ক্যানসার জয়ের স্বপ্ন

বাংলাদেশের একজন গবেষক ক্যানসারের ওষুধ আবিষ্কার করবে, এমনটা কি আশা করা যায়?
মোহাম্মদ ওয়াহিদুজ্জামানাকে প্রশ্ন করতেই বললেন, ‘বিষয়টা এমন নয়, আসলে আমার গবেষণা যদি ক্যানসার নিরাময়ের ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি এনে দেয়, সেটাই হবে বড় অর্জন। তবে স্বপ্ন তো দেখিই। আর আমার আত্মবিশ্বাসও আছে।’
তরুণ গবেষক ওয়াহিদুজ্জামান জাপানের আইচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যানসার নিয়ে গবেষণা করতে যাচ্ছেন এ মাসেই। সেখানে ‘ক্যাসপার ক্যাসনাইন সিস্টেম’ নামের ব্যাকটেরিয়ার রোগ-প্রতিরোধী ব্যবস্থা নিয়ে গবেষণা করবেন তিনি। ব্যাকটেরিয়া দ্রুত জিনগত পরিবর্তন ঘটিয়ে নিজের জীবন রক্ষা করে। এই পদ্ধতি মানবদেহের ক্যানসার নিরাময়ে ব্যবহার করা যায় কি না তা নিয়েই হবে ওয়াহিদের গবেষণা।
যেভাবে জাপানে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে ২০১৩ সালের জুন মাসে মাস্টার্স পাস করেন ওয়াহিদুজ্জামান। মাস্টার্সে তাঁর থিসিসের বিষয় ছিল মানবদেহে আর্সেনিক দূষণঘটিত রোগ আর্সেনিকোসিস। আর্সেনিকোসিস নিয়ে গবেষণার জন্য ওয়াহিদসহ বিভাগের আরও দুই শিক্ষার্থী পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোশিপ।
প্রাণরসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে রয়েছে সেন্টার ফর রিসার্চ এক্সিলেন্স নামের গবেষণাগার। এই গবেষণাগারের ল্যাবরেটরি অব ইউকেরিওটিক জিন এক্সপ্রেশন অ্যান্ড ফাংশন নামের পরীক্ষাগারে গবেষণা সহযোগী হিসেবে কাজ করেছেন তিনি। পাস করার পরও গত ২৯ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষাগারে বিভাগের শিক্ষক আবু সাদাত মোহাম্মদ নোমানের অধীনে গবেষণা করেছেন।
জাপানের আইচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইকেই বৃত্তি পেয়েছেন ওয়াহিদ। এই শিক্ষাবৃত্তির আওতায় চার বছরের জন্য পিএইচডি করতে যাচ্ছেন তিনি। গবেষণার খরচ, থাকা–খাওয়া সবই জাপান সরকার বহন করবে।
কেন ক্যানসার গবেষণা: আর্সেনিকোসিস নিয়ে গবেষণা করতে গিয়ে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মলিকুলার প্রোফাইলিং শুরু করেন। শরীরে রোগের প্রকোপ দেখা দিলে কোনো কোনো রাসায়নিক অণু কতটুকু কমে বা বাড়ে এটা নির্ণয় করার নাম মলিকুলার প্রোফাইলিং। এ কাজের অভিজ্ঞতা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ড. জিল্লুর রহমানের সহযোগী হিসেবে শুরু করেন স্তন, মূত্রাশয় ও মলদ্বারের ক্যানসারের মলিকুলার প্রোফাইলিং। এ সময় ক্যানসার কোষে বিআরসিএ ওয়ান ও টু নামের দুটো ক্যানসার প্রতিরোধী জিনের কার্যকারিতা পরীক্ষা করেন। এভাবেই ক্যানসার নিয়ে গবেষণার শুরু।
সম্ভব ক্যানসার জয়! আইচি মেডিকেল ইউনিভার্সিটিতে ব্যাকটেরিয়ার রোগ প্রতিরোধীব্যবস্থা নিয়ে গবেষণা করবেন ওয়াহিদ। তিনি বলেন, কেমো বা রেডিওথেরাপির মতো প্রচলিত ক্যানসার চিকিৎসায় ধ্বংস হয় মানবদেহের সুস্থ কোষও। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের চিকিৎসা সুনির্দিষ্ট (স্পেসিফিক) নয়। এর বিকল্প হতে পারে জিনথেরাপি। ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তনের কৌশল নিয়ে গবেষণার পর হয়তো জিনথেরাপির মাধ্যমে ক্যানসার নিরাময় সম্ভব হবে।
ওয়াহিদের স্বপ্ন: ফিরে এসে দেশে কিছু করার স্বপ্ন দেখেন ওয়াহিদ। কিছু মানে, তাঁর ভাষায় একটা ক্যানসার ইনস্টিটিউট। ছেলেবেলা কেটেছে হালিশহরের বৌবাজার এলাকায়। দুই ভাইবোনের মধ্যে দ্বিতীয় সন্তান তিনি। পড়েছেন চট্টগ্রামের মুসলিম উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম কলেজে।
ওয়াহিদ দিবাস্বপ্ন দেখেন না। আবার কোনো কিছু অসম্ভবও মনে করেন না। কিন্তু ক্যানসার শব্দটি শুনলেই নড়েচড়ে বসেন তিনি। কেন এমন আবেগ? ওয়াহিদ বলেন, দেশের প্রতিটা পরিবারেরই কেউ না কেউ ক্যানসারে আক্রান্ত। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। মানুষের জন্য কাজ করছি, এমনটা ভাবতেই ভালো লাগে।