ক্যানসারকে ভয় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্যানসার শব্দটি শুনলে সবাই আঁতকে ওঠেন। একসময় মনে করা হতো ক্যানসারের কোনো অ্যানসার (উত্তর) নেই। সময়মতো সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা করলে অনেক ক্যানসার নিরাময় সম্ভব।
আধুনিক যুগে বিজ্ঞানের চরম উন্নতির মধ্যেও সব ক্যানসারের পুরোপুরি কারণ এখনো জানা নেই। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকেও ক্যানসারের প্রবণতা বাড়তে পারে।
* প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান।
* দীর্ঘদিন মদপানের অভ্যাস।
* খাদ্যাভ্যাস (যেমন খাদ্যে ফাইবারের অভাব, ভিটামিন বা অ্যান্টি-অক্সিডেন্টের অভাব)।
* সংরক্ষিত, কেমিক্যাল বা রংযুক্ত খাবার।
* আর্সেনিকযুক্ত পানি পান।
* পরিবেশদূষণ এবং কেমিক্যালের সংস্পর্শে আসা।
* বিভিন্ন ধরনের বিকিরণ (যেমন সূর্যরশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স-রে, কসমিক রে ইত্যাদি)।
* রেডিয়েশন বা কেমিক্যাল নিয়ে কাজ করা, অনেকক্ষণ রোদে থেকে কাজ করা, জাহাজ ভাঙার শ্রমিক, রং ও রাবার কারখানার কর্মী ইত্যাদি।
* বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণুর দ্বারা ইনফেকশনের কারণে ক্যানসার হতে পারে। সিস্টোসোমা জাতীয় জীবাণু মধ্যপ্রাচ্য বা ভূমধ্যসাগরের অঞ্চলে মূত্রাশয় ক্যানসারের কারণ হিসেবে বিবেচিত।
* অতিরিক্ত শারীরিক ওজন বা স্থূলতা।
* কিছু কিছু ওষুধ বা চিকিৎসা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
* অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক।
* ক্রোমোজমবা জিনের কারণেও ক্যানসার হতে পারে।
ক্যানসারের লক্ষণ নির্ভর করে কোথায় কী ধরনের ক্যানসার হয়েছে তার ওপরে। অনেক ক্ষেত্রেই কোনো লক্ষণই থাকে না। দেখা গেছে যে ক্যানসার ছড়িয়ে যাওয়ার পরেই তা ধরা পরে। তারপরও কিছু কিছু লক্ষণ বা উপসর্গ থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত—
* সুস্থ ছিলেন, হঠাৎ ওজন কমে যাওয়া।
* অরুচি বা ক্ষুধামান্দ্য।
* অতিরিক্ত দুর্বলতা, রক্তাল্পতা, দাঁতের গোড়ায় বা নাক দিয়ে রক্তক্ষরণ, চামড়ার নিচে জমাট রক্ত ইত্যাদি।
* •শরীরে কোথাও চাকা বা গোটা দেখা দিলে, বিশেষ করে গলায়, বগলে, কুঁচকিতে, পেটে বা মহিলাদের স্তনে।
* দীর্ঘদিন জ্বর থাকলে, বিশেষ করে যদি রাতের বেলা প্রচুর ঘাম দেয়।
* অনেক দিনের কাশি, যা সাধারণ চিকিৎসায় ভালো হচ্ছে না, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের বেলায় এবং কাশির সঙ্গে রক্ত এলে।
* গলার স্বর ভেঙে গেলে বা কাশির সঙ্গে গলার স্বরের পরিবর্তন হলে।
* বয়স্ক ব্যক্তিদের প্রস্রাব করতে সমস্যা হলে, ব্যথা হলে বা প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে।
* পায়খানার অভ্যাস পরিবর্তন হলে বা পায়খানার সঙ্গে রক্ত গেলে।
* খাবার গিলতে অসুবিধা বা ব্যথা।
* বদহজম, দীর্ঘদিনের পেটে ব্যথা বা রক্তবমি।
* নারীদের ক্ষেত্রে মাসিকের পরিবর্তন হওয়া, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাঁদের আবার রক্তক্ষরণ হওয়া।
* মাথাব্যথা, খিঁচুনি, জ্ঞান হারানো, হঠাৎ বমি করা ইত্যাদি।
* চামড়ায় নতুন করে রঙের পরিবর্তন, তিলের আকার বা গড়ন পরিবর্তন হওয়া ইত্যাদি।
তবে মনে রাখতে হবে যে এসব লক্ষণ অন্য বিভিন্ন রোগের কারণেও হতে পারে। তাই এগুলো হলেই ক্যানসার হয়ে গেছে ভেবে কেউ যেন অযথা আতঙ্কগ্রস্ত না হয়ে পড়েন।
অনেক ক্যানসারই সময়মতো চিকিৎসায় নিরাময়যোগ্য। ক্যানসারের প্রকারভেদে, কতটুকু ছড়িয়ে গেছে, কী কী সমস্যা করছে, রোগীর বয়স কত আর শারীরিক অবস্থা কেমন—এসবের ওপর ভিত্তি করে ক্যানসারের নানা রকমের চিকিৎসা দেওয়া হয়। ক্যানসার প্রতিরোধে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। অনেক বিশেষজ্ঞের মতে, ক্যানসারের এক-তৃতীয়াংশ কারণ জীবনযাপনের সঙ্গে জড়িত—যা ইচ্ছা করলেই নিয়ন্ত্রণ করে ক্যানসারের ঝুঁকি এড়াতে পারেন।
* ধূমপানসহ তামাকের যেকোনো ধরনের ব্যবহার পরিহার করা।
* মদপান পরিহার করা।
* শিরায় ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণসহ অন্য যেকোনো নেশা পরিহার করা।
* সঠিক খাদ্যাভ্যাস—সুষম খাবার গ্রহণ, পর্যাপ্ত পরিমাণে আঁশ (ফাইবার) ও অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার খাওয়া, বিশেষ করে তাজা মৌসুমি ফলমূল ও শাকসবজি খাওয়া, চর্বিজাতীয় ও তৈলাক্ত খাবার কম খাওয়া, প্রিজারভেটিভ বা কেমিক্যালযুক্ত খাবার বর্জন, ফাস্ট ফুড ও কোমল পানীয় বর্জন ইত্যাদি।
* আর্সেনিকমুক্ত পানি পান।
* শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা। এ জন্য নিয়মিত হাঁটাচলা, ব্যায়াম এবং সঙ্গে খাদ্য নিয়ন্ত্রণ করা।
* দীর্ঘ সময় সরাসরি সূর্যের নিচে না থাকা, প্রয়োজনে ছাতা বা হ্যাট ব্যবহার করা।
* •রক্তদান বা গ্রহণ অথবা যেকোনো ইনজেকশন গ্রহণের সময় এবং এন্ডোস্কপি, কলোনোস্কপি ইত্যাদি পরীক্ষার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।
* বেশ কিছু জীবাণুর বিরুদ্ধে টিকা নিয়ে ক্যানসার প্রতিরোধ সম্ভব, যেমন হেপাটাইটিস বি ভাইরাসের টিকা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা ইত্যাদি।
* যেসব জীবাণু ক্যানসার তৈরি করতে পারে, তা শরীরে ধরা পড়ামাত্র চিকিৎসা করে ফেলা।
* সন্দেহজনক যেকোনো উপসর্গ যেমন চাকা বা গোটা, ক্ষত, তিলের রং পরিবর্তন, দীর্ঘদিনের জ্বর ইত্যাদি দেখা দিলে অবহেলা না করা।
•এ ছাড়া প্রত্যেক সুস্থ ব্যক্তিরই উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, যাতে শরীরে কোনো ক্যানসার দানা বাঁধতে শুরু করলে তা প্রাথমিক অবস্থাতেই দমন করা সম্ভব হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের বৃহদান্ত্র বা কোলন, নারীদের জরায়ুমুখ ও স্তন, পুরুষদের প্রোস্টেট ইত্যাদি নিয়মিত পরীক্ষা করাতে হবে।

ডা. এ বি এম আব্দুল্লাহ: ডিন ও অধ্যাপক, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়