ক্যামেরায় প্রকৃতি ও জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়বড়ে বাঁশের ঘর। তাও আবার বেড়ার কিছু অংশ ভাঙা। এমন একটি শ্রেণিকক্ষে ঘুমন্ত শিশু কোলে নিয়ে পাঠদান করছেন শিক্ষিকা। ছবিটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘সেলন অব জাপান’ এ স্বর্ণপদক পুরস্কার পায়। প্রতিযোগিতার আয়োজক ‘দা অল জাপান অ্যাসোসিয়েশন অব ফটোগ্রাফিক সোসাইটি’ এবং আশাহি শিম্বুন পত্রিকা। ছবিটি তুলেছেন আলোকচিত্রী মোহাম্মদ নাসির উদ্দীন। নাসিরের এই ছবিটিসহ ৮৪টি আলোকচিত্রে মানুষ ও প্রকৃতির কথাই উঠে এসেছে।
নগরের জেলা শিল্পকলা একাডেমিতে ‘প্রকৃতি ও জীবনকথা’ শিরোনামে ২৬ মার্চ শেষ হয় মোহাম্মদ নাসির উদ্দীনের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী। নারীকণ্ঠ পত্রিকার সম্পাদক শাহরিয়ার ফারজানা সঞ্চালনায় প্রদর্শনীটির যৌথভাবে উদ্বোধন করেন আলোকচিত্রী শোয়েব ফারুকী ও প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার।
প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রে প্রকৃতি, শিক্ষা, অসাম্প্রদায়িকতা ও নারীর কর্মময় জীবনসহ নানা বিষয় উঠে এসেছে। তাঁর আলোকচিত্রে প্রকৃতিতে ছড়ানো রঙের বিন্যাস ও গল্পই যেন প্রধান হয়ে ওঠে। এ কারণেই তিনি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন।
প্রদর্শনীতে ঢুকতেই একটি ছবিতে চোখ আটকে যায়, থরে থরে মাটির ওপরে সাজানো হাঁড়ি। তার ওপরে কাদার প্রলেপ লাগিয়ে শুকাতে দিচ্ছেন দুই নারী। এমনি গ্রামীণ পরিবেশে সূর্যের আলোছায়ার নাটকীয় খেলা মুগ্ধ করেছে দর্শকদের।
নাসিরের ছবি দেখতে দেখতে মন কখনো সুদূরে ভেসে যায়, আবার কখনো গৃহস্থালির দৃশ্য-কব্যে আটকে থাকে। সাধারণ দৈনন্দিন জীবনের ছবি যেমন তিনি তুলে ধরেন, আবার তেমনি জীবনের বিশেষ মুহূর্তও মহিমান্বিত হয়ে ওঠে তাঁর ছবিতে।
তাঁর একটি ছবিতে দেখা যায়, পাহাড়ের মাঝখানে জুম ঘর। আকাশে হালকা নীল, কালো ও ধূসর রঙের মেঘের ওপর রংধনুর ছটা। এমনি পরিবেশে লাল রঙের থামি পরে মাথায় থুরং নিয়ে জুম থেকে ফিরছেন দুই নারী। সবুজ পাহাড় থেকে নেমে আসছে স্বচ্ছ জলের ধারা। সেই জলের ধারা বয়ে চলেছে ছোট-বড় পাথরের ওপর দিয়ে। প্রকৃতি যে নিজেই বড় শিল্পী সেই সহজ সত্য তুলে ধরেছেন মোহাম্মদ নাসির উদ্দীন।