ক্যানসারে আক্রান্তদের শান্তির বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বায়োস্কোপ’ শিরোনামে অনুষ্ঠানটি ছিল ক্যানসার আক্রান্ত মানুষদের জন্য। ছবি: খালেদ সরকার
‘বায়োস্কোপ’ শিরোনামে অনুষ্ঠানটি ছিল ক্যানসার আক্রান্ত মানুষদের জন্য। ছবি: খালেদ সরকার

রাজধানীর একটি হাসপাতালের জ্যেষ্ঠ নার্স পাসকলিনা খান। কঠিন মনোবলের মানুষ হিসেবে পরিচিতদের কাছে স্বতন্ত্র তিনি। এই মানুষই মানসিকভাবে সেদিন দুমড়েমুচড়ে ভেঙে পড়লেন, যখন জানলেন তিনি ক্যানসারে আক্রান্ত। তবে তিনি ঘুরে দাঁড়ালেন। অসুস্থ মা আর চার বছর বয়সী সন্তানের কথা তাঁকে সুস্থভাবে বাঁচার স্বপ্ন দেখাল। পাশে পেলেন সহকর্মীদের, পরিবারের সদস্যদের। শুরু হলো চিকিৎসা। অস্ত্রোপচার হলো। ছয় মাসে আটবার কেমো দেওয়ার পর কেটে গেল অনেকটা সংশয়। গত মার্চে পেট সিটি স্ক্যান করে দেখা যায়, পুরোপুরি নির্মূল হয়েছে ক্যানসার।

তাঁর মতোই কিশোরগঞ্জের কুলিয়ারচরের নুরুল ইসলাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। ২০১৭ সালে জানতে পারেন, তিনি ক্যানসারে আক্রান্ত। তারপর চলল চিকিৎসা। ৯টি কেমোথেরাপি ও ৩২টি রেডিওথেরাপি নিয়ে এখন তিনি নিরাময়ের দ্বারপ্রান্তে।

পাসকলিনা খান ও নুরুল ইসলামের মতো এমন অনেকের সাক্ষাৎ মিলেছিল রাজধানীর ছায়ানট মিলনায়তনে। তাঁদের অনেকেই ক্যানসারজয়ী, কেউ কেউ করেই চলেছেন লড়াই। তাঁদের পাশে আছেন তাঁদেরই চিকিৎসক। আর এই মানুষদের একসঙ্গে করেছে শান্তি ক্যানসার ফাউন্ডেশন।

৩০ এপ্রিল বিকেলে ছিল সেই আয়োজন। আয়োজন বলতে ক্যানসারজয়ী, তাঁদের পরিবার ও শান্তি ফাউন্ডেশনের শুভানুধ্যায়ীদের নিয়ে বৈশাখী আয়োজন। অনুষ্ঠানের নাম ‘বায়োস্কোপ’। সেখানেই গিয়ে দেখা মিলল দেশের নানান প্রান্তে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ক্যানসার রোগীদের। শুধুই চিকিৎসা ও রোগ যাদের পাশাপাশি এনেছে, করেছে আপন, বানিয়ে দিয়েছে পরম আত্মীয়। বায়োস্কোপের অনুষ্ঠানমালায় ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটিকা, গান, আবৃত্তিসহ নানা কিছু। পাশাপাশি ক্যানসার নিয়ে সচেতনতামূলক কিছু আয়োজনও ছিল।

ক্যানসার আক্রান্ত মানুষদের এই রোগ সম্পর্কে তথ্য, চিকিৎসা ও সেবা দিয়ে সহায়তা ও সঠিক পথনির্দেশনা দেয় শান্তি ক্যানসার ফাউন্ডেশন। এ ছাড়া মুখ ও মুখগহ্বর, স্তন, জরায়ু, ত্বক, নাক, কান, গলা, কোলরেক্টাল ও পাকস্থলী ক্যানসার শনাক্ত করতে ক্যানসার স্ক্রিনিং করে থাকে তারা। স্বল্প খরচে সব ধরনের আলট্রাসনোগ্রাম ও ইকোকার্ডিওগ্রাম করানো যায় এই প্রতিষ্ঠানে। প্রতি শনিবার স্তন ক্যানসার স্ক্রিনিং এবং নিয়মিত স্বাস্থ্য আলাপের মাধ্যমে সচেতনতা বাড়ানো হয়।

শান্তি ক্যানসার ফাউন্ডেশনের প্রধান পরামর্শক ও সাধারণ সম্পাদক অধ্যাপক পারভীন শাহিদা আখতার বলেন, ‘শুধু চিকিৎসা নয়, যত্ন রোগ সারাতে অনেকটা কার্যকর। কিন্তু একজন চিকিৎসক তো রোগীকে যত্ন করতে পারেন না। সে জন্য দরকার সামাজিক সংগঠন। যেখানে চিকিৎসক, নার্স ছাড়াও পরামর্শক, সমাজকর্মী, সাধারণ মানুষ, রোগীর স্বজনসহ সব শ্রেণি ও পেশার মানুষ একসঙ্গে থাকলে সবাই যেমন সচেতন হবেন, তেমনি রোগীর চিকিৎসা ও প্রতিরোধ ভালোভাবে করা সম্ভব। চিকিৎসা নয় বরং মানুষকে সচেতন করে তোলাই আমাদের মূল কাজ। কারণ, আমরা মনে করি, মানুষ সচেতন হলেই এই রোগ থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব। ’