ক্যাম্পাস-প্রেমের সৌরজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসে একটি করে নতুন ব্যাচ। আর সেই নতুন ব্যাচে থাকে একজন করে জুলিয়েটের মতো বড় নক্ষত্র। যাদের ঘিরে ক্যাম্পাসে গড়ে ওঠে ছয়-সাতটি গ্রহের একটি করে সৌরজগৎ। তেমনই এক সৌরজগতের পরিচিতি তুলে ধরছেন কোনো এক সৌরজগতের সাবেক গ্রহ মোস্তফা মনোয়ার

জুলিয়েট: আমাদের সৌরজগতের মূল নক্ষত্র হলেন জুলিয়েট। বলা বাহুল্য, তিনি দারুণ সুন্দরী, তাঁর ফেসবুক আইডি আর ইনস্টাগ্রামে লাখো ফলোয়ার। একটু আহ্লাদ করে কথা বলেন। আমাদের পুরো সৌরজগতের সব গ্রহ (প্রেমপ্রার্থী) তাঁকে ঘিরে আবর্তিত হন। প্রতি গ্রহের এক পাশ থাকে জুলিয়েটকে পাওয়ার আশায় আলোকিত, সেই অংশে বিরাজ করে দিন। আরেক পাশ থাকে তাঁকে না পাওয়ার হতাশায় অন্ধকার, সেই অংশে রাত।

গ্রহ ১: জুলিয়েটের সবচেয়ে কাছের গ্রহ (পড়ুন প্রেমপ্রার্থী) তিনি। জুলিয়েটের চারপাশে দিনে ৫০ বার আবর্তন করেন। এই গ্রহ সাধারণত জুলিয়েটের সহপাঠী হয়ে থাকেন। তাঁরা জুলিয়েটের চারপাশে ঘুরতে থাকেন আর তাঁর ক্লাসনোট থেকে শুরু করে যা যা প্রয়োজন, তা সরবরাহ করেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই গ্রহরা বিগ ব্যাংয়ের পর থেকে মানে ১৩ দশমিক ৭ বিলিয়ন বছর ধরেই আছে ভাইজোনডে (BhaiZoned); মানে তাঁরা জুলিয়েটের কাছে ‘ভাই’য়ের মতো।

 গ্রহ ২: এঁরা জুলিয়েটের দ্বিতীয় নিকটবর্তী গ্রহ। জুলিয়েটকে এঁরা প্রতিদিন ২৫ বার করে আবর্তন করেন। এঁরাও জুলিয়েটের সহপাঠী, জুলিয়েটের আলোয় আলোকিত। তবে গ্রহ ১-এর কারণে পাত্তা পান কম। তবে গ্রহ ১ আর গ্রহ ২-এর মধ্যে কিছু মিল থাকে। গ্রহ ১-এর মতো গ্রহ ২-ও বিগ ব্যাংয়ের পর থেকে আছেন ভাইজোনডে।

গ্রহ ৩: এঁরা সৌরজগতের তৃতীয় গ্রহের মতোই। এঁরা জুলিয়েটের সহপাঠী নন। তাই জুলিয়েটকে দিনে বেশিবার আবর্তন করতে পারেন না। তবে ক্লাসের বাইরে, ক্যাফেতে, ক্যাম্পাসের অন্যান্য জায়গায় সব মিলিয়ে দিনে তিন থেকে চারবার আবর্তন করেন নিয়মিত।

 গ্রহ ৪: এঁরা সৌরজগতের চতুর্থ গ্রহ (প্রেমপ্রার্থী) এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। কারণ, তাঁদেরই আছে জুলিয়েটের সঙ্গে প্রেম করার জন্য উপযুক্ত পরিবেশ, অর্থাৎ প্রেমহাওয়া, প্রেমমণ্ডল। আর এঁরাও জুলিয়েটের আলোয় আলোকিত। এঁরা জুলিয়েটের ব্যাচমেট থেকে ক্যাম্পাসের বড় ভাই—যে কেউ হতে পারেন। এঁরা দিনে কমপক্ষে একবার জুলিয়েটকে আবর্তন করেন। এক সৌরদিনে একবার হলেও ফেসবুকের মাধ্যমে জুলিয়েটকে ঘিরে আবর্তন করেন প্রায় হাজার বার। ক্যাম্পাসে কানাঘুষা চলে যে, জুলিয়েটের সঙ্গে গ্রহ ৪-এর নাকি ফেসবুকে নিয়মিত কথাও হয়।

 গ্রহ ৫: সৌরজগতের পঞ্চম গ্রহ। এঁরা সাধারণত জুলিয়েটের সিনিয়র ব্যাচের কোনো প্রেমপ্রার্থী বড় ভাই। এঁরা দিনে সাধারণত ২০ থেকে ৩০ বার জুলিয়েটের চারপাশে পরিক্রমণ করেন। জুলিয়েটের চারপাশে লাটিমের মতো ঘোরেন এবং জুলিয়েটের দিনকাল কেমন চলছে, কোনো ব্যাপারে সাহায্য লাগবে কি না ইত্যাদি জানারও চেষ্টা করেন। ফেসবুকে জুলিয়েটের সঙ্গে গ্রহ ৫-ও যুক্ত আছেন।

গ্রহ ৬: ক্যাম্পাস সৌরজগতের ষষ্ঠ গ্রহ। এঁরা জুলিয়েটদের দুই কি তিন ব্যাচ সিনিয়র হন। জুলিয়েটকে ঘিরে দু-তিন দিনে একবার করে আবর্তন করেন সামনাসামনি, কিন্তু ফেসবুকে দিন-রাত জুলিয়েটের টাইমলাইনে পড়ে থাকেন। জুলিয়েটের প্রতিটা পোস্টে লাভ রিঅ্যাকশন দেন। এখানে উল্লেখযোগ্য, গ্রহ ৬-রা তিন থেকে চারবার রিকোয়েস্ট পাঠানোর পর জুলিয়েট তাঁদের আলো দিতে মানে ফ্রেন্ডলিস্টে রাখতে রাজি হন।

গ্রহ ৭: সৌরজগতের সপ্তম ও শেষ গ্রহ। তিন-চার দিনে একবার করে জুলিয়েটকে ঘিরে আবর্তন করেন। ফেসবুকে অনেকবার রিকোয়েস্ট-মেসেজ পাঠানোর পরও জুলিয়েট তাঁর রিকোয়েস্ট একসেপ্ট করেন না। তারপরও গ্রহ ৭ জুলিয়েটকে ঘিরে ঘুরতেই থাকেন, যদিও জুলিয়েটের আলো তাঁর কাছে কখনোই পৌঁছায় না।