ক্যানসার-সচেতনতায় মেডিকেলের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে অংশ নিেয়ছেন দেশের বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা
অনুষ্ঠানে অংশ নিেয়ছেন দেশের বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা

‘আমি ভেবেছিলাম এখানেই আমার যাত্রা শেষ, কিন্তু না। ক্যানসারের বিরুদ্ধে জীবনযুদ্ধে এখনো টিকে আছি।’ বলছিলেন পাংশা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা। দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করেও ক্যানসার সচেতনতাবিষয়ক প্রচারণায় কাজ করছেন তিনি। ১৬ ফেব্রুয়ারি উদ্যমী এই মানুষটির কথা শোনার সুযোগ করে দিয়েছিল মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন আমসা (এশিয়ান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন) বাংলাদেশ ও শান্তি ফাউন্ডেশন। ৪ ফেব্রুয়ারি ছিল ক্যানসার দিবস। এ উপলক্ষে ক্যানসারবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে তাঁরা সেমিনার, পোস্টার ও রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন করেছিলেন ঢাকার নজরুল ইনস্টিটিউটে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ‘ক্যানসার, এখনই সচেতন হউন’ এই স্লোগানে বেলা দুইটায় শুরু হয় সেমিনার। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, ক্যানসার ইনস্টিটিউটের অনকোলোজি বিভাগের প্রধান পারভীন শাহিদা আখতার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের শিক্ষক আখতারুন্নেসাসহ গুণীজনেরা।
বর্ণিল পোস্টার, রচনা ও কুইজের আয়োজন করেছিলেন তরুণ শিক্ষার্থীরা। তাঁদের হাতে তৈরি পোস্টার ঘুরে দেখেছেন বিচারকেরা। ক্যানসারবিষয়ক রচনা প্রতিযোগিতায় পুরো এশিয়ায় প্রথম স্থান অধিকার করেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আরহাম।
আর্মড ফোর্স মেডিকেলের শিক্ষার্থী সানজিদা বলেন, ‘ক্যানসার শুধু রোগ নয়। এই শব্দটা একই সঙ্গে লড়াই করে বেঁচে থাকারও সমার্থক। তাই আমরা শুধু বক্তব্যের মাধ্যমে সেমিনারটির আয়োজন করতে চাইনি। সে কারণেই বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’
শান্তি ফাউন্ডেশনের প্রধান শাহিদা পারভীন জানান, ‘ক্যানসার চিকিৎসা সব সময়েই কিন্তু ব্যয়বহুল নয়। আমাদের দেশের অনেক মানুষই এটা জানে না। তাই এমন একটি আয়োজনের আসলেই প্রয়োজন ছিল বলে আমি মনে করি।’
আমসা বাংলাদেশের আঞ্চলিক সভাপতি তাজদীত রহমান ক্যানসার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ও ক্যানসার প্রতিরোধে তরুণদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এই তরুণ মুখগুলোর কাছ থেকে আমরা অনেক সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছি।’ সেমিনারের শেষ পর্যায়ে আয়োজন করা হয় প্রশ্নোত্তর ও কুইজ পর্বের। সব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।