ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিরোপা অক্ষুণ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় সনদ (পিএসসি ও জেএসসি) পরীক্ষায় এবার কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্তির হার বেড়েছে। এবারও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিরোপা ধরে রেখেছে। গত বৃহস্পতিবার ফলাফল বের হওয়ার পর শতভাগ উত্তীর্ণ ও জিপিএ-৫ পাওয়ার আনন্দে বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।বিদ্যালয় সূত্রগুলো থেকে জানা যায়, এবার জেএসসি পরীক্ষায় এক হাজার ৩৭৭ জন ছাত্র ও এক হাজার ৪১৭ ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে এক হাজার ৯৪৪ জন এবং ফেল করেছে ৮৫০ জন। পাসের হার ৭২ দশমিক ১৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়গুলো সূত্রে জানা যায়, জেলায় মোট পাঁচ হাজার ৭৪৪ জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার ৩০২ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। ২৭১ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে লামা ও আলীকদম উপজেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা এবার কম। লামায় ১৮৯ জন ও আলীকদমে ১০৫ জন পরীক্ষার্থী নিবন্ধন করেও পরীক্ষা দেয়নি। সবচেয়ে কম পরীক্ষার্থী ছিল থানচি উপজেলায় ২৮০ জন ও রুমা উপজেলায় ৩০৪ জন।ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক শওকত আজম জানান, তাঁদের বিদ্যালয়ে জেএসসিতে ৬৫ জন ও পিএসসিতে ৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জেএসসিতে ২১ জন ও পিএসসিতে ৪৯ জন জিপিএ-৫ পেয়েছে। অন্য বছরগুলোর মতো এবারও শতভাগ উত্তীর্ণ ও সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়টি জেলায় শিরোপা বজায় রেখেছে। তবে উত্তীর্ণের সংখ্যার দিক থেকে জেএসসিতে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় শীর্ষে রয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা শাহেদা বেগম জানান, এবার জেএসসিতে ছেলেদের চেয়ে মেয়েদের অংশগ্রহণ ছিল বেশি।