তাঁরা কেউ ক্যানসারজয়ী, কেউ এখনো করে চলছেন যুদ্ধ। ৫ মার্চ ঢাকার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ক্যানসার প্রতিরোধ ও গবেষণাকেন্দ্রের আয়োজনে হয়ে গেল জাতীয় ক্যানসার সম্মেলন। সম্মেলনের একটি অধিবেশনে নিজেদের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প ও অভিজ্ঞতার কথা শোনান কয়েকজন ক্যান্সার–জয়ী।
২৩ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে সুস্থ আছি
কাজী রোজী, সংসদ সদস্য
‘ক্যানসার’—কী কঠিন, কী ভয়াবহ এক শব্দ; আবার কী দারুণ একটা শব্দ আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়! আমি ২৩ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি এবং দিব্যি সুস্থ আছি। এর পেছনে নিজের চেষ্টা যেমন আছে, তেমনি আছে চিকিৎসকদের অবদান। আমি তো ঘর করি ক্যানসারের সঙ্গে, কথা বলি ক্যানসারের সঙ্গে। মাঝেমধ্যে এও বলি, এই, তুমি ভেতরে আছ এখনো? ক্যানসারকে তো আমি ভয় পাই না, ক্যানসারকে আমি কাছে ডেকেছি, মেনে নিয়েছি এবং যতগুলো উপায়ে চিকিৎসা নেওয়া যায়, আমি তার সবই নিয়েছি। তবে এখানে একটা কঠিন কথা বলে রাখা দরকার, ক্যানসার অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা। অনেকেই টাকা খরচের ভয়ে চিকিৎসা করাতে চায় না। সরাসরি বলে দেয়, ‘না।’ কিন্তু এ কথাটা এখন আর জানা যায় না। আমি বিশ্বাস করি মানুষ এখন সচেতন হচ্ছে, মানুষ সচেতন হলে তাকে আর মারা যায় না। সে টিকে থাকে।
মনের বল আমাকে বেশি সুস্থ রাখে
শাহেদা আকতার
যখন আমার ক্যানসার ধরা পড়ল, আমি মনে করেছিলাম, ক্যানসার অর্থ ‘নো অ্যানসার’ অর্থাৎ যার কোনো উত্তর নেই। এই অসুখের তো কোনো চিকিৎসা নেই। কিন্তু এরপর চিকিৎসকদের পরামর্শে নিয়মিত চিকিৎসা নিয়ে এখন আমি অনেকটাই সুস্থ।
চিকিৎসকদের সহযোগিতার কথা আমি কখনো ভুলব না। ছেলে জানতে চায়, ‘আম্মা, ভালো আছ তো?’ আমি বলি, ভালো নেই তো কী? মরে তো যাইনি। ভালোই আছি আমি। কিসের ক্যানসার? কোনো সমস্যাই তো আর টের পাই না। মনের বল আমাকে বেশি সুস্থ রাখে। কোনো অসুবিধা নেই। চিকিৎসকদের সহযোগিতা পেয়েছি, সাহস পেয়েছি, লড়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি। ক্যানসারকে এখন আমি আর ভয় পাই না। আমার জন্য সবাই দোয়া করবেন।
সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ক্যানসার রোগীদের জন্য কাজ করছি
রোকেয়া রুমি
ক্যানসারের বিরুদ্ধে যে লড়া যায়, আমরা যে লড়ছি, সেটা আগে আমার জানা ছিল না। আমি জেনেছি কাজী রোজি আপার কাছ থেকে। তাঁকে দেখেই হয়েছি অনুপ্রাণিত। আমি মনে করি, ক্যানসারের ‘অ্যানসার’ (উত্তর) অবশ্যই আমাদের কাছে আছে। ছয় বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। আশা করি রোজি আপার মতো আমিও ২৩ বছর এই লড়াই চালিয়ে যাব। আমি নিজে টিকে থেকে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ক্যানসার রোগীদের জন্য কাজ করছি। আপনারা সবাই দোয়া করবেন, যেন আমরা সবাই ভালো থাকি।
পরিবারের পাশে থাকাটা খুব জরুরি
রাবেয়া বেগম
আমি গাজীপুর থেকে এখানে (ঢাকায়) এসেছি ক্যানসার জয়ের গল্প শোনাতে। আমার স্তন ক্যানসার হয়েছে শুনে খুব ভেঙে পড়েছিলাম। তারপর জানতে পারলাম, এই রোগেরও চিকিৎসা হয়। আমি তিন বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়ে যাচ্ছি এবং এখন অনেকটা ভালো আছি। ধন্যবাদ জানাতে চাই আমার চিকিৎসক ও পরিবার-পরিজনদের, যাঁরা দুঃসময়ে আমার পাশে ছিলেন। পরিবারের পাশে থাকাটা খুব জরুরি।