই মামা কষ্ট পান, চিৎকার করেন, কিন্তু মৃত্যু আসে না। তাঁর অবস্থার আরও অবনতি হওয়ার পর তিনি তাঁর একমাত্র মেয়েকে দেখতে চাইলেন। কিন্তু তাঁর এই ইচ্ছাও পূরণ হলো না। আমার মেজো মামি মামাকে ছেড়ে অন্য একজনের ঘরনি হয়েছেন তখন। মামি তাই মামার কষ্ট আরও বাড়ানোর জন্য মেয়েকে ছাড়তে রাজি হলেন না। মামি কিসের প্রতিশোধ নিতে চাইলেন কে জানে!
২০১০ সালের ৩১ জুলাই। মামার আবার ব্যথা শুরু হলো। ইনজেকশন দেওয়ার পর ব্যথা কিছুটা সহনীয় হলো। ঘরভর্তি অনেক আত্মীয়স্বজন জমা হয়েছে। মামা আস্তে আস্তে বললেন, ‘আমড়া খেতে ইচ্ছা করছে।’ কথাটা শোনামাত্রই আমড়া কেটে আনা হলো তাঁর কাছে। তিনি কিছুটা খেলেন। বেশ কিছুক্ষণ ঘরের মানুষের সঙ্গে কথাও বললেন। হঠাৎ মামার চোখ বড় বড় হয়ে যায়। নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হয়। তিনি হাঁপাতে থাকেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে।
তাঁকে জিজ্ঞাসা করা হলো, ‘কী হয়েছে? তোমার কী হয়েছে?’
তিনি বললেন, ‘ভয়। খুব ভয়। ওই যে আসছে।’ মৃত্যুদূত বেশ কষ্ট দিয়েই সবার মাঝ থেকে তাঁকে নিয়ে গেলেন।
রিয়াজুল আলম
খুলনা।