ক্যামিলের চট্টগ্রাম আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরািস শিল্পী ক্যামিলে আর্থেমিস মিলিয়ান এই শহরের মানুষ ও প্রকৃতি নিয়ে করেছেন বেশ কয়েকটি পারফরম্যান্স ও ভিডিও আর্ট l সৌরভ দাশ
ফরািস শিল্পী ক্যামিলে আর্থেমিস মিলিয়ান এই শহরের মানুষ ও প্রকৃতি নিয়ে করেছেন বেশ কয়েকটি পারফরম্যান্স ও ভিডিও আর্ট l সৌরভ দাশ

সকাল সাড়ে সাতটা। ডিসি হিলের উন্মুক্ত চত্বর। প্রাতর্ভ্রমণে আসা লোকজন উৎসুক ভঙ্গিতে দাঁড়িয়ে কিছু একটা দেখছিলেন। কাছে যেতেই দেখা গেল একজন বিদেশিনী কয়েকজন তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে বাজনার তালে তালে নাচের মহড়া দিচ্ছেন।
ক্যামেরায়ও ধারণ করা হচ্ছিল এসব। দেখে মনে হচ্ছিল কোনো চলচ্চিত্রের শুটিংই বুঝি চলছে। আসলে তা নয়, ফরািস শিল্পী ক্যামিলে আর্থেমিস মিলিয়ান পারফরম্যান্স আর্ট উপস্থাপন করছিলেন।
১৪ নভেম্বর সকালে নগরের ডিসি হিলের পাশাপাশি এই পারফরম্যান্স প্রদর্শনী পুরোনো রেলওয়ে স্টেশনেও অনুষ্ঠিত হয়।
ক্যামিলে ১ নভেম্বর আবাসিক শিল্পী হিসেবে চট্টগ্রামে এসেছেন আলিয়ঁস ফ্রঁসেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায়। চারুকলা ইনস্টিিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি তিনি চারুশিল্পীদের দুটি সংগঠন পোড়াপাড়া আর্ট স্পেস ও যোগ অল্টারনেটিভ আর্ট স্পেসের শিল্পীদের সঙ্গে ছয় দিন করে মোট ১২ দিন কাজ করেছেন। এ সময় এলাকার সাধারণ লোকজনের সঙ্গে মেশার পাশাপাশি অংশ নিয়েছেন বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানেও। এসব অভিজ্ঞতা নিয়ে উন্মুক্ত স্থানে বেশ কিছু পারফরম্যান্সও উপস্থাপন করেন তিনি।
বাইশ-তেইশ বছর বয়সী সোনািল চুলের ক্যামিলে ফ্রান্সের ফাইন আর্টস ইনস্টিটিউট অব বিসাঁকন থেকে মাস্টার্স পাস করেছেন। পড়াশোনার বিষয় ছিল সিরামিক আর্ট। তবে এখন মেতে আছেন স্থাপনা ও পারফরম্যান্স আর্ট নিয়ে।
১৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের অভিজ্ঞতা নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন তিনি। অনুষ্ঠান শেষে কথা হয় তাঁর সঙ্গে। ইংরেজি বলেন না, তাই আলিয়ঁসের পরিচালক রাফায়েল ইয়েগার ও শিক্ষক গুরুপদ চক্রবর্তীকে দোভাষীর ভূমিকা নিতে হলো। চট্টগ্রামে কেমন লাগছে প্রশ্ন করতে হেসে জবাব দিলেন, খুব ভালো। তারপর একটু ভেবে বললেন, ‘এখানে না এলে বৈচিত্র্যটা টের পেতাম না। এটা আমার শিল্প ভাবনাকে সমৃদ্ধ করেছে। এখানকার মানুষজন খুব অতিথিপরায়ণ ও কৌতূহলী।’
ক্যামিলে জানান, ফ্রান্সে ধনী–দরিদ্র দুই শ্রেণির মানুষ থাকলেও সেখানে পার্থক্যটা চোখে পড়ে না, এখানে যতটা পড়ে। তবে দারিদ্র্য সত্ত্বেও এখানকার মানুষজন নানা দিক থেকেই সমৃদ্ধ। তাদের সবচেয়ে বড় শক্তি সরলতা।
কয়েক সপ্তাহের সফরে ক্যামিলে সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে মিশেছেন। তাঁর আগ্রহের বিষয় দেহভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। পাশাপাশি ব্যক্তির হৃদয়ের গভীরতর আবেগ বা স্পিরিচুয়ালিটিকে আবিষ্কার করতে চেয়েছেন তিনি।
শিল্প সৃষ্টির পেছনে কোনো দর্শন কাজ করে কী? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘তেমন কোনো দর্শন নেই। আমি কেবল কাজ করি। আর যা করি তাতেই আমার সব বলা হয়ে যায়।’
দেহচিত্র, স্থাপনা, ভিডিও আর্ট, পারফরম্যান্সসহ নানা মাধ্যমেই কাজ করেন ক্যামিলে। চট্টগ্রামে এসে সে ধরনের কাজই করতে চেয়েছেন বলে জানালেন। তাঁর করা কাজগুলো নিয়ে আগামী ৮ ডিসেম্বর প্রদর্শনী অনুষ্ঠিত হবে আলিয়ঁস ফ্রঁসেজে।

চট্টগ্রামের কোন খাবারটি মনে ধরেছে? এমন প্রশ্ন করতেই ক্যামিলে নারকেল দিয়ে রান্না করা বিন্নি ভাতের কথা জানালেন। বিন্নি ভাতের মতো ঐতিহ্যবাহী খাবারের মধ্য দিয়ে ক্যামিলে চট্টগ্রামকে আবিষ্কার করতে চেয়েছেন। আর সেই আবিষ্কার যে গভীর আনন্দ আর প্রশান্তির বিষয় সেটা তাঁর উচ্ছল হাসিই বলে দেয়।