ক্যাপ্টেন কৃষ্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেন্ড ইট লাইক বেকহ্যাম সিনেমাটা কখনোই দেখেনি মেয়েটি। ভারতীয় বংশোদ্ভূত হলিউডের চলচ্চিত্র নির্মাতা গুরিন্দর চাধার ফুটবল-বিষয়ক চলচ্চিত্রটির গল্পের সঙ্গে টাঙ্গাইলের বাসুদেব চন্দ্রের মেয়ের একটা জায়গায় চমৎকার মিল। চাইলে সিনেমার কাল্পনিক চরিত্র জেসমিন্দর (জেস) ভার্মার জায়গায় বাসুদেব চন্দ্রের মেয়ে কৃষ্ণা রানী সরকারকে অনায়াসেই বসিয়ে দেওয়া যায়।
সিনেমায় পশ্চিম লন্ডনের পাঞ্জাবি শিখ পরিবারের মেয়েটি সারাক্ষণ বন্ধুদের সঙ্গে পার্কে গিয়ে ফুটবল খেলত। গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামের কিশোরীও ঠিক তাই। চাচাতো ভাইদের সঙ্গে ফুটবল না খেললে যেন পেটের ভাত হজম হতো না। সিনেমার ‘জেস’ কেন মেয়ে হয়ে ফুটবল খেলবে, মা-বাবার প্রশ্ন ছিল ওটাই? আর কৃষ্ণার মায়েরও একই কথা, ‘মেয়ে হয়ে জন্মেছিস, কেন তুই ফুটবল খেলবি?’ কত দিন যে মেয়ের হাত থেকে ফুটবল কেড়ে নিয়ে বঁটি দিয়ে কুচি কুচি করে কেটেছেন তার হিসাব নেই। এত বাধার পরও থেমে থাকেনি কৃষ্ণা। সত্যি বলতে কী, কৃষ্ণার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছেন মা।
এই মেয়েই এখন ঘর আলো করছে। সমাজ, সংসারের সীমানা ছাড়িয়ে কৃষ্ণা এখন বাংলাদেশের। টাঙ্গাইলের মেয়ে কৃষ্ণার হাত ধরেই ২০ ডিসেম্বর নেপালে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। সেদিন ফাইনালে নেপালকে হারিয়ে এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) অনূর্ধ্ব-১৪ ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকার এই দলের গর্বিত অধিনায়ক।
বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এটা এক বিশাল অর্জন। এর আগে আন্তর্জাতিক পর্যায়ে বড়দের বা বয়সভিত্তিক কোনো দলই এমন সাফল্যের অর্জনে ভাসেনি। ইতিহাস গড়া দলটির অধিনায়ক কৃষ্ণা পড়ছে অষ্টম শ্রেণিতে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে ছোট্ট ক্যারিয়ারটা শুরু কৃষ্ণার। এরপর আন্তস্কুল ও জেলা দলে খেলার পর পা রাখে বয়সভিত্তিক জাতীয় দলে। এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের দলে ডাক পেয়েছিল দুই বছর আগে। এবার তো অধিনায়কের বাহুবন্ধনীই উঠেছে তার হাতে। খেলেছে এশিয়ান মহিলা ফুটবলের বাছাইপর্বেও।
মেয়ে এখন ফুটবল খেলছে। দেশের জন্য সুনাম বয়ে আনছে। মা তাই আগের মতো রাগারাগি করেন না। নেপাল থেকে ফিরে বাফুফে ভবনে দাঁড়িয়ে কৃষ্ণা বলছিল, ‘বাড়ির সবাই চাপ দিত খেলাটা ছেড়ে দেওয়ার জন্য। মা অনেকবার বল কেটে ফেলেছে। মা বলতেন, মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, কেন সারাক্ষণ এত খেলা খেলা করিস?’

এভাবেই দলের নেতৃত্ব দেন কৃষ্ণা l ছবি: এএফপি
এভাবেই দলের নেতৃত্ব দেন কৃষ্ণা l ছবি: এএফপি

দিন বদলেছে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে মা-বাবার মনের বরফও গলতে শুরু করেছে। গ্রামের কৃষক বাবা বাসুদেব চন্দ্র এখন স্বপ্ন দেখেন, এই মেয়েই দেশের জন্য আরও সুনাম বয়ে আনবে।
আগামী ফেব্রুয়ারিতে ভারতে বসছে এসএ (সাউথ এশিয়ান) গেমসের আসর। বাফুফে ভবনে সিনিয়রদের সঙ্গে জাতীয় দলের আবাসিক ক্যাম্পে আছে কৃষ্ণাও। মেয়েদের ফুটবলের ইতিহাসের অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত কৃষ্ণা, ‘আমি অনেক আনন্দিত। এটা আমাদের মেয়েদের ফুটবলের জন্য অনেক বড় পাওয়া। পিছিয়ে পড়া ফুটবলটা এখন অনেক দূর এগিয়ে যাবে।’
নেপালের সঙ্গে ফাইনাল হওয়ার কথা ছিল গত ২৫ এপ্রিল। কিন্তু ভয়াবহ ভূমিকম্পে সেদিন মৃত্যুকূপে পরিণত হয়েছিল নেপাল। খেলাটি স্থগিত করে এএফসি। পূর্বনির্ধারিত ওই ফাইনাল হয়েছে ২০ ডিসেম্বর। আবারও নেপালে খেলতে গেলে সেদিনের সেই স্মৃতি বারবার ফিরে ফিরে আসছিল তার মনে, ‘ওই দিন আমরা টিম মিটিংয়ে ছিলাম। দুপুর ১২টার সময় হঠাৎ দেখি সব নড়ছে। নৌকার মতো দুলছে। আমাদের ভবনটা ছয়তলা। আমরা ছিলাম সবার ওপরে। দেখি সব কাগজের মতো উড়ছে। আমরা খুব ভয় পেয়েছিলাম। এরপর দরজার সামনে থেকে ব্যালকনিতে চলে যাই। গিয়ে দেখি পাহাড় ভেঙে ভেঙে বাড়ির ওপর পড়ছে।’ এত ভয় এইটুকু জীবনে আগে কখনো পায়নি কৃষ্ণা—‘খুব কান্নাকাটি করছিলাম আমরা। এরপর কোচ স্যারকে জড়িয়ে ধরে নিচে নামি। ওই দিনের স্মৃতি কোনো দিন ভুলতে পারব না।’
তবে ওই কষ্টের স্মৃতি পেছনে ফেলে কৃষ্ণারা সোনার পদক জিতে দেশে ফিরেছে। বাড়িতে এখন অপেক্ষা করছে মা-বাবা এবং বন্ধুরা। টাঙ্গাইলের সুতি বিএম পাইলট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে শিক্ষকেরা আদর করে ডাকেন ‘খেলোয়াড়’ বলে।
২০ ডিসেম্বর খেলা শেষে নেপাল থেকে অনেক রাতে কৃষ্ণারা ফেরে বাফুফে ভবনে। সেখানে অপেক্ষায় থাকা গণমাধ্যমকর্মীদের সামনে উঁচিয়ে ধরে নিজের সোনার পদক। মুহুর্মুহু ফ্ল্যাশে পদকটি ঝিলিক দিয়ে ওঠে। ঝিলিক দিয়ে ওঠে ক্যাপ্টেন কৃষ্ণার মনের গহিনে লুকিয়ে থাকা স্বপ্নটিও।