ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন, ‘চোখ আর ক্যামেরায় তো বেশ মিল, পার্থক্যটা কোথায় বলো তো?’ খানিকক্ষণের নীরবতা, হঠাৎ এক প্রত্যুৎপন্নমতি উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, চোখ হলো ফাঁকিবাজ ছাত্র, পড়াশোনা করলেও বাড়ির কাজ করে না। কিন্তু ক্যামেরা ভালো ছাত্র, নিয়মিত বাড়ির কাজ করে, কিছু পড়লেই কাগজে লিখে ফেলে!’ ক্যামেরার যেমন তেলেসমাতি, তাতে পুঁচকে ছাত্রের অমন উত্তরে অবাক হওয়ার কিছু নেই। তাজ্জব এই যন্ত্রটি আজকাল বেশ সহজলভ্য হয়ে গেছে। কোথায় নেই ক্যামেরা—এ বিষয়ে গবেষণা হতে পারে একটা! অধিকাংশ ক্ষেত্রে সহজলভ্য হলেও এখনো অনেক ক্যামেরার দাম আকাশচুম্বীই রয়ে গেছে। তবে অবাক করা ব্যাপার হলো, দুনিয়ার সবচেয়ে দামি ক্যামেরাটি মোটেও একালের জমকালো কিছু নয়, সেই ১৮০০ শতকের সেকেলে জিনিস সেটা! জ্যাক ম্যানডে ডাগুরে নামের এক ভদ্রলোক ডাগুরেটাইপ নামের এক ক্যামেরা উদ্ভাবন করেছিলেন। খুব ভালো মান এবং একবারের বেশি ছবি না পাওয়াতে মাত্র এক দশকেই সেকেলে হয়ে পড়ে সেই ক্যামেরা। তবে তাতে কী আসে যায়! ১৮৩৯ সালে তৈরি একটি ডাগুরেটাইপ ক্যামেরা নিলামে তোলা হয় ২০০৭ সালে। ‘পুরান চাল ভাতে বাড়ে’, বাংলাদেশি হিসাবে প্রায় ৫৪ কোটি টাকায় বিক্রি হয়েছিল ক্যামেরাটা!