ক্যাপসিকাম কেবল সৌন্দর্য নয়
বাজারে পাওয়া যায় লাল, হলুদ, সবুজ নানা রঙের ক্যাপসিকাম। সবজি বা সালাদে কিংবা নুডলস পাস্তার সৌন্দর্য বাড়াতে এর জুড়ি নেই। কিন্তু সৌন্দর্য বাড়ানো ছাড়াও ক্যাপসিকামের আছে নানা উপকার। দৈনন্দিন চাহিদার প্রায় তিন গুণ ভিটামিন সি পাওয়া যায় একটি ক্যাপসিকামে। এই সবজি বা ফলটি বিশ্বের কোথাও চিলি পেপার, কোথাও বেল পেপার নামে পরিচিত।
হলুদ ক্যাপসিকামে আছে প্রচুর লটিন ও জ্যানথিন, লাল ক্যাপসিকামে জ্যানথিন ও লাইকোপিন, কমলাটাতে প্রচুর আলফা, বিটা ও গামা ক্যারোটিন। এর সবগুলোই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং হূদেরাগ, বাত ব্যথা কমাতে সাহায্য করে। প্রচুর ভিটামিন সি ও এ আছে ক্যাপসিকামে। ক্যাপসিকাম ট্রাইগ্লিসারাইড নামের চর্বি কমাতে সহায়ক।
এ ছাড়া এতে ক্যাপসেইসিন নামের যে উপাদান পাওয়া যায় তা স্নায়ু দিয়ে ব্যথার অনুভূতি বহনে বাধা দেয়। ফলে এই উপাদান ইদানীং নানা ধরনের, বিশেষ করে স্নায়বিক ব্যথা ও ক্যানসার রোগে ব্যথা কমাতে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু জীবাণু প্রতিরোধেও সাহায্য করে এই ক্যাপসিকাম। তাই সালাদে বা সবজিতে বাহার বাড়াতে নয়, এর উপকার পেতেও ক্যাপসিকাম খান। ওয়েবমেড