ক্যামেরার চোখে মানুষ ও প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরের স্বচ্ছ জলে ডিঙি নৌকায় ভাসছে দুই শিশু। ‘বাজাউ স্টিল ভিলেজ’ শিরোনামের এই ছবিটি মালয়েশিয়ার সাবাহ প্রদেশ থেকে তোলা। হোটেল রেডিসন ব্লু আয়োজিত শোয়েব ফারুকীর মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে এই ছবিটি
সাগরের স্বচ্ছ জলে ডিঙি নৌকায় ভাসছে দুই শিশু। ‘বাজাউ স্টিল ভিলেজ’ শিরোনামের এই ছবিটি মালয়েশিয়ার সাবাহ প্রদেশ থেকে তোলা। হোটেল রেডিসন ব্লু আয়োজিত শোয়েব ফারুকীর মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে এই ছবিটি

সবুজ ঘাসে ছাওয়া নদীতীর। নদীতে এসে মিশেছে ফিতার মতো সরু খাল। সেই খালে মাছ ধরার নৌকায় জনা দশেক জেলের অপেক্ষা। নদীতে নামার প্রস্তুতি চলছে বুঝি বা। তীরের কাছে পানি ছুঁয়ে উড়ছে গাঙচিলের ঝাঁক। তাদের ফাঁকে আরও একটি নৌকার নদীতে নামার প্রস্তুতি চোখে পড়ে।
৫ মার্চ রেডিসন ব্লু চট্টগ্রামে শুরু হয় শোয়েব ফারুকীর তৃতীয় একক আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল ‘সমুদ্রচারী’ শিরোনামের আলোকচিত্রটি। মুহূর্তেই দর্শকদের মন জয় করে নেয় এই ছবি। ছবিতে জেলেজীবনের গল্প আছে। তবে সে গল্পের চেয়েও প্রকৃতির রঙের বিন্যাসই যেন শেষ পর্যন্ত প্রধান হয়ে ওঠে।
‘লাইট অব মাই সোল’ শিরোনামে মাসব্যাপী এই প্রদর্শনীতে স্থান পাওয়া ৭০টি আলোকচিত্রে প্রকৃতি, অসাম্প্রদায়িকতা, জীবনযাপন, জাহাজভাঙা শিল্পসহ নানা বিষয় উঠে এসেছে। তবে আলোকচিত্রীর আগ্রহের কেন্দ্রে ছিল প্রকৃতি ও চারপাশের মানুষ।
পাঁচ তারা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামের উদ্যোগে মাসজুড়ে আয়োজিত হচ্ছে এই প্রদর্শনী। প্রতি শনিবার প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন আসিয়ান বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি মাহমুদ হাসান ও রেডিসন ব্লু চট্টগ্রামের মহাব্যবস্থাপক গেইর সিক্কু।
প্রদর্শনীর প্রথম ছবিটির নাম ‘রিস্কি জাম্প’। পাশাপাশি চলন্ত দুটি ট্রেন। ট্রেনের মাথা ছাপিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ। এমন পটভূমিতে এক ট্রেন থেকে লাফিয়ে অন্য ট্রেনে যাচ্ছে দুটি বালক। এই ছবির নাটকীয়তা দর্শককে মুগ্ধ করে।
জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের জীবন নিয়ে তোলা ছবির শিরোনাম ‘চিটাগাং শিপ ইয়ার্ড’। এই ছবিতে পরিত্যক্ত জাহাজের বিশাল কাঠামো নতুন মাত্রা এনেছে। ছবির বিন্যাসও মুগ্ধ করার মতো।
ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতি নানা অনুষঙ্গই তুলে ধরেছেন শোয়েব ফারুকী।
বাংলাদেশ ছাড়াও নেপাল, আরব আমিরাত, চীন, মালয়েশিয়া, তুরস্ক ও নেদারল্যান্ডসের মানুষের জীবনকেও আলোকচিত্রে হাজির করেছেন তিনি। সব দেশেই মানুষের জীবন ও প্রকৃতি যে পরস্পরকে জড়িয়ে থাকে, শোয়েব যেন সেটাই দেখালেন দর্শকদের।
প্রদর্শনী সম্পর্কে আলোকচিত্রী শোয়েব ফারুকী বলেন, রেডিসন ব্লু চট্টগ্রাম এখানকার শিল্পীদের জন্য যে প্রদর্শনীর ব্যবস্থা করেছে, এটা একটা খুব ভালো দিক। এখানে প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামের শিল্পীরা তাঁদের কাজ দেশি-বিদেশি দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। বিদেশি দর্শকেরা স্থানীয় শিল্পীদের কাজ সম্পর্কে জানতে পারবেন। তাঁর এই প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত।