ক্যানসার থেকে মুক্তি চান জুহুরা
ঘাতকব্যাধি ক্যান্সার থেকে মুক্তি চান জুহুরা বেগম (২০)। চিকিত্সকেরা বলে দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে চিকিত্সা করা না হলে জুহুরাকে বাঁচানো কঠিন হবে। কিন্তু চিকিত্সার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। জুহুরা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে। ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর গত ২১ জুন তাকে নিয়ে আসা হয় কক্সবাজার সদর হাসপাতালে। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিত্সক নুরুল আলম উন্নত চিকিত্সার জন্য জুহুরাকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজের কাছে পাঠান। ফয়েজের তত্ত্বাবধানে ওই হাসপাতালে গত ৩০ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৪৫ দিন জুহুরার চিকিত্সা চলে। এরপর জুহুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু টাকার অভাবে জহুরাকে হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না। জুহুরা গ্রামের বাড়িতে ঢুকরে কেঁদে মরছে।জুহুরার বড়ভাই বিদ্যুৎ শ্রমিক শফিউল আলম জানান, কক্সবাজার থেকে ঢাকায় গিয়ে চিকিত্সার খরচ চালানো কঠিন হচ্ছিল বলে চিকিত্সক জুহুরাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠান। চিকিত্সকেরা বলে দিয়েছেন, দ্রুততম সময়ে মধ্যে জুহুরার অস্ত্রোপচার সম্ভব না হলে তাঁকে বাঁচানো কঠিন হবে। এ জন্য প্রয়োজন হবে প্রায় পাঁচ লাখ টাকা। জুহুরার মা জান্নাত বেগম মেয়ের পাশে বসে কান্নাকাটি করছেন। পবিত্র রমজান মাসে সবার সাহায্য চেয়েছেন জুহুরার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা, হিসাব নং-১৪৫.১০১.৩১১২৯, ডাচ্ বাংলা ব্যাংক, কক্সবাজার শাখা।