একটি মাত্র কম্পিউটার নিয়ে ক্যাফের যাত্রা শুরু হয় ২০১০ সালের শেষ দিকে। লুকের মতে, ২০১০ সালের শেষ দুই মাস ছিল ক্যাফের ‘পরীক্ষামূলক কার্যক্রম’। এ কারণে ক্যাফের ওয়েবসাইটে শুরুর তারিখ দেওয়া আছে ২০১১ সাল। শুরুটা এই ভাটারা থানাতেই। জায়গাটার স্থানীয় নাম কোকাকোলা। বলাবাহুল্য, নতুন বাজারের কাছে ভাটারা থানার পাশে কোকাকোলা নামের একটি জায়গা আছে। এখানকার স্থানীয় একটি দোকানে যাত্রা শুরু করে ক্যাফে। সেখানেই নিয়মিত শিশুরা এসে কম্পিউটার চালাতে পারত। অনেকটা সাইবার ক্যাফের মতো। তারপর স্থানান্তরিত হয় ক্যাফে। বড় কারণ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়া। এরই মধ্যে কেনা হয় পাঁচটি নতুন ল্যাপটপ। নতুন ভবনে যাওয়ার পর আরও পাঁচটি ল্যাপটপ উপহার পান ইলেকট্রনিকস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের কাছ থেকে। লুকের ভিজিটিং কার্ডের উল্টোদিকে স্যামসাং, ওয়েদারফিল্ড একাডেমি, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এবং জাস্টিস অ্যান্ড পিস নেটওয়ার্কের লোগো চোখে পড়বে। এই প্রতিষ্ঠানগুলোর কাছে কৃতজ্ঞ লুকের ক্যাফে।শুরুতে ক্যাফের শিক্ষার্থী ছিল ১০ জন। এখন দুই শতাধিক। বেশির ভাগ শিক্ষার্থী স্থানীয়। ভাটারা ও আশপাশের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরেরা নিয়ম করে প্রতিদিন কম্পিউটার প্রশিক্ষণ নেয় এখানে। মজার ব্যাপার হলো, ভাটারার যেখানেই শুরু করেছেন স্কুলের কার্যক্রম, সেখানেই বাধা এসেছে। লুকের কাজে সহযোগিতা তো দূরে থাক, ভালো চোখে দেখেননি কোনো বাড়িওয়ালাই। শুধু তা-ই নয়, সুবিধাবঞ্চিত শিশুদের যাতায়াত অনেক বাড়িওয়ালাই মেনে নিতে পারেননি। যতই স্কুলটা লুকের হোক, সিঁড়ি তো বাড়িওয়ালারই। তাই এক জায়গায় থিতু হওয়ার সুযোগ হয়নি ক্যাফের। গত দুই বছরে চারবার বদলাতে হয়েছে ক্যাফের ঠিকানা। এখন ক্যাফের কার্যক্রম চলছে, ১২১৩ নুরের চালা, ভাটারা, বাড্ডা, ঢাকায়। ঠিকানা যত সহজে পড়া গেল, পৌঁছানো তত সহজ নয়। নতুন বাজার নেমে ভাটারা থানার পাশ ধরে নির্মাণাধীন সড়কের দুই ধারের বাজার পেরিয়ে মিনিট দশেক হাঁটতে হবে। তারপর ডানের গলিতে ঢুকে বার কয়েক মোড় ঘুরতে হবে। রাস্তাই আপনাকে নিয়ে যাবে নির্মাণাধীন দোতলা বাড়ির সামনে। নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যে দরজার সামনে দাঁড়াবেন, সেখানেই লেখা ওয়েলকাম টু ক্যাফে।