ক্যামেরা রাখুন! চোখে দেখুন মনে গাঁথুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষ যখন মনে রাখার জন্য প্রযুক্তির ওপর নির্ভর করে তখন নিজেদের অভিজ্ঞতা ভালোভাবে মনে রাখার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রতীকী ছবিটি রয়টার্স থেকে নেওয়া।
মানুষ যখন মনে রাখার জন্য প্রযুক্তির ওপর নির্ভর করে তখন নিজেদের অভিজ্ঞতা ভালোভাবে মনে রাখার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রতীকী ছবিটি রয়টার্স থেকে নেওয়া।

এমন সুন্দর বিকেল আবার কবে পাওয়া যাবে! আলোঝলমলে প্রকৃতির কোলে পাখি ডাকা এই সময়টা প্রাণ খুলে বাঁচুন, চোখ মেলে দেখুন, কান পেতে শুনুন। ক্যামেরা হাতে সারাক্ষণ একের পর এক ছবি তুলতে থাকলে কিংবা ভিডিও করলেই কি এই সময়কে ধরে রাখা যাবে? মনোবিজ্ঞানীরা বলছেন, স্মৃতি ধরে রাখতে হাল দুনিয়ার মানুষের এই যন্ত্রনির্ভর প্রবণতায় বরং হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি। ইন্দো এশিয়ান নিউজ এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।
আনন্দের মুহূর্তগুলোকে ফ্রেম-বন্দী করে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করার প্রবণতা থেকেই সম্ভবত আমাদের ক্যামেরা-প্রীতি বেড়ে গেছে বলেও মনে করছেন মনোবিজ্ঞানীরা। একদিকে হাতে হাতে মোবাইল ফোন বা অন্যান্য গেজেটেই ক্যামেরা, আরেক দিকে অনলাইনে নানা সামাজিক যোগাযোগ সাইটে ছবি-ভিডিও শেয়ার করার সুযোগ। দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে ঠিকই। কিন্তু আমাদের স্মৃতির ভাঁড়ারে থাকছে না কিছুই!
ঘুরে বেড়ানোয়, আনন্দ উত্সবে দারুণ মুহূর্তগুলোকে প্রাণভরে উপভোগ করার বা মনে গেঁথে নেওয়ার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি সেগুলো শুধুই ছবিতে ধরে রাখতে। মনোবিজ্ঞানীরা বলছেন, এতে করে এসব সময়ের অভিজ্ঞতা নিবিড়তা পাচ্ছে না, স্মৃতি সমৃদ্ধ হচ্ছে না। ফলে ছবি পড়ে থাকলেও জীবনের স্মৃতিগুলো দুর্বল হয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ফেয়ারফিল্ড ইউনিভার্সিটির গবেষক লিন্ডা হেঙ্কেল বলেন, ‘অনেক সময় মানুষ নিজের অজান্তেই ক্যামেরা হাতে তুলে নেয়। মানুষ যখন মনে রাখার জন্য প্রযুক্তির ওপর নির্ভর করে, তখন নিজেদের অভিজ্ঞতা ভালোভাবে মনে রাখার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

এর আগে এক গবেষণায় দেখা গেছে, মানুষ বেশি ছবি তুলতে থাকলে অভিজ্ঞতার বিশদ মনে রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অবশ্য পুরোনো ছবি আমাদের স্মৃতি মনে রাখতে সহায়তা করতে পারে। কিন্তু সেসব ছবি নিয়ে অনেকটা সময় কাটালেই কেবল সেই অভিজ্ঞতার নানা মাত্রা মনে করতে পারা সম্ভব।

সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে মনোবিজ্ঞানী লিন্ডা হেঙ্কেল আরও মন্তব্য করেন, ‘মনে রাখার জন্য আমাদের ছবি-ভিডিও নিয়ে সময় কাটাতে হবে, কেবল তুলে তুলে সেগুলো জমিয়ে রাখলেই চলবে না।’