ক্যাফে-৩১-এ আড্ডার মৌতাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের কাজীর দেউড়ির অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় ‘ক্যাফে-৩১’–এ সন্ধ্যায় জমে ওঠে আড্ডা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাচ-৩১ ক্লাব লিমিটেডেরই অংশ এই ক্যাফে। ছবিটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় তোলা l প্রথম আলো
নগরের কাজীর দেউড়ির অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় ‘ক্যাফে-৩১’–এ সন্ধ্যায় জমে ওঠে আড্ডা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাচ-৩১ ক্লাব লিমিটেডেরই অংশ এই ক্যাফে। ছবিটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় তোলা l প্রথম আলো

ক্যাফের ভেতরে ঢুকতেই দেখবেন দেয়ালে সাঁটানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও বিভিন্ন ফ্যাকাল্টির ছবি। মনে হবে ভুল করে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ঢুকে গেছেন। কফির কাপে চুমুক দিতে দিতে কানে ভেসে আসবে ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’। যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হন, তবে নস্টালজিয়া ঘিরে ধরবে আপনাকে। মনে হবে ট্রেনের উচ্ছল ছেলেমেয়েরাই গাইছেন এই গান। আর ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা হয়ে যেতে পারে কোনো সহপাঠীর সঙ্গে।
নগরের কাজীর দেউড়ির অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় এই ক্যাফের অবস্থান। নাম ক্যাফে-৩১। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাচ-৩১ ক্লাব লিমিটেডেরই অংশ এই ক্যাফে। দেড় হাজার বর্গফুটের এই ক্লাবে ক্যাফে-৩১ ছাড়াও রয়েছে পাঠাগার, ব্যায়ামাগার, অফিস কক্ষ, শিশু বিনোদনকেন্দ্র ও সেলস কর্নার। তবে ক্যাফে-৩১ ছাড়া বাকি সব সুযোগ কেবল ক্লাবের সদস্যদের জন্য সংরক্ষিত।
৩০ থেকে ৩৫ জন একসঙ্গে বসতে পারে এই ক্যাফেতে। দুই রকম কফি ছাড়াও আছে নানা মুখরোচক খাবার। চাইলে লাঞ্চ ও ডিনারও সেরে নিতে পারেন এখানে।
এই ক্যাফের ব্যবস্থাপক আবেল মো. জান্নাতুর রহিম জানালেন, অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় আগে তেমন ক্রেতা আসতেন না। এই ক্যাফে হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা আসছেন। পাশাপাশি আসছেন সাধারণ ভোক্তারাও। এর ফলে এখন এই ফ্লোরটি জমজমাট হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও পুরোনো শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই ক্যাফে চালু করা হয়েছে। এটি বাণিজ্যিক কোনো উদ্যোগ নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনস্থল।

ক্লাবের সেলস কর্নার থেকে কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে l প্রথম আলো
ক্লাবের সেলস কর্নার থেকে কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে l প্রথম আলো

জানা গেল ক্যাফেতে কফির পাশাপাশি মিলবে চিকেন ফ্রাই, বার্গার, স্প্রিং রোল, ট্যাম্পুরা শ্রিম্প ও এগ রোল। এ ছাড়া মেজবানি মাংস, মুরগি, ভর্তা, ছোট ও বড় মাছের নানা পদ রান্না হয় লাঞ্চ ও ডিনারের জন্য। লাঞ্চ ও ডিনারে সেট মেনুতে খেতে চাইলে দাম পড়বে আড়াই শ টাকা।
ক্যাফের কর্মকর্তারা জানান, এখানকার বারবিকিউ চিকেন চাপ ও পরোটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেতাদের কাছে। প্রতি প্লেটের দাম রাখা হচ্ছে ১৪০ টাকা। বেশ বিক্রি হচ্ছে তাজা ফলের রসও।
ক্যাফে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল, চাইলে এখানে পার্টিরও আয়োজন করা যায়। সে ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ জনের বসার ব্যবস্থা করা যাবে।
ক্যাফের ব্যবস্থাপক আবেল মো. জান্নাতুর রহিম বলেন, ‘আমরা প্রতিষ্ঠান চালানোর খরচ তুলে আনতে চাই। এর বেশি লাভ হলে সেটা ব্যাচ-৩১ ক্লাবের তহবিলে জমা হয়। সেই তহবিল থেকে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষজনের জন্য কিছু একটা করার চেষ্টা করি। আসলে আমাদের লক্ষ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণের আড্ডাটা ধরে রাখা।’