ক্যানসার-ঝুঁকি নির্ণয়ে নারীদের সচেতনতা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত পাঁচ বছরে বাংলাদেশে ক্যানসার-ঝুঁকি নির্ণয়ে নারীদের সচেতনতা বেড়েছে লক্ষ করার মতো। এখন অনেকেই ক্যানসারে আক্রান্ত হওয়ার আগেই নিজেদের ঝুঁকি শনাক্ত করতে পারছে, যা অনেক ইতিবাচক। যাদের পরিবারে বোন-মা-খালা-নানির স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, আমরা তাঁদের সব সময়ই নিয়মিত স্তন পরীক্ষা করতে বলি। স্তন পরীক্ষার কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে নিজেকে পরীক্ষা করতে হয়। গোসলের সময় হাত দিয়ে স্পর্শ করে দেখতে হয়, স্তনে কোনো পিন্ড বা চাকা আছে কি না, নিপলে পরিবর্তন আছে কি না, কিংবা স্তনের চামড়ায় কমলার খোসার ভেতরের অংশের মতো কোনো দাগ দেখা যায় কি না। কারও স্তনে এসব লক্ষণ দেখা গেলে তাঁকে আমরা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিই। এরপর স্তনের আলট্রাসাউন্ড পরীক্ষা করা হয়। এর পরের ধাপ ম্যামোগ্রাম ও বায়োপসি। এসব পরীক্ষার পর হিস্টোপ্যাথলজির ধাপে যাই। তখনই আসে বিআরসিএ-১ পরীক্ষার পর্যায়। অ্যাঞ্জেলিনা জোলির পরিবারে ক্যানসারের ইতিহাস থাকায় তিনি সরাসরি এই পরীক্ষাটি করিয়ে নিজের ঝুঁকি শনাক্ত করেছেন। কিন্তু আমাদের দেশে প্রথম ধাপগুলো পেরোনোর পরই আমরা বিআরসিএ-১ পরীক্ষা করানোর পরামর্শ দিই। আমাদের দেশে এখনো বিআরসিএ-১ পরীক্ষা করার ব্যবস্থা নেই। সাধারণত ভারত, সিঙ্গাপুর কিংবা ব্যাংকক থেকে এই পরীক্ষা করে আসতে হয়। যেসব রোগী দেশের বাইরে গিয়ে এই পরীক্ষা করাতে অসমর্থ, তাদের চিকিৎসা আমরা ক্লিনিক্যাল ও জেনেটিক অ্যানালাইসিসের মাধ্যমে করে থাকি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে রোগীর মাসটেকটমির প্রয়োজন আছে কি নেই। স্তন অপসারণের প্রক্রিয়াটি এখন আমাদের দেশেই করা যায়। স্তন প্রতিস্থাপনের ব্যবস্থাও বাংলাদেশে আছে।

সাধারণত যাঁদের দেহে ত্রুটিপূর্ণ বিআরসিএ-১ জিন পাওয়া যায়, স্তন ক্যানসারের পাশাপাশি ডিম্বাশয় (ওভারি) ক্যানসারের ঝুঁকিও তাদের বেড়ে যায়। যারা বিআরসিএ-১ পরীক্ষা করাতে পারে না হিস্টোপ্যাথলজি ধাপে তাঁদের পরিবারের ইতিহাসের ওপর নির্ভর করে ডিম্বাশয় অপসারণের পরামর্শ দেওয়া হয়। কারণ স্তন ক্যানসারের ঝুঁকি যাঁদের থাকে, তাঁদের পারিবারিক ইতিহাসে যদি আরও ক্যানসার রোগী থেকে থাকে তাহলে ওই রোগীর ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় অন্যদের চেয়ে বেশি।
রুমানা দৌলা
বিশেষজ্ঞ, ক্যানসার কেয়ার সেন্টার, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা।
চেয়ারপারসন, বাংলাদেশ প্যালিয়াটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশন