ক্যাম্পাস! আমার প্রিয় ক্যাম্পাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এক অন্য রকম সকাল। একটু উত্তেজনা, অজানা শিহরণে শিহরিত হই বারবার। কেননা, আজ বিশ্ববিদ্যালয়ের পুরোনো সব শিক্ষার্থীর দেখা পাব। এমন ক্ষণের অপেক্ষায় কে না থাকে! বলছিলাম আহসান্উল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীর কথা। প্রতিষ্ঠার দীর্ঘ ১৫ বছর পর ৫ ফেব্রুয়ারি আহ্সানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়ে গেল তাদের প্রথম পুনর্মিলনী। সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আবেগপ্লুত হয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরেন। ফিরে যান সেসব রঙিন দিনগুলোয়। কেউ কেউ তাঁদের দলের প্রিয় বন্ধুটিকে খুঁজে বেড়ান। কেউ পেয়ে যান, কেউবা আশায় থাকেন। হয়তো বা আসবেন সেই প্রিয় বন্ধুটি। পুরোনো হয়েও তাঁদের নতুনভাবে চিনতে হয়েছিল এই ক্যাম্পাস। কারণ, বিশ্ববিদ্যালয়ের নতুন স্থায়ী ক্যাম্পাসে এটাই তাঁদের প্রথম পদচারণ। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী মাসুদ রশিদ স্মৃতিচারণা করেন এভাবে, ‘খুব সুন্দর, খুব ভালো লাগছে। কর্মব্যস্ততার মাঝেও সবাই যে সময় করে এসেছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, সত্যিই অন্য রকম অনুভূতি।’ মাহ্মুদুল হাসান ও নাজিয়া হাসান। দুজনই ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহপাঠী ও বন্ধু। কিন্তু আজ তাঁরা সহপাঠী হিসেবে নয়, এসেছেন দম্পতি হিসেবে। ‘দুই রকম অনুভূতি কাজ করছে। যখন সহপাঠী, বন্ধু হয়ে এই বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তখন এক রকম আর আজ দম্পতি হিসেবে অন্য রকম, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ বললেন এই সহপাঠী দম্পতি। আরেক প্রাক্তন শিক্ষার্থী পুরকৌশল বিভাগের শিক্ষক মো. মাশফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় যা দিয়েছে তার সামান্য ঋণও যদি শিক্ষকতা করে শোধ করতে পারতাম, তবে নিজেকে সার্থক মনে হতো। আসলে এই ঋণ শোধ করার নয়।’ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং ‘ডবল এ আর্কিটেক্টস’-এর উদ্যোক্তা আবদুল্লাহ আহ্সান খোকন বলেন, ‘খুবই অদ্ভুত লাগছে। প্রথমত, না পেয়ে, দ্বিতীয়ত পেয়ে।’ তিনি বলেন, ‘আজকের এই সুন্দর পরিচ্ছন্ন ক্যাম্পাস পাইনি, সুযোগ-সুবিধার ঘাটতি তো ছিলই, যেদিক দিয়ে বর্তমান শিক্ষার্থীরা অনেক এগিয়ে।’ স্মৃতিচারণা করতে গিয়ে ফিরে যান অতীতে, ‘এমনও সময় গেছে, আমরা শিক্ষকদের বাড়িতেই পুরো দিন কাটিয়ে দিতাম। আমার মনে হয়, শিক্ষার্থী-শিক্ষকের এই অন্তরঙ্গতা এখন কিছুটা হলেও কমেছে।’ হাসি-আনন্দ-উল্লাসে সরব হয়ে ওঠে ক্যাফেটেরিয়া। সিটেক্ট বাংলাদেশে কর্মরত প্রোগ্রামার ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবদুল্লাহ্ আল মারুফ বলেন, ‘কর্মক্ষেত্রে কারও না কারও সঙ্গে দেখা হলেও আজ অনেক দিন পর সব বন্ধু আবার একত্র হয়েছি। এ অনুভূতি যে কত সুন্দর, তা বোঝানো কঠিন।’ স্থাপত্য বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী অবন্তিকা সারা ইশরাত বারবার আক্ষেপ করছিলেন। আবার যদি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের দিনগুলোয় ফিরে যাওয়া যেত!বিভাগের করিডর, সিঁড়ির পাশে সেসব চেনা প্রিয়মুখ আজ আবার একসঙ্গে মেতেছে আনন্দ-উল্লাসে। অনেক দিন পর দেখা কিন্তু দেখে বোঝার উপায় নেই। ‘পুরোনো ক্যাম্পাসে তো এভাবে কখনো মজা করা হয়নি। জায়গায়ই তো ছিল সামান্য, মজা করব কী। কে যে কোন বিভাগে পড়ত, বোঝাই যেত না। কিন্তু আজকে সত্যিই সবকিছুই যেন অন্য রকম লাগছে। খুব ঈর্ষা হচ্ছে আবার ভালোও লাগছে আমাদের এই নতুন ক্যাম্পাস।’ বলছিলেন সফট্ওয়্যার প্রকৌশলী ও প্রাক্তন শিক্ষার্থী নাফিজ ইফতেখার। সুসজ্জিত ও পরিচ্ছন্ন ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল কিছু পরিচিত দৃশ্য। জানতে পারলাম ১৯ বছরের পুরোনো বন্ধুদের দলটি আজ আবার বসেছে এক টেবিলে। ডিরেক্টর অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ) অফিস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসাইন। সংসদ সদস্য এইচ ই রাশেদ খান মেনন ছিলেন প্রধান অতিথি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানকালীন উপাচার্য এম এইচ খান এবং ডিএসডব্লিউ অফিসের পরিচালক মো. আনোয়ারুল মোস্তফা। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় উপাচার্য আনোয়ার হোসাইন বলেন, ‘অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, প্রাক্তন শিক্ষার্থীদের নতুন ক্যাম্পাসটা দেখানো উচিত। এটা আমাদের নৈতিক দায়িত্বও। আজ আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। এই পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের উত্সব। তারাই যেন এই উত্সবকে রঙিন করে তোলে। প্রথম পুনর্মিলনী যেন ইতিহাস হয়ে থাকে সবার মাঝে।’এরই মধ্যে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, হই-হুল্লোড় সবকিছুকে ছাপিয়ে গেছে। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, স্মৃতিচারণা। প্রতিবছরই এমন পুনর্মিলনীর আশা ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফিরে যাওয়ার সময় হয়ে যায়। আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিতে শুরু করেন। এত সহজেই কি চলে আসা যায় প্রিয় সেই ক্যাম্পাস থেকে!