ক্যামেরা নিয়ে কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারবারই তাঁদের গণিত আর বিজ্ঞান নিয়ে। যন্ত্রপাতি নিয়ে কাজ করতে করতেই বেছে নিয়েছেন ক্যামেরাটাও। এভাবে আলো নিয়ে খেলার ছলে কেউ হয়ে যান শখের আলোকচিত্রী। আবার কেউ বা প্রকৌশলী হতে এসে আলোকচিত্রকে হূদয়ে ধারণ করে হয়ে যান পেশাদার আলোকচিত্রী। আজ আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এমনই একটি সংগঠনের গল্প শোনাব আপনাদের। বুয়েটের যান্ত্রিক জীবনে একটু আনন্দের, একটু মুক্তির আস্বাদ সব সময়ই খুঁজে বেড়ান শিক্ষার্থীরা । আর সেই মুক্তির প্রয়াস থেকেই আলোকচিত্রপাগল একদল শিক্ষার্থীর হাত ধরে ১৯৯৮ সালে জন্ম নেয় বুয়েট আলোকচিত্র সংঘ। সংগঠনের উপদেষ্টা ও সাবেক শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, ‘নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আমরা সবাই মিলে সংগঠনকে এগিয়ে নিয়েছি। গতিশীল করেছি এর কর্মকাণ্ড। আমাদের সবার মিলিত চেষ্টায় যেভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল, আশা করি ভবিষ্যতে নতুন সদস্যরা সে পথটিকে আরও প্রশস্ত করবে। সমৃদ্ধ হবে এর কর্মপরিধি।’প্রায় ২০০ সদস্যের এ সংগঠনটি একজন সভাপতি ও সহসভাপতি, চারজন সেক্রেটারি, একজন কোষাধ্যক্ষ, তিনজন এক্সিকিউটিভ সদস্য এবং সাধারণ সদস্যদের নিয়ে গঠিত। সংগঠনের সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক মোস্তফা আনোয়ার বলেন, ‘শখের জায়গা থেকে সংগঠনটি তৈরি হলেও আজ এর ব্যাপ্তি এত বেশি, তা আর শখের মধ্যে সীমাবদ্ধ নেই। আলোকচিত্রকে সবাই জানতে পারছে, বুঝতে পারছে, আলোকচিত্রের মৌলিক বিষয়গুলো শিখতে পারছে। এখানেই ভিত্তিমূল হিসেবে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।’ সেই প্রতিষ্ঠার শুরু থেকেই এ সংগঠন এগিয়ে চলেছে নিজস্ব গতিতে, বৈচিত্র্যময় ছন্দে। প্রতিটি সেমিস্টারে নিয়মিত আলোকচিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা, উৎসব এবং কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালা দেশ-বিদেশের স্বনামধন্য আলোকচিত্রীরাই পরিচালনা করে থাকেন। এ ছাড়া দলবল নিয়ে দেশের দর্শনীয় সব স্থানে ছবি তুলতে যাওয়া, সপ্তাহের অন্তত একটি দিন সংগঠনের নতুন-পুরোনো সব সদস্য একসঙ্গে মিলিত হয়ে আনন্দ-আড্ডার ব্যবস্থা তো আছেই। এসব ভ্রমণ আমাদের দৃষ্টিভঙ্গিকে যেমন বিকশিত করে, তেমনি চিন্তাচেতনারও উন্মেষ ঘটায় বহুলাংশে। আর আড্ডার মাঝে প্রত্যেকেই আলোকচিত্র নিয়ে নিজেদের ধ্যান-ধারণা শেয়ার করে। এভাবে উন্মোচিত হয় আলোকচিত্রের নতুন নতুন ধারা। বলছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউআরপির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম হোসেন। পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগঠনের সেক্রেটারি সুচেতা সেগুফতা মনে করেন, এ সংগঠনের সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে আলোকচিত্রকে সবার সামনে তুলে ধরা সম্ভব। এতে অনেকেই উৎসাহিত হবে। ভবিষ্যতে আরও আলোকচিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা, উৎসব, আলোকচিত্রবিষয়ক কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা ও সম্ভাবনাকে বিকশিত করতে এ সংগঠন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও সুনাম ছড়িয়ে পড়ছে এ সংগঠনের। বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় এ সংগঠনের সদস্যরা জয় করছে শ্রেষ্ঠত্বের বিজয়মালা। সব প্রতিযোগিতার মধ্যে ওশেন ইন ফোকাস ফটো কম্পিটিশন, স্কট কেলবিস ওয়ার্ল্ডওয়াইড ফটোওয়াক ২০০৯, ভিশন ০৯ ফটোকনটেস্ট, সনি ওয়ার্ল্ড প্রেস ফটোগ্রাফি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের একজন যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও সংগঠনের সভাপতি নাসের ইমরান বলেন, ‘বুয়েটের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জীবনটাকে অনেকেই একঘেয়ে মনে করে। এই একঘেয়েমি কাটিয়ে জীবনটাকে সৃষ্টিশীলতার রঙে রঙিন করে তুলছে আলোকচিত্র। আর এ কাজে সংগঠনটি দিচ্ছে পূর্ণ সহযোগিতা। তাই দেশ ছাড়িয়ে বিদেশেও আলোকচিত্র নিয়ে আমরা বিজয়ের হাসি হাসতে পারি।’ অনেকের কাছে ছবি তোলা সময় নষ্টের মতো একটা কাজ। পড়াশোনার পাশাপাশি সময় মিলিয়ে চললে আলোকচিত্রকে শখ তো বটেই, পেশা হিসেবেও যে-কেউ ইচ্ছা করলে বেছে নিতে পারেন—এমনই মনে করেন সংগঠনের কোষাধ্যক্ষ ও যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামির বিন করিম। প্রযুক্তির আধুনিকতায় অনলাইনেও সমান সক্রিয় এই সংগঠনটি। ফলে কর্মকাণ্ড পরিচালনা আরও সহজ হয়ে পড়েছে। সংগঠনের সহসভাপতি ও পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী অনন্যা রুবায়াত মনে করেন, সংগঠনটি সব শিক্ষার্থীর সৃষ্টিশীলতা প্রকাশের মঞ্চ। পড়াশোনার প্রচণ্ড চাপের মধ্যে এটি এমন এক জায়গা, যেখানে শিক্ষার্থীরা আত্মপ্রকাশ করতে পারে সফলভাবে। তাহলে চারপাশের ঘটনা, জীবনযাত্রা, কল্পনা ও সৃষ্টিশীলতার বাস্তব বহিঃপ্রকাশ ঘটবে ক্যামেরার ফ্রেমের মধ্যে। আর এভাবেই ‘বুয়েট ফটোগ্রাফি সোসাইটি’ হয়ে উঠবে সেরা সংগঠনের একটি। এগিয়ে যাবে বহু দূর।