ক্যামেরার পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ মে শুক্রবার। দুপুর পেরিয়ে বিকেলের শুরু। সবে ঘড়ির কাঁটা চারটা ছুঁয়েছে। এরই মধ্যে রংবেরঙে রাঙানো র্যালি বেরিয়ে এল পাঠশালা থেকে। উঠতি বয়সী তরুণদের হই-হুল্লোড়ের সঙ্গে সঙ্গে নেচে উঠছেন ৪০ পেরোনো তরুণেরাও। নেচে ওঠার মতো উপলক্ষই যে! শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ায় আলোকচিত্র শেখার অভিজাত প্রতিষ্ঠান পাঠশালা যে এক যুগ পেরোল! সে উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানের প্রথম দিন বর্ণাঢ্য র্যালির পর ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর দ্বিতীয় দিন ছিল পাঠশালার শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনী আর সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দিনই পাঠশালার নতুন-পুরোনো শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।এবার তাহলে পাঠশালার গল্প বলা যাক। আগেকার দিনে গ্রামেগঞ্জে কোনো বড় বড় দালানের স্কুল-কলেজ ছিল না। তখনকার দিনে গ্রামের বড় কোনো গাছের সবুজ ছায়ায় বসে শিক্ষার্থীরা গুরুর কাছে জ্ঞান অর্জন করত। চারপাশে খোলামেলা প্রকৃতি, বিস্তৃত নীল আকাশ, পাখিদের কলকাকলি, কোনো নির্দিষ্ট সীমানা নেই; অদ্ভুত সুন্দর এক পরিবেশ। এর মধ্যেই উৎসুক শিক্ষার্থীদের হাজারো প্রশ্নের সহজ-সরল উত্তর দিয়ে চলেছেন গুরুজি। ছাত্র-শিক্ষকের মধ্যে সৃষ্টি হতো এক অকৃত্রিম আন্তরিক পরিবেশ। একেই বলা হতো পাঠশালা। এভাবেই জ্ঞানের রাজ্যে ডানা মেলত শিক্ষার্থীরা। আর ছাত্র-শিক্ষকের মধ্যে এ রকম আন্তরিক পরিবেশ তৈরি করে চমৎকার সব ছবি তোলা শেখানোর প্রতিষ্ঠান হিসেবেই গড়ে উঠতে চেয়েছিল পাঠশালা।পাঠশালার ভাইস প্রিন্সিপাল আবির আবদুল্লাহ বলেন, ‘পাঠশালার শিক্ষার্থীরা স্বনামধন্য শিক্ষকদের সঙ্গে সুন্দর পরিবেশে কাজ শেখে বলেই তারা ভালো ফটোগ্রাফার হতে পারে।’ এমনটি জানান পাঠশালার শিক্ষার্থী সজীব, আশিক, মেহেদীরাও।শখের ফটোগ্রাফার অথবা পেশাজীবী—বাংলাদেশে বসবাস অথচ পাঠশালার নাম শোনেননি এমনটি হতেই পারে না। পাঠশালায় হাতেখড়ি হওয়া অনেক শিক্ষার্থীই এখন নিজ নামে পরিচিত।১৯৯৮ সালের দৃক গ্যালারির সহায়ক সংস্থা হিসেবে গড়ে ওঠার পর বিভিন্ন ধরনের ফটোগ্রাফি কোর্স করানো শুরু করে পাঠশালা। একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত প্রায় সব ধরনের ফটোগ্রাফি কোর্সই করায় পাঠশালা। পেশাজীবী আর শখের ফটোগ্রাফার সবার জন্যই রয়েছে বিভিন্নভাবে ছবি তোলা শেখার ব্যবস্থা। শুধু দেশের সেরারাই নয়, দেশের বাইরের ফটোগ্রাফাররাও পাঠশালায় আসেন প্রশিক্ষণ দিতে। ছবি তোলা শেখানোর পাশাপাশি ২০১০ থেকে ভিডিও এডিটিং, টিভি রিপোর্টিং, প্রডিউসিং, টিভি ক্যামেরা বেসিক, মাল্টিমিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমসহ অনেক ধরনের প্রশিক্ষণের সুবিধা চালু হয়েছে পাঠশালায়।পাঠশালা থেকে যেকোনো বয়সী যে কেউ এসব প্রশিক্ষণ নিতে পারেন। যদিও তরুণ বয়সীরাই মূলত এখানে প্রশিক্ষণ নেন। এসব কোর্সে ভর্তি হওয়ার জন্য পাঠশালার নিজস্ব ওয়েবসাইটে চোখ (www.pathshala.net) রাখতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন কোর্সে শিক্ষার্থী চাওয়া হয়। যাঁরা এই পেশাতেই ক্যারিয়ার গড়তে চান, তাঁরা তো বটেই, যাঁরা শুধু শখের বশে ক্যামেরা হাতে নিয়েছেন, তাঁরাও কিন্তু এসব কোর্স করে রাখতে পারেন। সুন্দর কোনো মুহূর্ত শুধু মনে রাখার চেয়ে অনেক ভালো হবে সে মুহূর্তটাকে ক্যামেরার ফ্রেমে বন্দী করে রাখাটা, তাই নয় কি?