রোটারি-দৃষ্টি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
‘যেখানে যুক্তি আছে সেখানে অসত্য ও কুসংস্কারের স্থান নেই। তরুণেরা এই যুক্তি দিয়েই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’ রোটারি-দৃষ্টি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠানে অতিথিরা এভাবেই গেয়েছেন যুক্তির জয়গান।
১২ মার্চ নগরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্তপর্বের প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ এলিমেন্টারি স্কুল ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল। এতে জয় পায় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল। এর আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্তপর্বে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাংসদ ওয়াশিকা আয়েশা খান, দৈনিক পূর্বকোণ–এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি আশিক ইমরান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার ও রোটারি সহকারী গভর্নর জিন্নাহ চৌধুরী। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মুন্না ও সহ বিতর্ক সম্পাদক কাজী আরফাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন হলেই একটি দেশকে উন্নত রাষ্ট্র বলা যায় না। মানবিক ও সাংস্কৃতিক দিকের উৎকর্ষ সাধনও গুরুত্বপূর্ণ। তাঁরা বিতার্কিকদের অনুভূতিশীল হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ১০ মার্চ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক দল অংশ নেয়।