ক্যামেরা হাতে তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজোয়ানা চৌধুরী, হোমায়রা আদিবা, সাদিয়া মরিয়ম, অংমাখাই চাক, হাবিবা নওরোজ ও মাহমুদা তুলি  ছবি: তানভী
রেজোয়ানা চৌধুরী, হোমায়রা আদিবা, সাদিয়া মরিয়ম, অংমাখাই চাক, হাবিবা নওরোজ ও মাহমুদা তুলি ছবি: তানভী

ছবি তোলার খুব নেশা ছিল মেয়েটির। ইচ্ছা ছিল একদিন কাঁধে ক্যামেরা ঝুলিয়ে পৃথিবী দেখবে। ‘ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি’ সম্পর্কে জানার পর থেকেই আগ্রহে ফেটে পড়ছে। খাওয়া, ঘুম, স্কুলের পথে শুধু একই ভাবনা—জঙ্গলে ঘুরবে, ছবি তুলবে। দুনিয়াকে দেখিয়ে দেবে! তারপর একসময় মেয়েটি বড় হয়, স্কুল পেরিয়ে কলেজ। তখন পরিবার আর সমাজের চাপে বদলে ফেলতে হয় স্বপ্ন। হয়তো সেই মেয়েটিকেই পরে হতে হয়েছে চিকিৎসক বা প্রকৌশলী।

ছবি: মাহমুদা তুলি
ছবি: মাহমুদা তুলি

আর দশটা গল্পের পাশে যদি গল্পটি পিতৃপ্রধান ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মেয়ের হয় তাহলে বোঝাই যায় তাঁর সংগ্রাম কতটা ছিল। বলছি অংমাখাই চাকের কথা। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ১৯ আগস্ট বিকেলে পাঠশালা একটি স্ক্রিনিংয়ের আয়োজন করেছিল। সেখানে ছয়জন তরুণ নারী আলোকচিত্রী তাঁদের কাজ তুলে ধরেন। অংমাখাই তাঁদেরই একজন। অংমাখাই চাক বলেন, ‘এই ফটোস্টোরিটি মূলত ক্রমপরিবর্তনশীল পৃথিবীতে আমার নিজের সত্তা তুলে ধরার একটি প্রয়াস। আমাদের জীবন প্রতিনিয়ত আমাদের আশপাশের জগৎ দ্বারা প্রভাবিত ও পরিবর্তিত হয়। আমার সঙ্গে প্রকৃতির যেটুকু সম্পৃক্ততা এখনো আছে, তা রূপকভাবে দেখানোর চেষ্টা করেছি এই ফটোস্টোরিতে।’

ছবি: অংমাখাই চাক
ছবি: অংমাখাই চাক

মজার ব্যাপার হচ্ছে অংমাখাই চাক কাজ করেছেন তাঁদের পানি রাখার কলসি, লাউয়ের খোল, বাঁশির মতো এমন কিছু বিষয় নিয়ে, যা চট করে শহরে চোখে পড়ে না। তিনি বললেন, ‘কাজ করতে গিয়ে পরিবারের সহায়তা পেয়েছি। আমি যেহেতু আমার গোষ্ঠীর প্রথম নারী আলোকচিত্রী, কিছু প্রতিবন্ধকতা তো ছিলই।’

ছবি: হাবিবা নওরোজ
ছবি: হাবিবা নওরোজ

শৈশবের সেই বাড়ির ছাদ। যেখানে সকালে গাছে পানি দেওয়া, বিকেলে ঘুড়ি ওড়ানো, কখনো বা ভালোবাসার মানুষের সঙ্গে চোখাচোখি—এ সবকিছু ছিল অস্তিত্বজুড়ে; যা আজকাল এই যান্ত্রিক শহরে তেমনটি চোখে পড়ে না। সেই ছাদটা ফ্রেমবন্দী করেছেন হোমায়রা আদিবা। বললেন, ‘আমাদের সময় ছাদটা আলাদা একটা ভালো লাগার জায়গা ছিল। সেই ভাবনা থেকেই ছাদের ছবি তোলা।’ তাঁর ছবিগুলোতে আছে মুগ্ধ হওয়ার মতো জাদু।

ছবি: হোমায়রা আদিবা
ছবি: হোমায়রা আদিবা

বাকি চারজন হাবিবা নওরোজ, মাহমুদা তুলি, রেজোয়ানা চৌধুরী, সাদিয়া মরিয়ম। এর মধ্যে সাদিয়া মরিয়মের কাজ আর বিষয় রীতিমতো চমকে দেওয়ার মতো। ছবি তোলার হাতেখড়ি পাঠশালাতেই। সাদিয়া মরিয়ম বললেন, ‘তিন মাস মানসিক হাসপাতাল দেখে একটা ফিকশনধর্মী কাজ করতে চেষ্টা করেছি। পুরো কাজেই সেই অভিজ্ঞতা জড়িয়ে আছে।’
এবার অপেক্ষার পালা। এই ছয়জনকে দেখে অনেক মেয়ে আগ্রহী হবেন। সব প্রতিকূলতা ভেঙে তাঁরা আরও এগিয়ে যাবেন।