ক্যাম্পাস মাতিয়ে রাখেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিভুজকর্মীদের পরিবেশনা। ছবি: সংগৃহীত
ত্রিভুজকর্মীদের পরিবেশনা। ছবি: সংগৃহীত

সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্লাস। মাঝে মাত্র দেড় ঘণ্টার বিরতি। রাতে থাকে ব্যবহারিক খাতা লেখা, নয়তো অ্যাসাইনমেন্টের চাপ। এর ফাঁকেই আবার মাঠ কিংবা খামারে গিয়ে কাজ করতে হয়। সপ্তাহের পাঁচটা দিন এভাবেই কাটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের। এত কিছুর মধ্যে ক্যাম্পাসে খেলাধুলা কিংবা বিনোদনের জন্য সময় বের করাই দায়।

তাই বলে সাংস্কৃতিক কার্যক্রমে যাঁদের ঝোঁক আছে, তাঁরা তো আর দমে যাওয়ার পাত্র নন। নানা আয়োজনে বছরজুড়ে ক্যাম্পাস মাতিয়ে রাখেন তাঁরা। বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন আছে বাকৃবিতে। তবে বিশেষ করে বলতে হয় অঙ্কুর, ত্রিভুজ ও পদচিহ্নের নাম। এদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২ হাজারের বেশি আসনবিশিষ্ট শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক দাঁড়িয়েই অনুষ্ঠান উপভোগ করেন।

ক্যাম্পাসে পদচিহ্নের মঞ্চায়িত নাটক
ক্যাম্পাসে পদচিহ্নের মঞ্চায়িত নাটক

২০০০ সালের ২১ অক্টোবর ‘শুদ্ধ নান্দনিকতায় সংস্কৃতির বিকাশ’ মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠিত হয় অঙ্কুর সাংস্কৃতিক সংগঠন। এরপর ‘প্রজেকশন’ নামে ১২টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। ২০১১ সালে নেপাল ও বাংলাদেশের যৌথ আয়োজনে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর’ নামে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল অঙ্কুর। বছরে আরও দুটি নিয়মিত অনুষ্ঠান করে থাকেন সংগঠনের সদস্যরা। অঙ্কুরের কর্মী সামিউল বলেন, ‘বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করায় যে আনন্দ, অনুষ্ঠানের পেছনের কর্মযজ্ঞে থাকতে পারার আনন্দ তার চেয়ে ঢের বেশি। সবচেয়ে উপভোগ্য হলো রিহার্সাল। সবাই মিলে রিহার্সাল করার মজাই অন্য রকম।’

অঙ্কুরের আরেক কর্মী আব্দুর রহিম বললেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চেষ্টা করি। নাচ, গান, অভিনয়, আবৃত্তি ইত্যাদির মাধ্যমে দর্শককে আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের অসংগতি এবং এ থেকে উত্তরণের দিকগুলোকে প্রাধান্য দেওয়া হয়। যেন মানুষের ভাবনায় পরিবর্তন আসে।’

‘সুপ্তকে বিকশিত করাই আমাদের লক্ষ্য’ স্লোগানে ২০০৩ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে ত্রিভুজ। শুরুটা ১৪ এপ্রিলে বলেই প্রতি পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা ও ক্যাম্পাসের বৈশাখী মেলার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রতিবছর ‘ত্রয়ী’ নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুশীলন চলে মাসব্যাপী। ত্রিভুজের সাধারণ সম্পাদক অনিক মেহফুজ বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আমরা বনভোজন, নৌকাভ্রমণ ও বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিই। মহড়া করতে গিয়ে কত অদ্ভুত সব অভিজ্ঞতা যে হয়। একবার ভূত নিয়ে একটা অনুষ্ঠান করতে গিয়ে আমরা নিজেরাই ভয় পেয়ে গিয়েছিলাম।’

ফানুস উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব উদ্যাপন করেছিলেন অঙ্কুরের কর্মীরা
ফানুস উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব উদ্যাপন করেছিলেন অঙ্কুরের কর্মীরা

ত্রিভুজের কর্মী তারিফ বিন ওয়ালী ও সিফাত আরা ইসলামের গাওয়া ‘দীপান্বিতা’ গানটি ক্যাম্পাসে বেশ সাড়া ফেলেছে। তারিফ বলেন, ‘ত্রিভুজ কর্মীদের নিয়ে তৈরি নাটক সরি দীপান্বিতাও জনপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ আরও করার ইচ্ছা আছে।’ ত্রিভুজকর্মী সরাজ দেব এখন নিজেই নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইত্যাদি পরিচালনা করছেন।

আরেক সাংস্কৃতিক সংগঠন পদচিহ্নের প্রতিষ্ঠা ১৯৯৮ সালে। শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন দিয়ে একেকটি অনুষ্ঠান তৈরি করেন। পদচিহ্নের আয়োজনে সবচেয়ে বড় ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি’। এ বছর ‘যদি’র ১৮তম পর্ব অনুষ্ঠিত হবে। পদচিহ্নের কর্মী তানভীর মেহেদী বললেন, ‘দুই বছর আগে আমরা একটা নাটক মঞ্চস্থ করেছিলাম, যেখানে একটা মেয়ের অভিনয় করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের দিন দেখা গেল, কোনো কারণে মেয়েটা আসতে পারছে না। তড়িঘড়ি করে সংগঠনের একটা ছেলেকে মেয়ে সাজিয়ে আমরা ঠিকই নাটক মঞ্চস্থ করেছিলাম। এমন কত মজার মজার ঘটনা যে আছে আমাদের ঝুলিতে।’

বছরজুড়ে এসব আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার একঘেয়েমি দূর করে। মজার ব্যাপার হলো, এতগুলো সাংস্কৃতিক সংগঠন, একেক সংগঠনের আয়োজন একেক রকম। কারও সঙ্গে কারও তুলনা চলে না। এই তিনটি ছাড়াও বিনোদন সংঘ, কম্পাস, চারণ, উদীচী, প্রতিধ্বনি এবং বিভিন্ন অঞ্চল সমিতি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।