ক্যামেরা নিয়ে সংবাদের পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত নাহার নাজনীন৷ ছবি: খালেদ সরকার
নুসরাত নাহার নাজনীন৷ ছবি: খালেদ সরকার

ক্যামেরা হচ্ছে কলমের মতো। আপনি কিছু লিখতে চাইলে যেমন কলমের দরকার, তেমনি কাউকে কিছু দেখাতে চাইলে দরকার ক্যামেরা। তবে দেখানোটা কীভাবে দেখাবেন সেটা হচ্ছে ব্যাপার! বলছিলেন নুসরাত নাহার নাজনীন। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিতে চিত্র সাংবাদিক হিসেবে কাজ করছেন তিনি।
অথচ এইচএসসি পাস করার আগেও নুসরাত জানতেন না, কখনো চিত্রসাংবাদিক বা ক্যামেরাপারসন হবেন। পুরোদস্তুর বিজ্ঞানের ছাত্রী নুসরাতের ইচ্ছে ছিল অণু জীববিজ্ঞান নিয়ে পড়ার। কিন্তু ২০০৫ সালে এইচএসসি পাস করার পরপরই বাবা সোজা ভর্তি করিয়ে দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে। সরকারি চাকুরে বাবা মাইনুদ্দিন খন্দকার কীভাবে যেন বুঝেছিলেন, এই মেয়েকে দিয়ে সৃজনশীল কিছু একটা হবে।
নুসরাত বলেন, ‘তখন ভেবেছিলাম বাবা নিশ্চয় আমার জন্য খারাপ কিছু চাইতে পারেন না। তাই তাঁর ইচ্ছের বিরুদ্ধে একটুও প্রতিবাদ করিনি। তবে আজ বুঝেছি, বাবা কতটা দূরদর্শী ছিলেন। আমাকে নিয়ে তাঁর চিন্তা কতটা আধুনিক ছিল।’
চার বছরের অনার্স করতে গিয়ে দুটো বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন নুসরাত। একটি পরিচালনা, অপরটি ক্যামেরা চালনা। প্রথমটির ফলাফল হলো, এরই মধ্যে বেশ কয়েকটি শর্ট ফিল্ম ও তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। পুরস্কারও জিতেছেন ধূমপানবিরোধী শর্ট ফিল্ম বিষ-এর মাধ্যমে। আর দ্বিতীয়টিকে তো পেশা হিসেবেই নিয়েছেন তিনি।
নিজের পেশা কতটা আনন্দের? প্রশ্ন শেষ হওয়ায় উত্তরের ঝাঁপি মেলে ধরেন তিনি। ‘সত্যি কথা বলতে কি আমি অনেক আনন্দ নিয়ে কাজ করি। কারণ, আমার সহকর্মী, বন্ধু, বিশেষ করে আমার পরিবার ও আত্মীয়স্বজন অনেক বেশি উৎসাহ দেয়। আমি যা দেখছি, তা অন্যকে দেখাতে পারছি। একই সঙ্গে খুব সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছি। এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে?’
সময় টেলিভিশনের ক্যানটিনে বসে নুসরাতের সঙ্গে যখন কথা হয়, তার একটু আগে অফিসে এসেছেন নুসরাত। অিফসে এসেই বাইরে অ্যাসাইনমেন্টে যাওয়ার তাড়া। তবুও কফি পান করতে করতে জানান তাঁর জীবনের গল্প। ‘তিন ভাইবোনের মধ্যে আমি বড়। আমার বাড়ি নরসিংদী হলেও বাবার সরকারি চাকরির সুবাদে দেশের অনেক জায়গায় ঘুরেছি। এখন সবাই মিলে ঢাকার বেইলি রোডে থাকি।’ সব মিলিয়ে আরও ভালোভাবে কাজ করে যেতে চান নুসরাত নাজনীন।