
বয়স ৭৫। এ জন্য দমে যাবেন, তা কি হয়? ম্যারাথন বা দূরপাল্লার দৌড় প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেন ডন রাইট। ক্যানসারও তাঁকে আটকাতে পারেনি। সম্প্রতি ফিলাডেলফিয়ায় শেষ করলেন নিজের শততম ম্যারাথন। এ সময় দর্শক সারিতে ছিল তাঁর পরিবার-পরিজন।
২০০৩ সালে প্রথম ম্যারাথন সম্পন্ন করেছিলেন রাইট। নিজের কাছেই মনে হচ্ছে, আর বোধ হয় হবে না। শততম প্রতিযোগিতায় দৌড়ানোর পর অনুভব করলেন, পিঠে তীব্র ব্যথা। ডাক্তার তো আগেই বলে দিয়েছেন, মাল্টিপল মেলোমা নামের ক্যানসার হয়েছে রাইটের। হাতে সময় বড় অল্প। বড়জোর পাঁচ বছর।
যে অসুখ হয়েছে, সেটা চিকিৎসায় সারে না। তাই রাইট আপাতত ম্যারাথনের দিকেই মনোযোগ দিতে চান। তিনি যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সব কটিতে ম্যারাথনে অংশ নিয়েছেন। বললেন, ‘আমি দৌড়াতে ভালোবাসি। স্ত্রী এবং মেয়েও যখন তাতে অংশ নেয়, বেশ লাগে। ক্যানসার সারাতে আমি নতুন নতুন চিকিৎসা নিতে চাই। একটা শুরুও করেছি গত বছর। এসব ওষুধ আছে বলেই তো আমি এই ৭৫-এ পৌঁছেও ম্যারাথন করতে পারছি। নাতির মুখ দেখার জন্য বেঁচে রয়েছি। ওষুধ না থাকলে সেটাও তো পারতাম না।’
আমেরিকান ক্যানসার সোসাইটি বলছে, যুক্তরাষ্ট্রে এ বছর প্রায় ৩০ হাজার ৩৩০ জন মাল্টিপল মেলোমায় আক্রান্ত হতে পারেন। জীবনে এই রোগ হওয়ার ঝুঁকি প্রায় দশমিক ৭ শতাংশ।
ক্যানসার সারবে না জেনেও রাইট এখন নিজের শারীরিক সামর্থ্য বা ফিটনেস ধরে রাখতে চান। তিনি বলেন, তাঁর শততম ম্যারাথনের দৃষ্টান্ত দেখে অন্য ক্যানসার রোগীরা অনুপ্রেরণা নিতে পারেন। ক্যানসারের বিরুদ্ধে লড়াই আর এতগুলো ম্যারাথন থেকে তিনি শিখেছেন, শেষ প্রান্ত বা ফিনিশিং লাইন বলে কিছু নেই। অন্তত তাঁর জন্য!