চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রাজনীতিতে হঠাৎ বেকায়দায় পড়েছে ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদ শাখার নেতাদের গ্রেপ্তারের ফলে গুটিয়ে গেছে সাংগঠনিক কার্যক্রম। এ ছাড়া আবাসিক হলগুলোতে পুলিশের নিয়মিত তল্লাশির কারণে দাঁড়াতেই পারছে না দলটির নেতা-কর্মীরা।জানা যায়, দেশের বিভিন্ন স্থানে শিবিরের কর্মকাণ্ডের ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রামসহ শিবিরের বিভিন্ন শাখার শীর্ষ পর্যায়ের নেতাদের আটক করেছে পুলিশ। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। একটি গোয়েন্দা সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ক্যাম্পাসে শিবিরের কর্মকাণ্ডের ওপর বিশেষ নজরদারি রয়েছে। সংগঠনটির সকল কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।’ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের দুইটি হলে তল্লাশি চালায় পুলিশ। এ তল্লাশি অভিযানে পুলিশকে সহয়তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও শাহজালাল হলে দুই দফা তল্লাশি চালিয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ ৫০ জনকে আটক করে। এ ছাড়া গত ২২ সেপ্টেম্বর রাতে সোহরাওয়ার্দী হল থেকে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ।বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অব্যাহত ধরপাকড়ের কারণে সাংগঠনিক কার্যক্রমে সমস্যার সৃষ্টি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোস্তফা শাকেরুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অন্যায়ভাবে ধরপাকড়ের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।’ এদিকে, গত রোববার ছাত্রশিবিরের শাহজালাল হল শাখার ২৬ নেতা-কর্মীকে হলে তাঁদের নিজেদের কক্ষে উঠতে দেয়নি বলে অভিযোগ করেছেন মোস্তফা শাকেরুল্লাহ। তিনি বলেন, ‘হলে আসনপ্রাপ্ত আমাদের নেতা-কর্মীরা নিজেদের কক্ষে উঠতে পারেননি। তবে হল কর্তৃপক্ষ পরে তাঁদের নিজেদের আসনে তুলে দেওয়ার আশ্বাস দিয়েছে।’ক্যাম্পাস-রাজনীতিতে সংগঠনের বর্তমান অবস্থান তুলে ধরে কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘দফায় দফায় নেতা-কর্মীদের আটক করার কারণে সংগঠনের সাময়িকভাবে ক্ষতি হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় আমরা নীরব ভূমিকা পালন করছি। তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’তিনি অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ অবৈধ ফায়দা লুটছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের অবৈধ সুযোগ-সুবিধা দিচ্ছে।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসিম হাসান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। এ জন্য কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে পুলিশ বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সামনেও এ ধারা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর রাতে শাহজালাল হলে একটি কক্ষে ছাত্র ওঠানোকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ হলে তল্লাশি চালিয়ে শিবিরের হল শাখার সাধারণ সম্পাদক, ব্যবসায় প্রশাসন অনুষদের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ৪২ জনকে আটক করে। এর মধ্যে পরে ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়।এ ছাড়া ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সোহরাওয়ার্দী হলে টেলিভিশন দেখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ হলে তল্লাশি চালিয়ে অবৈধভাবে থাকার দায়ে শিবিরের কলা অনুষদের সভাপতিসহ আটজন নেতা-কর্মীকে আটক করে। ক্যাম্পাসে শিবিরের বর্তমান অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার দুই সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ও মোহাম্মদ রুবাইয়াত হোসাইন বলেন, ‘দেশ ও ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতিতে ছাত্রশিবিরের অবস্থান আগের তুলনায় অনেক নড়বড়ে। তার পরও হলগুলোয় অবৈধভাবে অবস্থান করে শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন।’